ভাষা একদিকে যেমন যোগাযোগের অনন্য মাধ্যম, অন্যদিকে হার্দিক অনুভূতির প্রকাশও। বাংলা আমাদের ভাষা। যে কোনো ভাষাই তাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমান বিশ্ব প্রযুক্তির কোষাগার। বিষয়টা এমন যে, বিশ্বের যে দেশ প্রযুক্তিতে যত বেশি ইনক্লুড, সে দেশ তত বেশি উন্নত। আমরা এটা জানি না যে, অতীতের আরও অনেক ভাষাই হয়তো যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে।
সম্প্রতি ইউনেস্কোর হিসাব অনুযায়ী বিশ্বে ছয় হাজারের অধিক ভাষার মধ্যে অন্তত ৪৩ শতাংশ ভাষা সংকটাপন্ন। বিশেষ করে জাতিগোষ্ঠীর ভাষা এবং আঞ্চলিক ভাষা বিলুপ্তির পথে। ডিজিটাল বিশ্বে ব্যবহৃত হচ্ছে পৃথিবীর প্রায় ১০০ ভাষা। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করা হয় মাত্র কয়েকশ বহুল ব্যবহৃত ভাষায়। কাজেই ভাষা হারিয়ে যাওয়ার এ ধারা আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে।
ভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে জাতিসংঘ সংস্থাগুলো মাতৃভাষা বা প্রধান ভাষার ওপর ভিত্তি করে বহুভাষাভিত্তিক শিক্ষাব্যবস্থাকে উৎসাহিত করছে। এই লক্ষ্যে ২০২২-২০৩২ সময়কে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ কার্যক্রম দশক হিসেবে ঘোষণা করা হয়। ইউনেস্কো আরও তথ্য দেয় যে, পৃথিবীতে প্রতি ১৪ দিনে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। বিষয়টা গুরুত্ব দেবার মতো। ভাষা একটা জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বয়ে চলে। ভাষা বিলীন হয়ে যাওয়া মানে সেই জনগোষ্ঠীর অস্তিত্ব সংকটকে বুঝায়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের গবেষণায় দেখা যায়, আমাদের দেশের নৃগোষ্ঠীদের ব্যবহৃত ৪১টি ভাষার মধ্যে ১৪টির অবস্থা মুমূর্ষু। কোনো কোনো ভাষায় কথা বলবার মতো লোকের সংখ্যা ১০ থেকে ১২ জনে এসে ঠেকেছে। বাংলাদেশের সিলেট অঞ্চলে খারিয়া আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা ৩ থেকে ৪ হাজার হলেও মাত্র দুজন পারসি ভাষায় কথা বলতে পারে। এই দু’বোন মারা গেলে এই ভাষায় কথা বলবার মতো আর একজন লোকও থাকবে না। অর্থাৎ ভাষাটি তখন বিলুপ্ত হয়ে যাবে। এই ভাষাগুলোর কোনো লিখিত ডকুমেন্টস না থাকা একটা বড় কারণ। অন্যদিকে ভাষার বিকাশ এবং ভাষার বেঁচে থাকাও অনেকখানি নির্ভর করে প্রযুক্তির ওপর। মূলত যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয় ভাষার। আর এজন্যই প্রযুক্তিতে ভাষাটি কতটা মানিয়ে নিতে পারছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষা প্রায় আট হাজার। এই সংখ্যার মধ্যে বহুল ব্যবহৃত ভাষার সংখ্যা মাত্র ৪ শতাংশ। সর্বাধিক কথিত বা ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান সপ্তম। যদিও বাংলা সাহিত্যের ব্যাপ্তি বিস্তৃতি এবং সাহিত্যের মান নির্ধারণে সাহিত্য সমৃদ্ধ এই বাংলা ভাষা প্রথম সারিতে অবস্থান করার যোগ্যতা রাখে। তবু ভাষাবিদগণ চিন্তিত বাংলা ভাষা নিয়ে। তথ্যপ্রযুক্তির এই যুগে বাংলা ভাষা সমৃদ্ধির সোপানে অবগাহন করবে নাকি অন্ধকারে টিমটিমে আলোয় পথ চলবে সেই প্রশ্ন অনেকের। ভাষা গবেষকগণ মনে করেন ২০৫০ সাল নাগাদ বাংলাভাষা ব্যবহারকারী লোকের সংখ্যা দাঁড়াবে ৩১ কোটি ৬০ লাখ। এই সংখ্যাটা তখনই সম্ভব যখন এই ভাষাকে তথ্যপ্রযুক্তি বা ইন্টারনেটের সাথে সংযোগ করা সম্ভব হবে। শুধু আবেগ দিয়ে যেমন মানুষ বাঁচিয়ে রাখা যায় না, তেমনি ভাষার বেঁচে থাকাও নির্ভর করে বাস্তব উপযোগিতার ওপর। অর্থাৎ ভাষা কখনও এমনি এমনি বাঁচে না, তাকে বাঁচিয়ে রাখতে হয়। প্রকৃতির বিপন্ন প্রাণী বা উদ্ভিদকে টিকিয়ে রাখার জন্য যেমনি প্রাকৃতিক কৌশল মানুষকেই উদ্ভাবন করতে হয়, ভাষাকে টিকিয়ে রাখতেও প্রয়োজনীয় যুগোপযোগী কৌশল অবলম্বন করতে হবে।
ইউনেস্কোর ভাষ্যমতে, একটি ভাষা তখনই হারিয়ে যায়, যখন সেই ভাষায় কথা বলা মানুষগুলো অন্য ভাষা গ্রহণ করে বা নিজের ভাষা ত্যাগ করে। এক্ষেত্রে বহিরাগত নানা শক্তির চাপ, হতে পারে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক বা শিক্ষার আধিপত্যবাদ। যার কারণে ভাষা কোণঠাসা হয়ে পড়ে। তবে ভাষার প্রতি অবহেলা বা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে ভাষা ক্ষয়িষ্ণু হতে পারে। প্রযুক্তির যুগে এই সকল কিছুকে তুচ্ছ করে বড় ধরনের প্রতিশ্রুতি এবং চ্যালেঞ্জ দুটোই রয়েছে। অবশ্যই প্রযুক্তির সঙ্গে ভাষা ও সংস্কৃতির সমন্বয় এখানে ইতিবাচক গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। আমাদের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি লাভে তথ্যপ্রযুক্তির সঙ্গে বাংলা ভাষাকে প্রয়োজনানুসারে অন্তর্ভুক্ত করা দরকার। তবে একথা সত্যি যে, তথ্যপ্রযুক্তির সঙ্গে বাংলা ভাষার সমন্বিত প্রয়োগ খুবই সীমিত। গত এক দশকে দেশে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যতোটা কাজ হয়েছে সেসব হচ্ছে ই-গভর্ন্যান্স, শিক্ষা ক্ষেত্রে বাংলায় ডিজিটালাইজেশন, ব্যবসা-বাণিজ্যে বাংলায় ডিজিটাল রূপান্তর, মোবাইল সেবা ও মোবাইল ব্যাংকিং ইত্যাদি। তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার যদিও তুলনামূলক হারে বেড়েছে। কিন্তু এটা বাংলাকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়।
প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে পারছে না আমাদের ভাষা। প্রায় সকল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ইংরেজি ভাষা এবং প্রযুক্তির সূতিকাগার হিসেবে পাশ্চাত্য দেশগুলোর ত্বরান্বিত মজবুত উপস্থিতিতে ইংরেজিই হয়ে উঠেছে প্রযুক্তিপণ্যের নিয়মিত ভাষা।
১৯৩২ সালের এল সালভেদর গণহত্যায় ৩০ থেকে ৪০ হাজার আদিবাসী উধাও হয়ে যায়। জীবন বাঁচাতে স্বৈরাচারী সরকারের ভয়ে নিজেদের ভাষা ও সংস্কৃতিকে ত্যাগ করতে বাধ্য হয় তারা। তবে ভাষার টেকসই নির্ভর করে ভাষার ব্যবহারের ওপর। ভাষা তখনই নিরাপদ যখন সেটা উচ্চশিক্ষা, উচ্চ-আদালত, প্রশাসনিক ও কূটনৈতিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিল্প-সাহিত্য, ও ধর্মচর্চায় বহুলভাবে ব্যবহৃত হয়।
আর আঞ্চলিক ভাষার প্রসঙ্গে বলতে গেলে অনেক সময়ের দূরত্বে ক্ষয়ে গেছে আমাদের মাতৃভাষা। আমরা যখন আমাদের সংস্কৃতি বিসর্জন দিয়ে ভদ্রলোক হতে শুরু করেছি ঠিক তখন থেকে। তলিয়ে গেছি ধীরে আধুনিক সভ্যতায়। সভ্য হবার তাড়নায় সুবোধের মতো পরিহার করেছি আঞ্চলিকতা। এমনকি আমরা নিজেরাই আর মনে করতে পারি না আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য। আমরা সময় মেরামতে হাত দিয়েও কালের মরিচা সরিয়ে ফিরিয়ে আনতে পারি না আর আমাদের পূর্ব পুরুষের ভাষাকে। অথচ আমাদের বেড়ে ওঠা জীবন যাপন সকলই আঞ্চলিকতায় মুড়ে ছিলো।
আমাদের আগের জেনারেশন যেভাবে কথা বলতো। যে শব্দগুলো উচ্চারণ করতো সেগুলো আর খুঁজে পাওয়া যাও না। চারপাশের পরিবেশ প্রকৃতি আমাদেরকে সময়ানুযায়ী বদলে দিয়েছে অনেকখানি। নিজেদের ভদ্র করার জন্য নিজস্ব ভাষা আর সংস্কৃতিকে প্রায় মুছে ফেলেছি। অথচ আমাদের প্রত্যেকের উচিত যার যার নিজস্ব সংস্কৃতির প্রতিনিধিত্ব করা। ভাষা সেই সংস্কৃতির এক মৌলিক উপাদান।
ভাষার সংগ্রাম হচ্ছে নিজের সংস্কৃতিকে টিকিয়ে রাখবার যুদ্ধ। একটা অঞ্চলের সংস্কৃতি সেই অঞ্চলের ভাষানির্ভর। অথবা ভাষা সংস্কৃতিনির্ভর। ঠিক যেমন করে আমরা বাঙালি। বাংলা আমাদের রাষ্ট্র ভাষা। সাধু বা চলিত। প্রমিত নিয়ম মেনে ভাষার ব্যবহার হয়। ভাষা চলছে তার নিজস্ব গতিতে। তবে রাষ্ট্রীয় সমস্ত কাজে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা দরকার সবার আগে। গত ২০২৩ সালের ভাষার মাস থেকেই আদালতে রায় লেখা শুরু হয়েছে বাংলা ভাষায়। রায় সাধারণত ইংলিশে লিখিত হয়। রাষ্ট্রীয়ভাবে বিস্তৃত হোক আরও অমনকখানি, আমাদের প্রিয় বাংলা ভাষা।
পৃথিবী জুড়েই আগ্রাসনের স্বীকার ভাষা। পুঁজিবাদীরা নিয়ন্ত্রণ করে ভাষাকেও। ভাষা তাই প্রাণ হারায়। ভাষা হারায় তার নিজস্ব গতি। সভ্যতার আক্রমণে বিস্মৃত প্রায় আমার মাতৃভাষাও। দুর্দশাগ্রস্ত আমাদের সংস্কৃতিও। প্রত্যেকের আঞ্চলিক ভাষা হচ্ছে তার মাতৃভাষা। বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির ভিন্নতা, জীবন যাপনের ভিন্নতাই আমাদের চিন্তা- চেতনা-সাহিত্য সংস্কৃতিকে বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ করে। জীবন জীবিকা আমাদেরকে তাড়িয়ে বেড়ায় বিভিন্ন প্রান্তে। আমরা অভ্যস্থতায় আটকে থাকি। অভ্যস্ত হই পরিবেশের ভেতর। নিজেকে খোঁজার অবকাশ নেই। এমনি করেই ভাষাও মিলিয়ে যায়। বিলীন হয় মাতৃভাষা। আমাদের জীবনের পরতে পরতে আমাদের সংস্কৃতি এবং ভাষাকে আগলে রাখার চেতনা বুনে দিতে হবে।
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। ভাষার উৎপত্তি -উত্থান -জন্মাতিহাস আলোচনায় তাই চর্যাপদ আমাদের সর্বোপরি প্রসঙ্গ। এছাড়া আমাদের ভাষার ইতিহাস জানবার তেমন কোনো পথ খোলা নেই। আর সেই চর্যাপদ কিন্তু সাহিত্য। সেই সময়ের সাহিত্য। চর্যাপদ বিশ্লেষণে উঠে আসে চর্যাপদের পদ রচনার প্রেক্ষিত। চোখের সামনে ভেসে ওঠে সময়ের প্রতিচ্ছবি।
কাজেই এটা বলার অপেক্ষা রাখে না যে, আজকের সাহিত্যই আমাদের আজকের জীবন ধারা এবং ভাষাকে আগামীর দোরগোড়ায় পৌঁছে দেবে। সাহিত্যের ভেতরও তাই আঞ্চলিকতা নিয়ে আসা দরকার। তবে তা হবে সচেতনভাবে সন্তর্পণে। অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে আমাদের বর্তমান আঞ্চলিক ভাষা।
সাহিত্য ভাষাকে টেনে নিয়ে যায় আগামীতে, সুদূর ভবিষ্যতে। সংস্কৃতিকে সমৃদ্ধির দায় তাই সাহিত্যিকদেরকেই নিতে হবে। ভাষা এভাবেই এগিয়ে যাবে সাহিত্যের পথ ধরে।
লেখক: আইনজীবী, প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

