বই মানুষের সর্বোত্তম বন্ধু, কথাটির সাথে সকলেই পরিচিত। বই পড়ার মাধ্যমে বিশ্ব ভ্রমণ করাও সম্ভব যার প্রমাণ লেখকেরা দিয়েছেন। কিন্তু বর্তমানে বই পড়া যেন বাধ্য বাধকতার বাইরে নেই বললেই চলে। একাডেমিক বই ছাড়া বেশিরভাগ মানুষ বই শব্দটি শুনতেও পছন্দ করে না। আর একাডেমিক বই ছাড়া অনেকে অন্যান্য বইগুলোকে বই বলে মনে করে না।
ফেব্রুয়ারি মাস, চলছে অমর একুশে বইমেলা। যারা বই মেলাকে গমগম করে তুলেছে তাদের মাঝে হিসেব করলে ৭০ ভাগ মানুষই বই পড়ে না, শুধু মেলা দেখতে বা পরিবারসহ ঘুরতে গিয়েছে। হয়তো শখের বশে কিনবে ২/৩টা বই। কিন্তু কোনোদিন কি সেই বই খুলে দেখা হবে!
অনেকেই অভিযোগ করছে ভালো লেখার অভাব। কিন্তু আমাদের কি ভালো পাঠক যথেষ্ট রয়েছে? শুধু বই পড়লেই ভালো পাঠক হওয়া যায় না। পড়ে তো কম বেশি সবাই, কজন বুঝে পড়ে বা লেখার গুণগত মান বুঝতে পারে সেটা জানার বাইরে। এটা স্বীকার করতেই হবে যে ভালো লেখকের পাশাপাশি আমাদের ভালো পাঠকেরও বড্ড অভাব।
তবে লেখক পাঠকের সম্পর্ক নির্ধারিত হয় বইয়ের মাধ্যমে। বইমেলার বই লেখক পাঠকের সম্পর্ক নির্ধারণ করে। পাঠকের পছন্দের মধ্য দিয়ে লেখকের সঙ্গে তাই পরিচয় ঘটে। এ কারণে বইয়ে লেখককে যেমন নির্ধারণ করতে হয় তার পাঠক কারা আবার পাঠকও নির্ধারণ করে তার প্রিয় লেখককে। যে পাঠকের মনস্তত্ত্ব বুঝে বই লেখেন পাঠককে আলোকিত করতে। বইয়ের সাগরে পাঠককে বেড়ানোর না ডুব দেয়ার কাজটি দক্ষভাবে করেন পাঠক। একথাটা মাথায় রেখে লেখকের বই সম্পর্কে একটি সংক্ষিপ্ত মেসেজসহ একটি প্রচারপত্র মেলায় থাকলে লেখক-পাঠক উভয়ের জন্য সুবিধা হয়।
তবে আমাদের দেশে খুব কম ঘর থেকে পাঠক তৈরি হয়ে আসে। এখনও অধিকাংশ অভিভাবকের ধারণা বাইরের বই পড়লে পড়াশুনার ক্ষতি হয়। অর্থাৎ তাকে দিন-রাত বসে পড়তে হবে ক্লাসের বই। বই আমাদের উত্তম বন্ধু কথাটি সকল বাবা-মাই সন্তানকে শেখায় কিন্তু সেই বই আসলে একাডেমিক বই। এর বাইরের কোনো বইয়ের পেছনে তার পড়ার সময়ের একশ ভাগের এক ভাগও ব্যয় করে থাকে তাহলে দেখা যাবে বাবা-মা ই তাদের শাসক হয়ে উঠবে। বই পড়ার মূল্য যেন একাডেমিক বই পড়েই পাওয়া যাবে এমনটাই শেখানো হয় শিশুদেরকে। হিসাব করে দেখবেন বই মেলাতে ততটা ভিড় হয় না যতটা বাণিজ্য মেলাতে দেখা যায়। বই যে বাসার বাকি আসবাবপত্রের চেয়ে বেশি মূল্যবান এটা এখনও কজন বোঝে সেটা ভাবনার বিষয়। অনেকের কাছে তো বই কেনা টাকার বাজে খরচ করার মতো। ভালো পাঠক তৈরি হওয়ার এটা একটা অন্তরায়!
বর্তমানে ফেসবুকে বা ওয়েবসাইটে বুক রিভিউয়ার বেরিয়েছে যারা বিভিন্ন ধরনের বই পড়ে বইয়ের রিভিউ দেয় এবং অধিকাংশ পাঠক বইয়ের রিভিউ এর ওপর ভিত্তি করে বই কিনতে আসে অথচ যে বইয়ের রিভিউ দিচ্ছে সে কতটা ভালো পাঠক সে সম্পর্কে কেউ বিবেচনা করে না।
আমাদের সবারই চিন্তাভাবনা, জ্ঞান, ধারণা বিভিন্ন রকম। একজন মানুষ তার নিজস্ব চিন্তাধারার ওপর ভিত্তি করে বুক রিভিউ দিতে পারে কিন্তু তার মানে এই না যে বইটা খারাপ বা বইটা অত্যধিক ভালো। একজন ভালো পাঠক কখনোই একপাক্ষিক বিচার করবে না। একটা বই পড়ে বইয়ের সারমর্ম আপনার ভালো লেগেছে বা খারাপ লেগেছে মানে এই না যে বইটার মান খারাপ বা বইটা খারাপ।
এবার আসা যাক বইয়ের মান কীভাবে যাচাই করা যায় তার ওপর। আমরা বেশিরভাগই উপন্যাস প্রেমী, তাই উপন্যাস নিয়েই কথা বলা যাক। একজন ভালো লেখক যে একজন ভালো ঔপন্যাসিক হতে পারবে এমন কোনো কথা নেই। গল্পকার আর লেখক দুটি ভিন্ন। অনেকে একটি গল্প সহজ ভাষায় অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, আবার অনেকে উচ্চমানের লিখেও গল্পটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না। তাই একটি বই ভালো না খারাপ তা এত সহজে বলা সম্ভব না।
অনেকে আবার আছে বই পড়ার অনীহা, এতে আক্রান্ত ব্যক্তিরা বই পড়তে পছন্দ করে না। তাদের জন্য রয়েছে ডিজিটাল যুগের বিশেষ সুযোগ- অডিও বুক। এখানে বই পড়ে নয়, বই শুনে গল্প জানা যায়।
সর্বোপরি, ভালো লেখক তৈরি করতেও ভালো পাঠকের প্রয়োজন। তাই আমাদের সকলকেই বইয়ের বিষয়ে সকলের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কম বেশি সব বই-ই শিক্ষা দিয়ে থাকে। কিছু বই পুঁথিগত বিদ্যা না দিলেও বাস্তব জীবনের নানার জ্ঞান দিয়ে থাকে। এসব কিছু বিবেচনায় রেখে লেখক লেখেন-পাঠক পড়েন। বইমেলায় সেসব বই ক্রয়-বিক্রয়ের মধ্য দিয়ে লেখক-পাঠকের সম্পর্ক তৈরি হয়। কিন্তু লেখক-পাঠক বিষয়টির প্রাধান্য না থাকলে বইমেলা কখনো প্রাণের মেলা বা জ্ঞানের মেলা না হয়ে সেলফিতোলা ও বেড়ানোর জায়গায় সীমাবদ্ধ থাকবে। এ ব্যাপারে ঘরে ঘরে বই ও মেলার তাৎপর্য সম্বন্ধে সন্তানদের না বোঝালে সংকট থেকেই যাবে।
লেখক: প্রাবন্ধিক
মানবকণ্ঠ/এফআই

