ঢাকার বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় প্রায়ই ঢাকার নাম উঠে আসছে। বিশেষ করে এবার শীত মৌসুমে অনেক সময়ই ঢাকার বাতাস ছিল ভয়ংকর মাত্রায় দূষিত। ঢাকার রাস্তার সংযোগস্থলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বায়ুদূষণ ছিল কুড়িল ফ্লাইওভার মোড়ে। বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক যৌথ প্রতিবেদনে বায়ুদূষণের তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো ইটভাটার ধোঁয়া ও ধুলা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজ থেকে সৃষ্ট দূষণ। তবে ক্যাপস বায়ুদূষণের ছয়টি কারণ চিহ্নিত করেছে। এগুলো হলো- নির্মাণকাজ, ইটভাটা ও শিল্প-কারখানা, যানবাহনের ধোঁয়া, আন্তর্দেশীয় দূষণ (নেপাল ও ভারত থেকে আসা দূষিত বাতাস), রান্নাঘরের ধোঁয়া ও শহুরে বর্জ্য।
পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২২-এর আলোকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় কমিটি করা হয়েছে। এই কমিটির দুটি সভা হয়েছে, যেখানে সিদ্ধান্ত হয়েছে যে নির্মাণ প্রকল্পগুলো যদি পরিবেশসম্মত না হয় এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও ঠিকাদার দায়ী থাকবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এই নির্দেশনাগুলো সব জায়গায় পাঠানো হয়েছে। এ ছাড়া আমাদের মাঠ পর্যায়ে প্রতিদিনই পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যাচ্ছেন এবং অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শীতে ঢাকার বাতাস ভয়ংকর দূষিত ছিল। রাজধানীর বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক সাম্প্রতিক গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে।
ক্যাপসের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদারের নেতৃত্বে একটি গবেষকদল চলতি বছরের জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি বা তীব্র শীতের দিনগুলোতে ঢাকা শহরের ৭৭টি রাস্তার সংযোগস্থলে বায়ুদূষণ পরিমাপ শীর্ষক জরিপকাজ পরিচালনা করে। গবেষণা বলছে, ঢাকার বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ শহরের রাস্তার সংযোগস্থলগুলোর বায়ুদূষণ। সংযোগস্থলগুলোতে বায়ুদূষণের প্রধান কারণের মধ্যে উš§ুক্ত অবস্থায় নির্মাণকাজ (সরকারি ও ব্যক্তিগত), অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি এবং যানজটের বিষয়টি অন্যতম।
ঢাকার ৭৭টি স্থানের গড় বায়ুমান প্রতি ঘনমিটারে ২০৮.৭৬ মাইক্রোগ্রাম, যা নির্ধারিত মানমাত্রা থেকে ৩.২ গুণ বেশি। দূষণের শীর্ষে ছিল কুড়িল ফ্লাইওভার মোড়, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে বসিলা ও কাকরাইল মোড়। এসব জায়গায় অতি ক্ষুদ্র বস্তুকণা স্বাভাবিকের চেয়ে পাঁচ গুণ বেশি ছিল।
অন্যদিকে সবচেয়ে কম বায়ুদূষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মোড় এলাকায়, সেখানে অতি ক্ষুদ্র বস্তুকণা পাওয়া গেছে প্রতি ঘনমিটারে ৮৮.৮৫ মাইক্রোগ্রাম, যা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে কিছুটা বেশি। এ ছাড়া সবচেয়ে কম দূষণের তালিকায় ওপরের দিকে থাকা মৎস্য ভবন মোড়, সেগুনবাগিচা মোড়, শাহবাগ মোড় ও জিপিও মোড়ের মতো জায়গাগুলোতেও বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই গুণ বেশি ছিল। যে শহরে বায়ুমান এত খারাপ সে শহরে যদি এভাবে নির্মাণকাজ বছরের পর বছর চলতে থাকে তাহলে বায়ুমান নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
ফলে সরকারি ও বেসরকারি খাতে আর কত নির্মাণকাজ অনুমোদন করা হবে তার জন্য একটি নীতিমালা হওয়া উচিত। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় ধীরে ধীরে সবুজায়ন কমে যাচ্ছে। সবুজায়ন বাড়াতে পারলে দীর্ঘ মেয়াদে বায়ুদূষণ একটা পর্যায় পর্যন্ত কমিয়ে আনা যেতে পারে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিও জরুরি।
মানবকণ্ঠ/এফআই

