আমরা সুদীর্ঘকাল ধরেই শুনে আসছিলাম, বাংলাদেশের প্রধান সমস্যা জনসংখ্যা সমস্যা। আজ পাশ্চাত্য জুড়েই জনসংখ্যার সংকট তীব্রতর হয়ে উঠেছে। মাইগ্রেশন দিয়েও সাম্যতা রক্ষা করা যাচ্ছে না। গ্লোবাল সাউথের দেশগুলোও কয়েক দশকের মধ্যেই জনসংখ্যার সমস্যায় পড়বে। এখনই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিবছরই আগের বছরের তুলনায় শিক্ষার্থী কমছে। এটা কেবল মাদ্রাসায় পড়ার হার বাড়ার কারণেই নয়। শিক্ষকরাও বাড়ি বাড়ি শিশু খুঁজে পান না। দুটির বেশি সন্তান নিতে সাধারণত কেউই আর আগ্রহী নন। আমাদের জনসংখ্যার সংকটটা ভিন্ন। আমরা আমাদের নাগরিকদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারিনি। তবুও আমাদের অদক্ষ বা স্বল্প দক্ষ ও অবিকশিত নাগরিকগণই গার্মেন্টসে কাজ করে ও প্রবাসী শ্রমিক হিসেবে বিপুল পরিমাণ রেমিট্যান্স আনছেন। যদি তারা দক্ষ হতেন তাহলে, এই আয়টাও যেমন অনেক বেশি হতো আবার দেশেও তারা বহু কর্ম সৃষ্টি করতে পারতেন। ভারতের বিপুল সংখ্যক নাগরিক বিশ্বজুড়ে নির্বাহীর দায়িত্ব পালন করছেন। এমনকি শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকদেরও আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখি কিন্তু সেসব স্থানে বাংলাদেশিদের তেমন পাওয়া যায় না। এটার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের একটা সম্পর্ক রয়েছে।
আমাদের অর্থনীতি সচল রাখার জন্য দক্ষ জনবলের অভাবের বিষয়টি স্পষ্ট। আমাদের ব্যাংকগুলো ধুঁকছে খেলাপি ঋণে। বলা হয় এত ব্যাংক চালানোর মতো দক্ষ নির্বাহী নেই। বিকল্প হিসেবে বিদেশিদের নিয়োগও দেয়া হচ্ছে না। গার্মেন্টসসহ কিছু প্রতিষ্ঠান গোপনে বিদেশিদের নিয়োগ দিচ্ছে। আমাদের ব্যাংকগুলো প্রায়শই হুবহু বিদেশিদের অনুকরণ বা অনুসরণ করে। সংস্কারটাও হচ্ছে সে ধারণা থেকেই। কিন্তু আমাদের এতো বিপুল খেলাপি ঋণের কারণ অনুসন্ধান করা হয়নি। ব্যাংক কর্মকর্তাদের অদক্ষতা, কর্মে অনীহা, কর্মোদ্যমের অভাব, ঋণগ্রহিতা নির্বাচনে ভুল ও স্বেচ্ছাচারিতা, আগ্রাসী ঋণ দেয়া, ঘুষ-দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবে ঋণ দেয়া এবং ঋণ আদায়ে দক্ষতার অভাব এ সেক্টরটিকে মারাত্মকভাবে ক্ষতি করে দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দূরদৃষ্টিসম্পন্ন না হওয়ায় তারা হুটহাট সিদ্ধান্ত দিচ্ছে তাতে নৌকাডুবির মতো অবস্থা হচ্ছে। নৌকার একদিক দিয়ে পানি ওঠা শুরু করলে সবাই অন্যদিকে চলে যায় আর তাতে নৌকা ডুবে যায়। সাম্প্রতিক সুদ হার ৩০-৪০% বৃদ্ধি করায় খেলাপি ঋণের পরিমাণ আরো বেড়ে যাবে। ব্যাংকের ঋণ আদায় করতে হলে মুদ্রাস্ফীতিও বাড়াতে হবে। নির্বাচনের আগে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য, টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছিল। অচিরেই আবারো টাকা ছাপানো শুরু হলে মুদ্রাস্ফীতিও বাড়তে থাকবে। রিজার্ভ নিয়েও ভালো সিদ্ধান্ত নেয়া যায়নি। হুটহাট রিজার্ভের বিনিয়োগ ক্ষতির কারণ হয়ে উঠেছে। ফলে ডলারের দাম বেড়েছে। টাকা ছাপালে ডলারের দাম আরো বাড়বে। আবার কৃত্রিমভাবে ডলারের দাম যে আটকে রাখা হয়েছে তাও মঙ্গলজনক নয়। আবার এটা খোলা বাজারে ছেড়ে দিলে পরদিনই হয়ে যাবে ১২৭ টাকা, পরের সপ্তাহে ১৩৫ টাকা, পরের মাসেই হয়তো ১৫০ টাকা হবে। সেটাও মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিবে। সংকটগুলো নারীদের ১০ হাতের চেয়ে ছোট কাপড়ের মতো। একদিকে টান দিলেই আরেক দিকে কমে আসবে। এখন রিজার্ভ বাস্তবিক তিনমাসের আমদানি খরচের চেয়ে কমই রয়েছে। যেহেতু ঋণের কিস্তি দেয়া শুরু হয়েছে তাই রিজার্ভ কমতেই থাকবে। সেটা সামাল দিতে যদি আরো ঋণ নেয়া হয় তবে ভবিষ্যতে কিস্তিও বাড়তে থাকবে এবং ঋণ পাওয়াও কঠিন হবে।
জনসংখ্যা বা অর্থনৈতিক সমস্যা আমাদের প্রধান সমস্যাও নয়। আমরা এ ভূখণ্ডে বহু দুর্ভিক্ষ দেখেছি। রোগে, দুর্ভিক্ষে, জলোচ্ছ্বাসে লক্ষ লক্ষ লোকের মৃত্যুও দেখেছি। আবার ঘুরেও দাঁড়িয়েছে মানুষ। এখন আমাদের প্রধান দুটি সংকট হলÑ অগণতান্ত্রিকতা ও মৌলবাদ। আর ভবিষ্যতের জন্য ধেয়ে আসছে আরেকটি মারাত্মক সংকটÑ পরিবেশ বিপর্যয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আমাদের নিম্নাঞ্চল ডুবিয়ে দিতে পারে। আমরা এখনো কতটুকু আধুনিক মানুষ হয়েছি এই আধুনিক যুগে এসে? আধুনিক মানুষ হতে হলে তো, আধুনিক চিন্তা করতে হবে, বিজ্ঞানমনস্ক হতে হবে, প্রগতিশীল হতে হবে। এর কতটুকু আমরা পারছি। এখন পৃথিবীকে দুইভাগে ভাগ করতে হয়Ñ গণতান্ত্রিক বিশ্ব এবং স্বৈরতান্ত্রিক বিশ্ব। গণতান্ত্রিক বিশ্বে রয়েছে পাশ্চাত্যের দেশগুলো। সেখানকার নাগরিকগণ মানবাধিকারের সুবিধাগুলো ভোগ করছে। বিশেষ করে বাকস্বাধীনতা, ভোটাধিকার ও জবাবদিহিতার সুযোগ তাদের এগিয়ে দিচ্ছে। বিপরীতে কর্তৃত্ববাদী শাসকরা চালাচ্ছে স্বৈরতান্ত্রিক বিশ্বকে। সেখানকার জনসাধারণের রয়েছে সীমিত ভোটাধিকার এবং সীমিত কথা বলার স্বাধীনতা। তারা জবাবহিহিতা আদায়ের কোন সুযোগ পাচ্ছে না। এতে তাদের দুর্দশাও বাড়ছে মারাত্মকভাবে। তারা শাসকদের কথা শুনতে এবং তাদের পক্ষে জয়ধ্বনী দিতেও বাধ্য হচ্ছে। পাশ্চাত্যের মানুষও বিস্তর সংগ্রাম করেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এখন অনেক গণতান্ত্রিক দেশই কল্যাণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে। আজ পাশ্চাত্যের দেশগুলোকে আমরা সুসভ্য বলছি ওই গণতন্ত্রের কারণেই। আমরা যদি দেশকে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় না নিয়ে যেতে পারি তবে, আমাদেরও বদল আসবে না। উল্টো ইরান বা আফগানিস্তানের মতো উঠে আসতে পারে মৌলবাদী শক্তি। ইরান বা আফগানিস্তানের মতো আমাদের প্রাকৃতিক সম্পদ নেই। অদক্ষ বা স্বল্প দক্ষ জনবলই আমাদের শক্তি। ফলে যদি অগণতান্ত্রিকতার সুযোগে মৌলবাদী শক্তির বিপুল উত্থান ঘটে তবে তা ভয়াবহ হয়ে উঠতে পারে আমাদের জন্য।
এমনিতেও আমাদের সমাজের মানুষ ধর্মভীরু এবং সমাজও ধর্ম নির্ভর। এখনো সমাজের অনেক কিছুই ঘটে সমাজের মসজিদ কেন্দ্রিক। স্কুল কেন্দ্রিক সমাজ গঠিত হয়নি। কাছের মুসলিম দেশ হিসেবে পাকিস্তান ও আফগানিস্তানেও মৌলবাদ প্রকট। এতেও মানুষ উৎসাহিত হয়ে মৌলবাদে আকৃষ্ট হতে পারে। সমাজে কথা বলা বন্ধ হয়ে গেলে বা বিতর্ক করা কঠিন হয়ে গেয়ে এমন অবস্থা তৈরি হতেই পারে। যদি তাই ঘটে যায় তবে সেটাই হবে আমাদের প্রধান সংকট। হঠাৎ করেই দেশ পশ্চাৎমুখী হয়ে পড়বে। আমাদের দেশে ওহাবী মতবাদ চালু হয় প্রায় দুইশত বছর আগে। সেটা আরো বিভিন্ন সময়ে বিস্তৃতি লাভ করে। সেই ধাক্কায় সমাজ থেকে সুফিবাদীরা কোণঠাসা হয়ে যায়। সাম্প্রতিক সময়ে সুফিবাদীদের উপর বিভিন্ন হামলা ও মামলায় তারা আরো সংকোচিত হয়ে পড়েছে। ফলে উদারতার পরিবর্তে সাম্প্রদায়িক মনোভাব বেড়েছে। এটা আমরা মানুষের পোশক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি দেখেও বুঝতে পারি। বিপরীতে সংকুচিত হয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। এমনকি স্কুলগুলোতে যতই চারুপাঠ, কারুপাঠ, অংকন, সংগীত আনা হোক না কেন তা বাস্তবিক অর্থে কার্যকর হয়নি। সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি জাগরণ তৈরি করা যায়নি। স্কুলগুলোতে সংশ্লিষ্ট শিক্ষক না থাকায় এবং এসব নিয়ে একটা শ্রেণি সচেতনভাবে সমালোচনা করায় কোন সুফল আসেনি। স্কুলগুলো থেকে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তি বা বিতর্ক প্রতিযোগিতার মতো অনুষ্ঠান নাই হয়ে গিয়েছে। কারিকুলামে ঢুকিয়ে রাখলেও তা সচল করা যায়নি। ফলে ব্যক্তিগত পড়াশোনায় ও সামাজিক মাধ্যমের কারণে কিছু মানুষ প্রগতিশীল হয়েছে বটে তবে সংখ্যাটি আশা জাগানিয়া নয়। অর্থাৎ একটা সংকট তৈরি হলে তা মোকাবিলা করার মতো আধুনিক মানুষ তৈরি হয়নি।
আগামী দিনে আমাদের জন্য ধেয়ে আসছে পরিবেশ বিপর্যয়ের মহাসংকট। এর প্রধান স ষ্টা উন্নত দেশগুলোই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে তারা বড় ভূমিকা রাখলেও তার ফল ভোগ করতে হবে আমাদের মতো দেশগুলোকেই। আমরা যদি উন্নত দেশগুলোর ওপর চাপ প্রয়োগ বাড়াতে না পারি এবং পরিণতি কী ভয়ানক হতে পারে তা বুঝতে না পারি তাহলে একটা ভয়ানক আগামীই আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের নিজেদের দায়ও কম নয়। বাংলাদেশে জলাশয় ভরাট আইন রয়েছে কিন্তু তা একেবারেই কার্যকর নয়। সম্প্রতি বিক্রমপুরে বিখ্যাত সাহেব বাবুর দিঘিটি সাবেক এক এমপির নেতৃত্বে ভরাট করা হয়। আমরা আইন, প্রশাসন ও মানববন্ধন করেও তা রক্ষা করতে পারিনি। প্রশাসন দিনে আশ্বাস দিলেও তারা রাতে ভরে ফেলছে। ভাগ্যকুলের বিখ্যাত জমিদার রমেন্দ্রনাথ রায় পড়াশোনা করতে বিলেত গেলে সাহেব বাবু নামে খ্যাতি পান। তার বাড়িটি ছিল ২৫ একরের যার মধ্যে পুকুরটিই ৫ একরের। একজন প্রতারক রমেন্দ্রনাথের ওয়ারিশ সেজে নামজারি করে ফেলে। এরপরই সংসদ সদস্য তা কিনে ভরাট করা শুরু করেন। একই অবস্থা হেম সাগর দিঘিরও। এটা খনন করেছিলেন বাংলার প্রথম বাঙালি বিচারপতি চন্দ্রমাধব ঘোষ। পুকুরটি স্ত্রীর নামে নামকরণ করেছিলেন। এটিও বিভিন্ন ব্যক্তি নিজেদের নামে নামজারি করিয়েছেন। ভরাট শুরু হলে প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে মানববন্ধন হয়। প্রশাসন দিনের বেলা বন্ধ করে দিয়ে আসে। দুর্বৃত্তরা রাতের বেলা একটু একটু করে ভরাট করতে থাকেন। কিছু মানুষ সাময়িকভাবে থামিয়ে রাখতে রাখতে একসময় দেখতে পান সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। কিন্তু প্রশাসন এসব ভরাটের বিরুদ্ধে জলাশয় ভরাট আইনের কোন প্রয়োগই করে না। ফলে শহরগুলো থেকে পুকুর নাই হয়ে গিয়েছে। এখন গ্রামগুলো থেকেও নাই হয়ে যাচ্ছে। অবৈধভাবে ড্রেজার চালিয়েই সব ভরাট করা হচ্ছে। ড্রেজার ব্যবসায়ীরা প্রশাসনসহ সবাইকে ম্যানেজ করেই পুকুরগুলো ভরাট করে দিচ্ছে।
আমরা জানি কারেন্ট জাল নিষিদ্ধ। মুন্সীগঞ্জের মুক্তারপুরে দেশের বৃহত্তম কারেন্ট জালের ব্যবসা ও আড়ত রয়েছে। মাঝেমধ্যে প্রশাসন থেকে অভিযানও চালানো হয়। কিন্তু সুদীর্ঘকাল ধরেই ব্যবসা চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, কারেন্ট জালের ব্যবসায়ীদের সাথে প্রশাসনের বনিবনা না হলেই রেট দিয়ে আটক করে তা পুড়িয়ে দেয়া হয়। ব্যবসায়ীরা আবারো নতুনভাবে বনিবনা করে ব্যবসা চালিয়ে যান। দেশের প্রতিটি খাল, বিল ও নদীতে কারেন্ট জাল পাতা রয়েছে। কজন ব্যবসায়ী বা জেলেকে এজন্য আটক করা হয়। কঠোর কোন পদক্ষেপ নেই বলেই নিষিদ্ধ কারেন্ট জাল খুবই প্রসিদ্ধ হয়ে উঠেছে। মিহি জালগুলো মাছের ডিমসহ নব্যজাত পোনাকেও ধরে ফেলে। এতে মাছের বৈচিত্র হারিয়ে যাচ্ছে এবং প্রাকৃতিক মাছও কমে এসেছে মারাত্মকভাবে। পরিবেশ রক্ষার জন্য পাখি মারাও বন্ধ করা দরকার। পোকাপাকড় খেয়ে ও মরা-পচা সাফ করে পাখি আমাদের উপকার করে। এখনো শিশু-কিশোরগণ প্রতিযোগিতায় নেমেই পাখি শিকার করে আনন্দ লাভ করে। এছাড়া বেদে সম্প্রদায়ের মানুষ সব রকমের পাখিই নিধন করে খাওয়ার জন্য। আবার পরিযায়ী পাখি শিকারও অনায়াসেই চলে। এমনকি রাজধানীর বাজারেও হরহামেশাই পাওয়া যায় পরিযায়ী পাখি। বিষ দিয়ে মাছ ধরে যেমন বংশ নির্বংশ করা হয়, তেমনি বিষটোপ দিয়ে পরিযায়ী পাখিও মারা হয়। পরিবেশের ক্ষতিকর বহু কাজই আমরা প্রতিনিয়ত করি। আমরা আমাদের ক্ষতি করে ফেলছি যেন সাপ নিজের লেজ খাওয়াই শুরু করেছে।
লেখক: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

