পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জš§ভূমি। আমাদের দেশটিকে এমন মায়াবী রূপ দিয়েছে প্রধানত এ দেশের গাছপালা। নানা প্রজাতির গাছ আমাদের দেশে বিদ্যমান। পরিবেশ রক্ষায় গাছের তুলনা হয় না। গাছ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার, যা কার্বন-ডাই অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতে গাছের অবদান রয়েছে। গাছ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে।
এ ছাড়া, গাছ শহুরে হিট আইল্যান্ড প্রভাব কমাতে সাহায্য করে। ‘শহুরে হিট আইল্যান্ড’ বলতে বোঝায়, শহরের ভবন এবং ফুটপাতের অতিরিক্ত তাপ শোষণের ফলে শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি অনুভব হওয়া। তাই শহরে গাছ রোপণের গুরুত্ব একটু বেশি। আমাদের উচিত খালি জায়গা পেলে গাছ রোপণের উদ্যোগ নেওয়া। কেননা, একমাত্র আমাদের এই পরম উপকারী বন্ধুটি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে বেশি সাহায্য করতে সক্ষম। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে জনসংখ্যার অধিক চাপে পড়ে বেশিরভাগই ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। প্রতিনিয়ত কাটা হচ্ছে গাছপালা। মানছে না কেউ বন বিভাগের নিয়ম-নীতি। তাই পরিবেশ আজ হুমকির মুখে। এভাবে ব্যাপক হারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয় খাদ্য সমস্যা ও একসময় প্রকট আকার ধারণ করবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগেকার দিনে চারদিকে যে গাছপালা দেখা যেত, তার তিনভাগের একভাগও এখন দেখা যায় না। এমন চলতে থাকলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এমনিতে বর্ষা মৌসুমে দেশের বেশির অঞ্চলই পানিতে প্লাবিত হয়। সবুজ শ্যামল এ দেশটা আগের মতো আর নেই। যেসব গুণের কারণে আমাদের এ দেশকে সবুজ-শ্যামল বলা হতো তার বেশিরভাগ জুড়েই ছিলো চারদিকে ঘন গাছপালা আর সবুজের সমারোহকে ঘিরে। এখন সেই সবুজ-শ্যামল রূপ খুব কমই চোখে পড়ে। গাছপালা ও ফসলি জমি ধ্বংসের কারণে পাখপাখালিও আগের মতো আর তেমন দেখা যায় না। গাছপালা কাটার ফলে পাখিদের আশ্রয়স্থল ও কমে যাচ্ছে। অতিথি পাখির আগমন ও সমীচীন হয়ে পড়েছে। প্রতিনিয়তই এভাবে গাছপালা কেটে উজাড় করতে থাকলে পাখিদের বংশবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। এরূপ বেপরোয়াভাবে কেউ গাছপালা কাটলে আগেকার মতো তেমন কোনো প্রতিবাদও হয় না এখন। ফলে নির্বিচার বৃক্ষ নিধনের মিছিলে নেমে পড়ছে ভূমি খেকো চক্র। তাই পরিবেশগত সমস্যা দৈনন্দিন বেড়েই চলেছে।
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’- এই হোক আমাদের প্রাণের সেøাগান। ফসলি জমি রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের ছোট দেশটিতে এভাবে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ফসলি জমি ধ্বংস করে সবাই ঘরবাড়ি নির্মাণ করবে এটাই স্বাভাবিক। ফসলি জমি ও গাছপালা বিনষ্ট করে দালানকোঠা নির্মাণ করার ফলে একসময় দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেবে। তাছাড়া এভাবে গাছপালা কমতে থাকলে মানুষ প্রাকৃতিক অক্সিজেনের চাহিদায় ভুগবে। বিশুদ্ধ বাতাসের অভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগের সূত্রপাত হবে। তাই আমাদের সবার উচিত জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা। এর ফলে গাছপালা কাটা বন্ধ হবে, দেশ আবার পূর্বের রূপে সবুজ-শ্যামল হয়ে উঠবে। আগেকার দিনগুলোতে গাছে গাছে যে পরিমাণ ফল পাওয়া যেত, এখন আর সে পরিমাণ ফল পাওয়া যায় না। তখনকার দিনে গ্রামাঞ্চলে আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, ছফেদা, লেবু, সুপারি, নারিকেলসহ হরেক প্রজাতির ফল উৎপাদিত হতো। এখন যে পরিমাণ ফল উৎপাদন হয়, তা দিয়ে মানুষের চাহিদাই পূরণ হয় না। কেননা এসব গাছ এখন আর আগের মতো দেখা যায় না। ফলবান বৃক্ষ নিধন করে মানুষ বসতি গড়ে তুলছে।
আজকের দিনে লক্ষ্য করলে দেখা যায় শিশু-কিশোরদের কাছে আগেকার দিনের ফল-ফলাদির কথা বললে তারা কেন জানি বিশ্বাসই করতে চায় না। সেই দিন আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রয়োজন অধিক হারে বৃক্ষরোপণ। তবেই পূর্বের ন্যায় গাছে গাছে, ফুলে-ফলে ভরে উঠবে আমাদের বাড়ির আঙ্গিনা। স্কুল প্রতিষ্ঠানে, বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রাখতে হবে। আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। গ্রামের তরুণদের মিলেও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিতে হবে। গ্রামের যেখানেই ফাঁকা জায়গা থাকবে, সেখানেই জমির মালিকের অনুমতি নিয়ে গাছ লাগিয়ে দিতে হবে। গাছের ফল বা সুবিধাকে ভোগ করবেন, সেটা বিবেচ্য বিষয় নয়। তবে ক্ষেত্রে স্থানভেদে ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগাতে হবে। যুব সমাজের একটুখানি সদিচ্ছায় পারে আমাদের পরিবেশ রক্ষা করতে। তাই প্রত্যেক মানুষের উচিত গাছকে রক্ষা করা। কেননা বাড়ির আশপাশের গাছ আমাদের ঘরকে ঝড়-তুফানের হাত থেকে রক্ষা করে। তাই আমাদেরও গাছের প্রতি যত্নশীল হতে হবে।
শুভ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। বৃক্ষ নিধনের কর্মযজ্ঞ এরূপ চলমান থাকলে মানবজীবন একদিন ঠিকই হুমকির মুখে পড়বে, পরিবেশের বিপর্যয় ঘটবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই অধিক হারে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সবার দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক: ছড়াকার ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

