আমাদের প্রাত্যহিক জীবনে বহুল ব্যবহূত দ্রব্যাদির মধ্যে প্লাস্টিক সামগ্রী অন্যতম। নমনীয়, দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় বলে প্লাস্টিকের তৈরি পণ্য আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। প্লাস্টিক মূলত কৃত্রিমভাবে তৈরি একটি পলিমার। আবিষ্কৃত হওয়ার পর থেকেই এর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে প্লাস্টিক আমাদের জন্য আশীর্বাদ হলেও এর দূষণ কিন্তু ধীরে ধীরে আমাদেরকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।
বর্তমানে আমাদের জীবন যেনো প্লাস্টিক পণ্য ছাড়া কল্পনাতীত। প্লাস্টিক মানবজীবনকে সহজ থেকে সহজতর করলেও এর যথেচ্ছ ব্যবহারের কারণে পৃথিবীর সর্বত্র প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে প্রায় সকল ধরনের মোড়ক ও বোতল প্লাস্টিকের তৈরি। আর এসব ব্যবহূত প্লাস্টিকের কিছু অংশ রিসাইকেল করা হলেও বেশিরভাগই মাত্র একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। যা বর্জ্য হিসেবে পরিবেশে ছড়িয়ে পড়ে। এসব প্লাস্টিক বর্জ্য মানুষ, উদ্ভিদ ও জলজ প্রাণীর বাসস্থান ও খাদ্য সংগ্রহের পথে বাধার সৃষ্টি করে। বলা চলে মানুষের অসচেতনতাই প্লাস্টিক দূষণের অন্যতম প্রধান কারণ।
প্লাস্টিক দূষণের নেতিবাচক প্রভাব ইতোমধ্যেই জীব-জগতের ওপর পড়তে শুরু করেছে। প্লাস্টিক দূষণের ফলে ক্রমান্বয়ে পৃথিবী হয়ে উঠছে বসবাসের অনুপযোগী। প্রতিবছর বিশ্বে প্রায় ৪৫ কোটি টন প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোতে এর অভাব পরিলক্ষিত হয়। বিশেষ করে এশিয়ার দেশগুলো বিশ্বের ৫১ শতাংশ প্লাস্টিক দূষণকারী। আর প্লাস্টিক দূষণকারী সেসব দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে।
প্লাস্টিকজাত দ্রব্যের মধ্যে একবার ব্যবহারযোগ্য পণ্য থেকে দীর্ঘস্থায়ী পণ্য, সবই পরিবেশে ক্ষতিকর অবদান রাখে। বিশেষ করে প্লাস্টিক বা পলিথিন ব্যাগ, বোতল, স্ট্র ইত্যাদি একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। বর্জ্য অব্যবস্থাপনার ফলে সেগুলো গিয়ে জমা হয় ভাগাড়ে। এছাড়া প্রতিনিয়ত প্লাস্টিক বর্জ্যের একটি বিশাল অংশ গিয়ে জমা হয় জলাশয়গুলোতে। একটু লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায়, আমাদের দেশে নদী, খাল ও জলাশয়গুলো প্লাস্টিক বর্জ্যে ভরপুর। এমনকি কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ফেলা প্লাস্টিক বর্জ্য সমুদ্রের সৌন্দর্যকে নষ্ট করছে এবং পরিবেশকে করে তুলছে দূষিত।
এসব প্লাস্টিক বর্জ্য পচতে সাধারণত কয়েকশ বছর সময় লাগে। যা সামুদ্রিক প্রাণীদের জন্য বড় ধরনের হুমকিস্বরূপ। কেন না তারা প্রায়ই খাবার ভেবে ভুল করে প্লাস্টিক খেয়ে ফেলে। তাছাড়া বিভিন্ন সময় দেখা যায় সামুদ্রিক প্রাণীরা প্লাস্টিকে আটকা পড়ে মারা যায়। জাতিসংঘের পরিবেশ প্রোগ্রামের (ইউএনইপি) পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর ৮ মিলিয়নেরও বেশি মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে প্রবেশ করে। এই প্লাস্টিক বর্জ্যের কারণে দিন দিন সমুদ্র দূষণ প্রকট আকার ধারণ করছে।
প্লাস্টিক বর্জ্য পচনে প্রায় ৪০০ বছর সময় লেগে যায়। তারপরও এটি নিঃশেষ না হয়ে, বরং বিভাজিত হয়ে অতি ক্ষুদ্রাংশে পরিণত হয়। যাকে ন্যানো বা মাইক্রোপ্লাস্টিক বলা হয়। ৫ মিলিমিটারের চেয়েও কম আকারের এই পদার্থ মাটি, সমুদ্র ও বায়ু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ছোট ছোট কণাগুলো খাদ্য ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এই ক্ষতিকর পদার্থ হরমোনজনিত পরিবর্তন ঘটিয়ে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি ব্যাহত করতে পারে। কোষের জীনগত পরিবর্তন ঘটিয়ে ঝুঁকি তৈরি করে ক্যানসারসহ নানা ধরনের রোগের। এছাড়াও স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের নানা রোগ সৃষ্টি করতে পারে। ক্লোরিনযুক্ত প্লাস্টিক বিষাক্ত রাসায়নিক নির্গত করে থাকে। যা ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠীয় পানির সঙ্গে মিশে তা দূষিত করে দেয়। ফলে এই বিষাক্ত পদার্থগুলো পানি গ্রহণের সময় আমাদের খাদ্যচক্রে ঢুকে পড়ে।
প্লাস্টিক বর্জ্য মাটি দূষণেও বিরাট ভূমিকা রাখে। এর কারণে মাটির উর্বরতা কমে যায় এবং ফসল উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয়। প্লাস্টিক বর্জ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে জীব ও উদ্ভিদ উভয়েই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমরা সাধারণত প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেলি। আর তা পোড়ানোর ফলে পরিবেশে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক মিশে যায়, যা প্রচুর পরিমাণে বায়ু দূষণ ঘটায়। এছাড়াও প্লাস্টিক উৎপাদনের ক্ষেত্রে এর কাঁচামাল ইথিলিন ও প্রোপিলিন পেতে জীবাশ্ম জালানি, প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল ইত্যাদি নিষ্কাশন করা হয়। ফলে বায়ু ও পানি উভয়ই দূষিত হয় এবং এর থেকে নির্গত গ্রিনহাউজ গ্যাসের কারণে জলবায়ুর পরিবর্তন ঘটে।
বর্তমানে যেহেতু প্লাস্টিকের তৈরি বিভিন্ন দ্রব্য ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায়না, তাই প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ বা পরিহার করে চলা সম্ভব নয়। তবে দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার মাধ্যমে তা কমানো যেতে পারে। এজন্য সবার আগে পলিথিন বা প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। কেন না প্লাস্টিক বা পলিথিন ব্যাগ পরিবেশ দূষণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। তাই পলিথিনের বিকল্প হিসেবে কাগজ, পাট বা প্রাকৃতিক তন্তুর তৈরি ব্যাগের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। পাশাপাশি পলিথিন ও প্লাস্টিক দ্রব্যসহ সকল ধরনের বর্জ্যের জন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি এবং যত্রতত্র বর্জ্য না ফেলার জন্য জনসাধারণকে উৎসাহিত করতে হবে।
সর্বপরি, উন্নত দেশগুলোর সাথে সমন্বয় করে আমাদের দেশেও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকল্পে যাবতীয় পদক্ষেপ গ্রহণ ও সঠিক বাস্তবায়ন আরও জোরদার করা উচিত।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

