স্বাস্থ্য সেবা বা চিকিৎসা পাওয়া মানুষের অন্যতম মৌলিক অধিকার। এটি বাস্তবায়নের পূর্বশর্ত হলো দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক। আর চিকিৎসক তৈরির কাজ করে থাকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলো। দেশের বেসরকারি কলেজে শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের মান নিয়ে নানা মহলে প্রশ্ন থাকলেও অনেকটা আস্থা ধরে রেখেছে সরকারি মেডিকেল কলেজগুলো।
বর্তমানে প্রতি বছর চার হাজার ৩৫০ জন দেশসেরা মেধাবী শিক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হন। তবে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় এসব মেডিকেল কলেজে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এমনকি পদায়নের পরেও কর্মস্থলে যোগদান নিশ্চিতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ।
মেডিকেল কলেজগুলোতে চার পদের শিক্ষক থাকেন। প্রতিটি বিভাগে সর্বোচ্চ এক বা একাধিক অধ্যাপক, এরপর সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের শিক্ষকরা থাকেন। তবে এসব পদের প্রায় সবকটিতেই শিক্ষক সংকটে ভুগছে সরকারি মেডিকেল কলেজগুলো। দেশের মেডিকেল শিক্ষা কার্যক্রম জোড়াতালি দিয়ে চলছে। মূল সমস্যা শিক্ষক সংকট। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই রয়েছে এই সংকট। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে শিক্ষকের ঘাটতি রয়েছে ৪৪ দশমিক ৮৮ শতাংশ। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ৫৫ দশমিক ২২ শতাংশ শিক্ষকই নেই। অর্থাৎ প্রয়োজনের অর্ধেকেরও কম শিক্ষক রেখেই মেডিকেল শিক্ষা দিয়ে যাচ্ছে কলেজগুলো। এছাড়া অনেক মেডিকেল কলেজে ভৌত অবকাঠামো ও পর্যাপ্ত শিক্ষা সরঞ্জামেরও অভাব রয়েছে।
স্বাধীনতার পর প্রথম ২০ বছরে দেশে মেডিকেল কলেজ ছিল ৯টি (সরকারি ৬, বেসরকারি ৩)। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বর্তমানে শিক্ষকের পদ রয়েছে ৫ হাজার ৬৬৮টি। যার মধ্যে ফাঁকা রয়েছে ২ হাজার ৫৪৪টি পদ। সে অনুযায়ী সরকারি মেডিকেল কলেজগুলোয় মোট পদের বিপরীতে শিক্ষকের ঘাটতি রয়েছে ৪৪ দশমিক ৮৮ শতাংশ।
রাজধানী ঢাকার ভেতরের কলেজগুলোতে প্রয়োজনীয় পদের বিপরীতে কিছু অধ্যাপক থাকলেও ঢাকার বাইরের কলেজগুলোতে অধ্যাপক যেন সোনার হরিণ। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) জানিয়েছে, একটি মেডিকেল কলেজে বহু বিভাগ থাকে। তবে মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম ১১টি বিষয় থাকা বাধ্যতামূলক।
যেসব বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) ও বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রি দেয়া হয়, সেগুলোর একটি সাধারণ নীতিমালা হলো প্রতি ১০ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকতে হবে। আর প্রতি ২৫ শিক্ষার্থীর জন্য ন্যূনতম একজন পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রিধারী শিক্ষক থাকতে হবে। যদিও সরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ শর্ত পূরণ করতে পারছে না। অর্থাৎ প্রতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর আসন পূর্ণ হলেও প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকের ঘাটতি থেকেই যাচ্ছে। সরকারি মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ শর্ত পূরণ করতে পারছে না।
চিকিৎসা শিক্ষার এক পর্যায়ে শিক্ষকের সঙ্গে রোগীদের পাশে যেয়ে যেয়ে ছাত্রদের হাতে কলমে শিখতে হয়। চিকিৎসা শিক্ষায় দক্ষ বিশেষজ্ঞরা বলেই থাকেন, পেশেন্ট ইজ দা লিভিং বুক, বুক ইজ ডেড পেশেন্ট। সুতরাং দক্ষ শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিয়ে নিয়েই দক্ষ হতে হয়।
মানবকণ্ঠ/এফআই

