ভাষা আন্দোলনের মাধ্যমেই আমাদের প্রথম ঐক্যবদ্ধ হওয়া। ভাষা আন্দোলনই আমাদের আত্মবিশ্বাস, সাহস ও জাতীয় নেতৃত্ব তৈরিতে অনবদ্য ভূমিকা রেখেছে। সাহস জুগিয়েছে ১৯৫৮-এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং এই সাহসে বলিয়ান হয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ভাষা আন্দোলনই আমাদের জাতীয়তাবোধ সৃষ্টিতে রেখেছে অনবদ্য কৃতিত্বের স্বাক্ষর। দেশভাগের পর ৪৭ থেকে ৫২ অবধি ছাত্র-শিক্ষকসহ সকল পেশার মানুষের প্রতিবাদ, আন্দোলন ও নানা কর্মসূচির ফলে বাংলা ভাষা আজ আমাদের মুখের বুলিতে চূড়ান্ত রূপ পেয়েছে।
১৯৫২ সালের সেপ্টেম্বর মাসে শেখ মুজিবুর রহমান শান্তি সম্মেলনে যোগদানের জন্য চীন সফরে যান এবং ‘মাতৃভাষা বাংলায় বক্তৃতা করেছিলেন।’ তাছাড়া জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বয়ং জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। এতে বাংলা ভাষার প্রতি তার গভীর ভালোবাসা যেমন প্রকাশিত হয়, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মানুষ বাংলা ভাষার জ্ঞান অর্জন করছেন। ভিন্ন ভাষাভাষীর মানুষরাই বাংলার চর্চায় পিছিয়ে নেই। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণের ভাষা প্রায় প্রতিটি ক্ষেত্রে অবহেলিত। আমরাই আমাদের মাতৃভাষাকে দ্বিতীয় শ্রেণির একটি ভাষায় রূপান্তর করছি। কাগজে-কলমে মাতৃভাষা রক্ষায় অনেক প্রণোদনা দিলেও বাস্তবে অধরা রয়েছে। পশ্চিমা সংস্কৃতি, ইংরেজি ভাষার প্রতি আমাদের দুর্বলতা দিন দিন বেড়ে চলেছে।
আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি এবং অন্যান্য সব ভাষা জানা দোষের কিছু নয়। এটি অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতা। তাই বলে নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে নয়। শিশুরা ইংরেজি বলতে পারলে মা-বাবারা অনেক গর্ববোধ করেন। আমাদের বাংলা ভাষার পাঠ্যবইগুলো অশুদ্ধ ইংরেজিতে অনুবাদ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয় ইংরেজি ভার্সন। আমাদের ছেলে মেয়েরা একূল ওকূল সব হারিয়ে না পারে ইংরেজি শিখতে, না পারে নিজের ভাষায় দক্ষতা অর্জন করতে। পড়াশোনার অতিরিক্ত ভারে ভীত হয়ে হারিয়ে ফেলে নিজস্বতা। হায়! আমার প্রাণের মাতৃভাষা বাংলা আজ বড্ড অসহায়, বড্ড অবহেলিত। ভাষা আন্দোলনের মাসে মাতৃভাষার প্রতি অতিরিক্ত দরদ পরিলক্ষিত হয়। সভা সেমিনার বক্তৃতায় আমরা অনেক মুখরোচক কথা বলে বাংলা ভাষার মর্যাদা রক্ষার কথা বলি।
সরকারি সব অফিসে বাংলা চর্চার কথা বলি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমাদের মাতৃভাষা আজ সংকটে। আমাদের ছেলেমেয়েরা প্রাণভরা বাংলা গান পছন্দ করেনা; বরং যদি কেউ শোনে তবে তাকে সেকেলে বা গেয়ো উপাধি দিতে ভুল করে না। আজকের প্রজন্ম মমতাময়ী মা- কে বলছে- আম্মু, মম, মাম্মি আর পিতাকে ডাকছে ড্যাড বা পাপ্পা সম্বোধন করে। আর এভাবে শিক্ষাদান করছেন আমাদের অভিভাবক মহল নিজেরাই। ছেলে-মেয়েরা বাংলা গানের বদলে হিন্দি, ইংরেজি, ডিজে গানের ভক্ত। তাছাড়া হিন্দি সিনেমায় আসক্ত। আসলে এর জন্য অভিভাবকরা দায় এড়াতে পারেন না। আকাশ সংস্কৃতির ক্ষেত্রে হিন্দি ও ইংরেজির আধিপত্য জাতীয় লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান হতে শুরু করে উচ্চপর্যায়ের অফিস-আদালত পর্যন্ত সকল স্থানেই বাংলা ভাষার চর্চা অতি সামান্যই লক্ষ্য করা যায়। বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতিদান করা হলেও এখনও পর্যন্ত উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে, কারিগরি ও চিকিৎসা ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলন সম্ভবপর হয়নি। আইনি ভাষা এবং উচ্চতর ডিগ্রির পাঠ্যবই এখন ইংরেজিতে রচিত। বর্তমান নাটক, সিনেমা, ওয়েব সিরিজ ও সোশ্যাল মিডিয়ায় আমরা বাংলা ভাষার এক ভিন্ন রূপ দেখতে পাই। যে ভাষায় নেই কোনো রুচিবোধ, নেই সামাজিকতা, আছে শুধু অকথ্য অশ্রাব্য ভাষায় কথোপকথন ও গালিগালাজ। এতে করে ভাষার হাজার বছরের ঐতিহ্য ও নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে। এভাবে উদ্বেগজনক হারে বাড়ছে ভাষার অরুচিকর ব্যবহার। ফলে, বিশ্ববাসীর কাছে ইন্টারনেটে থাকা এসব নাটক, সিনেমা ও কনটেন্টগুলো থেকে বাংলা ভাষার প্রতি বিদ্রুপ মনোভাব তৈরি হচ্ছে।
শুধুমাত্র ফেব্রুয়ারিতে নয়, সারা বছর যেন শহীদ মিনারের মর্যাদা রক্ষিত হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম তার পরিবার। কোথায় কাকে, কোন পরিবেশে কেমন আচরণ করতে হয়, কীভাবে কথা বলতে হয়, সেটি আমরা পরিবার থেকে শিক্ষা পাই। তাই, পরিবারের সকল সদস্যের উচিত পরিবারের নতুন শিশুটিকে ভাষার সঠিক প্রয়োগ ভালোভাবে শেখানো।
শিক্ষাপ্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কেন্দ্র। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমরা ভাষার ইতিহাস, সংস্কৃতি, প্রয়োগ ও ব্যবহারের নিয়মকানুন জানতে পারি। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদেরকে শুদ্ধ বাংলা ভাষা শেখানো ও শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে উদ্বুদ্ধ করা। ভাষার মাধুর্যতা রক্ষায় আমাদেরকে ভাষার শুদ্ধ প্রয়োগ করতে হবে। বর্তমান ডিজিটাল বাংলাদেশে যোগাযোগ এর আরেকটি মাধ্যম হলো ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’। তাই অফলাইনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্ট্যাটাস লিখা ও মেসেজ করার ক্ষেত্রে বাংলা ভাষায় লিখা ও শুদ্ধ ভাষার প্রয়োগ করা প্রয়োজন। মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। সমাজে চলার ক্ষেত্রে কিছু আদব-কায়দা, নিয়মকানুন মেনে চলতে হয়। তাই সমাজে চলাচলের ক্ষেত্রে বড়ছোট ভেদে ভাষার ব্যবহার ভিন্ন হয়, যাকে শালীন আচরণ বলা হয়। চলাচলের ক্ষেত্রে আচরণের শালীনতা মেনে চললে শুদ্ধ ভাষার প্রয়োগ ও ব্যবহার বজায় থাকে। এতে, ভাষার মাধুর্যতা রক্ষা পায়। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ কিংবা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরির ক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ যেন বজায় থাকে, সে বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত। নাটক, সিনেমায় আঞ্চলিকতা তুলে ধরতে কোনো সমস্যা নেই, এতে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ফুটে উঠে। আসুন পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত, সরকারি ও বেসরকারিভাবে বাংলার চর্চা বাড়াই। বাংলার মর্যাদা রক্ষা করি। ভাষাগত ও সংস্কৃতিগত উপনিবেশ থেকে নিজেদের রক্ষা করি। সর্বোপরি জনসাধারণ এবং সরকারিভাবে সমন্বিত উদ্যোগেই ফিরে পারে প্রাণের মাতৃভাষার হারানো ঐতিহ্য। যে আত্মত্যাগ মাতৃভাষার মর্যাদা রক্ষায় বিশ্ব সমাজকেও অনুপ্রাণিত করেছে; সে ভাষা ফিরে আসুক আপন মহিমায়। তবেই রফিক উদ্দিন আহমদ, আবদুল জববার, আবুল বরকত, সেক্রেটারিয়েটের পিয়ন আবদুস সালাম, শফিউর রহমান, অহিউল্লাহ্’র রক্তে লেখা একুশে ফেব্রুয়ারি সার্থকতা পাবে।
লেখক: শিক্ষক ও কলামিস্ট

