চলমান গ্যাস সংকটের প্রভাব এবার বিদ্যুৎ খাতেও পড়তে শুরু করেছে। আগামী গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা যখন বাড়বে, তখন এ সংকট আরো ব্যাপক আকার নিতে পারে বলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎবিভ্রাট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকে। আসছে গরমে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছাতে পারে, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। গরমকাল শুরু হওয়ার আগেই বর্তমান গ্যাস সংকটের সমাধান করতে না পারলে বিদ্যুতের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাবে। ফেব্রুয়ারি মাসের আর কয়েকদিন গেলেই শুরু হবে মার্চ মাস। শুরু হবে গরমের মৌসুম। একই মাসে শুরু হবে রমজান ও সেচ মৌসুমও। এ কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে।
গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় গরমে বিদ্যুৎবিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে গ্রীষ্মে বিদ্যুৎবিভ্রাট কমানোকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। চলতি মৌসুমে দৈনিক সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার মেগাওয়াট ছাড়ানোর পূর্বাভাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ পরিমাণ বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা থাকলে ভাবনার কারণ হচ্ছে জ্বালানি ও ডলার সংস্থান।
বিশেষজ্ঞরা বলছেন, ভুল নীতির কারণে একদিকে যেমন গ্যাসের নিজস্ব (দেশের ভেতরে) উৎপাদন কমেছে; অন্যদিকে আমদানিনির্ভরতা বেড়েছে। বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, চলমান ডলার সংকট, পুঞ্জীভূত বকেয়া, গ্যাস-কয়লাসহ জ্বালানির ঘাটতি এবং পায়রার মতো সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য কেন্দ্র বন্ধ থাকা এমন সব টালটামাল অবস্থার কারণে দেশের বিদ্যুৎ খাতকে গত দুই বছরই ধুঁকতে হয়েছে। ফলে চরম লোডশেডিংয়ে নাকাল হন সব প্রান্তের গ্রাহক।
বছর ঘুরে আবারও যখন ঘনিয়ে আসছে গরম, তখন উঁকি দিচ্ছে সংকটের সংশয়। এবারও কি আগের তিক্ত অভিজ্ঞতা পাবেন ভোক্তারা? নাকি তুলনামূলক স্বস্তি পাবেন? ঘুরপাক খাচ্ছে এমন সব প্রশ্ন।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম মনে বলেন, আমদানির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একটা স্থবিরতা আছে। ফলে এ মুহূর্তে কোনো স্বল্পকালীন সমাধান নেই। এ জ্বালানি সংকট যেটা, সেটা ডলারের সংকট না কাটলে স্বল্পকালীন কোনো সমাধান নেই। সরকারকে আগেভাগেই আসন্ন সংকট মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।
তবে এ অবস্থায় এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ওপর যদি ব্যাপকভাবে নির্ভর করা হয়, তাহলে যে আর্থিক চাপ পড়বে, সেটি বাংলাদেশের এ ডলার সংকটের সময়ে বড় রকমের অসুবিধায় ফেলবে জ্বালানি বিভাগকে। সুতরাং আমাদের এ সমস্যা আসন্ন গ্রীষ্মে বড় আকারে হয়ে আসার পূর্বাভাস দিচ্ছে। কাজেই এখন থেকেই আমাদের উচিত হবে দেশীয় যেসব গ্যাসকূপ রয়েছে, সেগুলো থেকে উৎপাদনের মাত্রা সমানতালে রাখা বা সম্ভব হলে আরো বাড়াতে হবে।
আমরা মনে করি, এ সময় দেশিয় প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম বাড়ানোর সঙ্গে সঙ্গে তেল-গ্যাসসমৃদ্ধ দেশগুলোর সহযোগিতা নেওয়ার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে চাইলে, তাহলে সময়মতো অর্থের জোগান দিতে হবে। কারণ গরম, রমজান এবং সেচ মৌসুমের কারণে আগামী মাস থেকেই পাল্লা দিয়ে বাড়বে বিদ্যুতের চাহিদা। এ কারণে কৌশলী কর্মপরিকল্পনা নিয়ে এগোলে সংকট এড়ানো যাবে বলে আমরা মনে
করি।
মানবকণ্ঠ/এফআই

