বর্তমান সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটছে একের পর এক দুর্ঘটনা। বিদ্যা নিবেদনে নিয়োজিত বিদ্যানিকেতনে ঘটে চলা বীভৎস সব ঘটনা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। ছিনতাই-চাঁদাবাজি, শ্লীলতাহানি, অবশেষে কখনো কখনো ধর্ষণের মতো ঘটনাও ঘটছে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে। এসবের সাথে জড়িত প্রথম শ্রেণির মেধাবীরা অর্থাৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত তরুণ যারা তাদের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্বায়নের মঞ্চ থেকে।
কিছু ঘটনা প্রকাশ পায়, অধিকাংশই অপ্রকাশিত রয়ে যায়। এ সমাজে প্রকাশিত অপরাধই কেবল অপরাধ, অপ্রকাশিত অপরাধ কোনো অপরাধ নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন অনিরাপদ হয়ে উঠে, তখন এ সহজেই অনুমেয় যে- স্বয়ং রাষ্ট্রই অনিরাপদ।
একটা বিশ্ববিদ্যালয়- যেখানে গবেষণা হবে, পড়াশোনা হবে, সহপাঠীদের তুমুল আড্ডা হবে, মতাদর্শের ভিন্নতা থাকবে, চিন্তার বৈচিত্র্য থাকবে, নানান শ্রেণি পেশার মানুষের আগমন ঘটবে, তরুণ-তরুণীর প্রেম থাকবে, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচি থাকবে। যার যেটা ভালো লাগবে, সে সেখানে অংশগ্রহণ করবে। কারো অধিকার নেই হস্তক্ষেপ করার, এখানে হস্তক্ষেপ করা অর্থ হলো- নাশকতা। তরুণ বয়সে প্রেমে পড়ার চেয়ে সুন্দর কিছু নেই, বড়ো অর্জনও বোধহয় আর নেই। দুজন প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে একজন অন্যজনের প্রতি অনুরক্ত, তারা তাদের প্রাইভেসি বজায় রেখে ক্যাম্পাসের কোনো এক নিরালা জায়গায় গিয়ে একান্ত সময় যদি কাটায়, স্বেচ্ছায় বা অনিচ্ছায় সেখানে গিয়ে তদারকি করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? ‘আপনারা কি ক্যাম্পাসের!’- এই প্রশ্ন করার-ই-বা আপনি কে?
বিশ্ববিদ্যালয় প্রশাসন কী আপনাদের এই ক্ষমতা অর্পণ করেছে? তাহলে? একটা সময় ছিল, ছাত্র রাজনীতির সাথে যেসব শিক্ষার্থী সম্পৃক্ত থাকতো, তারা ক্ষমতার অপব্যবহার করে ছিনতাই-চাঁদাবাজিসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হতো কিন্তু এখন তা রাজনৈতিক নেতাদের মাঝেই কেবল সীমাবদ্ধ নেই, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অতি সাধারণ ঘটনা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। সাধারণ শিক্ষাথীরাও ইদানীং হরহামেশা বহিরাগতদের হেনস্তা করে, ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের শামিল হয়। বস্তুত অপসংস্কৃতি দীর্ঘদিন চলতে থাকলে তা একসময় প্রথায় পরিণত হয়। বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক নারীকে বিবস্ত্র করা হয়। এছাড়া টিএসসির একটি কক্ষে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে গণমাধ্যমে অভিযোগ উঠে।
সোহরাওয়ার্দী উদ্যান সন্ধ্যার পর ছিনতাইকারীদের দখলে চলে যায়, প্রায়ই ছিনতাইকারীর তালিকায় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার ছেলেবন্ধু ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন এলাকায় রাতের বেলা যৌন হয়রানির শিকার হয় একই বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র দ্বারা। তাদের থেকে মানিব্যাগ, মোবাইল ফোন নিয়ে নেয়া হয়, এখানেই শেষ নয়, করা হয় শারীরিক জখম এবং লাঞ্ছনা। একপর্যায়ে ছাত্রীটিকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করাসহ ভিডিও ধারণ করে রাখে বখাটে ছাত্ররা। তবে এখন আর ছাত্র, অছাত্র, বাম, ডান, বৈধ, অবৈধ, ক্রিয়াশীল, প্রতিক্রিয়াশীল নেই। এমন হীন মানসিকতা প্রায় সকল শিক্ষার্থীদের মধ্যে নদীর জলধারার মতো সমান গতিতে প্রবাহমান। ২০২০ সালের ঘটনাটি মনে নেই?
স্বামীর সঙ্গে সিলেটের শাহপরান মাজারে বেড়াতে গিয়ে বালুচর এলাকার মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ধর্ষণের শিকার হয় এক গৃহবধূ। স্বামীর সামনেই গাড়ির ভেতর সংঘবদ্ধভাবে তরুণীকে ধর্ষণ করে ছয়জন ছাত্র, কলেজের শাখা ছাত্রলীগের সঙ্গে তারা সম্পৃক্ত বলে জানা যায়। এই ঘটনার সাথে সাদৃশ্য- সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ধর্ষণকাণ্ডের মতো অভিযোগ। বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠে, ধর্ষণ করে এক ছাত্রলীগ নেতা। উত্তপ্ত হয়ে যায় ক্যাম্পাস।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যৌবনে এখানে ভর্তি হতে পারা নিঃসন্দেহে একটা আশীর্বাদ। তৃতীয় বিশ্বের একটি দেশ যেখানে উগ্রতা, রুচির সংকীর্ণতা, দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা, লিঙ্গ বৈষম্য, ধর্মীয় বিভাজন, বর্ণবাদ, প্রতিক্রিয়াশীলতা মানুষের রক্তে লোহিত রক্ত কণিকার মতো অবস্থান করে, সেখানে গর্ব করার মতো এক টুকরো জাহাঙ্গীরনগর এখনো হয়তো অবশিষ্ট রয়েছে, এখানকার মেয়েরা সন্ধ্যার পর একা বের হতে পারে নির্বিঘ্নে, সাইকেলিং করতে পারে যা সারা দেশে কল্পনা করা দুরূহ বিষয়।
ক্যাম্পাসের সিনিয়র এবং জুনিয়রের সম্পর্ক ঈর্ষান্বিত আকাশ ছোঁয়া, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ একই রুমে, একই আবাসিক হলে অবস্থান করে। রয়েছে এক ঐতিহাসিক ইতিহাস-১৯৯৮ সালের আগস্ট মাসে এই ক্যাম্পাসেই শুরু হয় ধর্ষণবিরোধী আন্দোলন যার পরের বছর ধর্ষকমুক্ত, নারীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। যার পরিপ্রেক্ষিতে সমস্ত কর্মপ্রতিষ্ঠানে উচ্চ আদালতের নির্দেশ সাপেক্ষে প্রণিত হয় নারীর প্রতি সহিংসতা রোধে ‘যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা।’ বাংলাদেশে নারীর প্রতি সমস্ত বৈষম্যের বিরুদ্ধে প্রথম আওয়াজ এই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম তোলা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা এমন এক পরিবেশে তাদের তারুণ্যের এক দীর্ঘ সময় বিনিয়োগ করে, তাতে আমার বিশ্বাস- এখানকার শিক্ষার্থীরা চিন্তা ও মননের দিক থেকে হলে হবে- দুর্দান্ত প্রগতিশীল, আর যদি তা না হয় তবে হবে- ভয়ংকর কপট।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজে জবাবদিহিতা নেই, কেন নেই? তারা বিশ্ববিদ্যালয়ে কী পড়ায়? কী শেখায় শিক্ষার্থীদের? এটেনডেন্স মার্কস না থাকলে কত শতাংশ শিক্ষার্থী স্বপ্রণোদিত হয়ে তাদের ক্লাসে উপস্থিত হতো- সেই প্রশ্নের উত্তর অমীমাংসিতই রয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে গঠনমূলক ছাত্র রাজনীতি এবং ছাত্র প্রতিনিধি কখনোই একটা প্লাটফর্ম হয়ে দাঁড়াতে পারেনি, বলা যায়- দাঁড়াতে দেয়া হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন হয় না, হল কমিটি নেই, ছাত্র প্রতিনিধি নেই। ডানপন্থি ছাত্ররা রাজনীতি বলতে বুঝে- আবাসিক হলের রুম দখল আর ফ্রিতে খাওয়া, বাকির খাতা লম্বা করার একচ্ছত্র আদিপত্য। এখানে যা দেখা যায় তা বরাবরই শিক্ষক রাজনীতি। যদিও শিক্ষক রাজনীতি বলতে- বিভাজনের রাজনীতি, দ্বন্দ্বের রাজনীতি, ব্যক্তি স্বাার্থের রাজনীতি, পদ-পদবির রাজনীতি। এই যে ধর্ষণের মতো ঘটনা ঘটল? এ কি হুট করেই সংঘটিত হয়েছে, নিশ্চয়ই না। জন্মের পর মানুষ যেমন একদিনে কথা বলতে পারে না, তদ্রুপ একদিনে দুর্ধর্ষ অপরাধ সংঘটিত হওয়া সম্ভব নয়। এটি একটি ধারাবহিক প্রক্রিয়া। একের অধিক ছোট ছোট সংঘটিত অপরাধ জমা হয়ে গেলে তা একসময় বড়ো অপরাধ করতে প্রণোদনা দেয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর যাবত এমন শত শত চুরি, ছিনতাই, রাহাজানি, বø্যাকমেইল, শ্লীলতাহানী, যৌন হয়রানির মতো ঘটনা ঘটেছে, পত্র-পত্রিকায় ছবিসহ নিউজ হয়েছে কিন্তু প্রশাসন কাঠের পুতুলের মতো নির্জীব ভ‚মিকা পালন করেছে সদা সর্বত্র। কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি। বিচারহীনতার সংস্কৃতি আজকের এই ধর্ষণকাণ্ডের জন্য দায়ী নয়? জাহাঙ্গীরনগর দেখতে যত সুন্দর, এর প্রত্যেক পরতে পরতে অসুন্দরের বসবাস। একজন শিক্ষার্থীর স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ একুশ বছরের মধ্যে সম্পন্ন হওয়া আবশ্যক। একুশ বছরের মধ্যে সার্টিফিকেট হাতে ধরিয়ে দিতে না পারলে এ তরুণ প্রজš§কে কখনোই জাতির উপকারে ব্যবহার করা যাবে না, সুস্থ জাতির বিরুদ্ধে পরিচালিত হবে। আমি এমন কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চিনি, যাদের সিজিপিএ না থাকলে জীবনে উল্লেখযোগ্য কিছু করে জীবন নির্বাহ করতে পারত না। অথচ তাদের হাত ধরেই এ দেশের এক বিশাল তরুণ সমাজ ভবিষ্যৎ নেতৃত্ব দেয়ার জন্য এগিয়ে যাচ্ছে।
সংকীর্ণতা এবং উদারতা ক্লাস রুম থেকেই ছড়ায়, নির্ভর করে ক্লাসরুমের পরিবেশের উপর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রের বিরুদ্ধেই কেবল ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তা নয়, এখানে নিয়োজিত কয়েক শিক্ষকের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। মানুষ যে-সকল কর্মকাণ্ড করে আনন্দ পায়, সে-সবের অধিকাংশই পৈশাচিক, অসভ্য, অসামাজিক, অপ্রাসঙ্গিক এবং অশ্লীল। শ্লীলতা বিষয় মানুষকে খুব একটা আন্দোলিত করতে পারে না। এমনই এক পৈশাচিক আনন্দের আবহাওয়া নির্মাণ করে রেখেছে- প্রথম বর্ষের শিক্ষার্থীর উপর র্যাগিং কালচার। গেস্টরুমের নামে চলে মানসিক নির্যাতন, কখনো কখনো তা শারীরিক নির্যাতনে রূপ নেয়।
গেস্টরুমে সভ্যতার কোনো বালাই নেই, শেখানো হয় না সিনিয়র মানে জীবনদশায় সে সর্বত্রই সিনিয়র, শেখানো হয় না নারীর স্পর্শ মানেই তা আবেদনময়ী নয়, শেখানো হয় না ব্যক্তিত্ব, শালীনতা, সহনশীলতা, সাংস্কৃতিক ও মননশীল উৎকর্ষতা, তদুপরি বিশ্ববিদ্যালয় এই শব্দের প্রকৃত অর্থ; বরং ম্যানার শেখানোর নামে শেখানো হয় মানসিক হয়রানি- ইভটিজিং, শেখানো হয় সংকীর্ণতা, শেখানো হয় বডি সেইমিং, শেখানো হয় অত্যন্ত নোংরাখিস্তি এবং ক্ষমতার উল্লাস, মাদক সেবনসহ চক্ষু দানের বিভিন্ন বিধি-বিধান এবং শেখানো হয় জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো পড়াশোনা না করে কীভাবে হাওয়ায় উড়াতে হয় এবং হতাশায় বুদ হয়ে থাকতে হয় অবশেষে। এমন শিক্ষার্থীর কাছ থেকে চুরি-ছিনতাই-চাঁদাবাজি-ধর্ষণ ছাড়া আর কী আশা করা যায়? আজকেই এই বীভৎস ঘটনার পেছনে কোনো পক্ষ কী দায় এড়াতে পারে? নিশ্চয়ই সেই সুযোগ নেই! শিক্ষা থেকে শিক্ষক, শিক্ষক থেকে ক্লাসরুম, ক্লাসরুম থেকে আবাসিক হল, আবাসিক হল থেকে রাজনৈতিক পরিবেশ সকলেই দায় কাঁধে নিতে বাধ্য থাকবে। এ এক আত্মঘাতী পরিবেশ। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কারো কারো জীবনে অভিশাপ, উচ্চ শিক্ষা কারো কারো জীবনে শুকিয়ে যাওয়া মৃতপ্রায় যৌবন, কারো কারো কাছে বীভৎস পরিস্থিতির সাক্ষ্য এবং কারো কাছে জীবনের অর্থ উপার্জনের একমাত্র মূলমন্ত্র।
লেখক: কবি, লেখক, কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

