অর্থনীতির অন্যতম সমস্যা হলো মূল্যস্ফীতি যা মানুষের জীবনে চলার পথকে ব্যাঘাত ঘটায়। সৃষ্টি করে জীবনযাপনে হরেক রকম সমস্যা। যা উতরানো হয়ে ওঠে নিম্ন শ্রেণির মানুষদের জন্য এককভাবে দুঃসাধ্য। মূল্যস্ফীতি খরচ বাড়ায়, ক্রয় ক্ষমতা কমায়। উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করে সমাজের প্রান্তিক মানুষের তরে।
অর্থনীতির এক সমীক্ষা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্তমানে মূল্যজনিত মুদ্রাস্ফীতির কবলে রয়েছে। যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী। বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। এর অর্থ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের দাম ৯ শতাংশ হারে বাড়ল ও একই পরিমাণ টাকার ক্রয়ক্ষমতা কমে গেল। যার ফলে আগের একই সমান টাকা দিয়ে বর্তমানে কম পরিমাণ পণ্য কেনা যাচ্ছে। ফলপ্রসূতে সমাজের দিনাতিপাত আয় রোজগার করা মানুষদের পণ্য কিনতে বেগ পেতে হচ্ছে।
করোনা ভাইরাস ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে রপ্তানি প্রবাহ কমে যায়। রেমিট্যান্স প্রবাহও কমে যায়। যার ফলে আমদানির জন্য ডলারের ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংককে টাকা চাপাতে হয়েছে। সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া ও ঋণখেলাপি বেড়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকে তারল্য সংকটে সম্মুখীন হতে হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংককে টাকা ছাপানোর মতো অর্থনীতির অন্যতম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলপ্রসূতে মুদ্রাস্ফীতি লাগামহীন বৃদ্ধি ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে।
এক পরিসংখ্যান থেকে দেখা যায়, বাংলাদেশ ২০১৯ সালে মুদ্রাস্ফীতি ছিল ৫.৫৯ শতাংশ যা ২০১৮ সাল থেকে ০.০৫ শতাংশ বেশি। ২০২০ সালে মুদ্রাস্ফীতি দাঁড়ায় ৫.৬৯ শতাংশ যা ২০১৯ সাল থেকে ০.১ শতাংশ বেশি। ২০২১ সালের মুদ্রাস্ফীতি ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫.৫৫ শতাংশ। করোনা ভাইরাসের কারণে ২০২২ সালে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ছিল ৭.৭ শতাংশ। যার রেশ ধরে মুদ্রাস্ফীতি বেড়েই চলছে। ২০২৩ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি দাঁড়ায় ৯.৪ শতাংশ। বর্তমানে মুদ্রস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে।
মুদ্রাস্ফীতি তিনটি মূল প্রভাবক হচ্ছে, সরকারের বাজার ব্যবস্থাপনা, আর্থিক নীতি ও আন্তঃবাজার গতি-প্রবাহ। গৃহস্থালি যে সমস্ত পণ্যগুলো উৎপন্ন হয়, তা ভোক্তার কাছে সরবরাহ শৃঙ্খলের মধ্য দিয়ে পৌঁছাতে খরচ বেড়ে যায়। কিছু সংখ্যক লোক অধিক মুনাফার আশায় বাজার নিয়ন্ত্রণ করে এবং তাদের ইচ্ছায় বাজারের দাম নির্ধারিত হয়। ফলে উৎপাদনকারীরা ন্যায্য অর্থ না পেলেও মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপানোর মতো সিদ্ধান্ত নেওয়ার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর পাশাপাশি আরো কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার কারণে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে।
বাংলাদেশে বাজার ব্যবস্থায় সিন্ডিকেটের একচেটিয়া তথা মনোপলি আধিপত্য বিস্তার করছে। অর্থাৎ একটি মহলের ইচ্ছায় বাজারে পণ্যের মূল্য নির্ধারিত হচ্ছে। দেশের বাজারে অলিগোপলিও বলবৎ রয়েছে, অর্থাৎ যেখানে অনেক ক্রেতা রয়েছে ও সরবরাহকারী ঘুঁটি কয়েকজন। যেমন টেলিফোন বাজার। চার-পাঁচটা কোম্পানি পুরো বাজার দখল করে আছে। ভোজ্যতেলের বাজারও অলিগোপলি এর আওতাভুক্ত।
ডিম, পেঁয়াজ, গোল আলু, চালের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেগতিকভাবে বেড়েই চলছে। উদাহরণ হিসাবে, রমজান উপলক্ষে আমদানি করা প্রতি কেজি খেজুরে খরচ হয় ১০৫ টাকা থেকে ১১০ টাকা কিন্তু বাজারে খেজুরের দাম অন্তত ৪৫০ টাকা ধরে বিক্রি হচ্ছে। সরকারের তরফ থেকে বার বার পদক্ষেপ নিলেও সিন্ডিকেটকে নিয়ন্ত্রণে করা যাচ্ছে না। যার ফলে মানুষের পণ্য ভোগ করার ক্ষমতা কমে যাচ্ছে। ধনী ও গরিবের মধ্যে অর্থনৈতিক ব্যবধান আরো সম্প্রসারিত হচ্ছে।
নতুন টাকা ছাপানো, মাত্রাতিরিক্ত ঋণ খেলাপি ও রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার কারণে দেশের রিজার্ভ কমে যায়, যার ফলে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটে। মুদ্রাস্ফীতি কমানের জন্য বেশ কিছু পদক্ষেপের চেষ্টা চলছে। যার মধ্যে একটি হলো, সুদের হার বাড়িয়ে বাজার থেকে অর্থ সরবরাহ কমানোর চেষ্টা রয়েছে। এর ফলে আমদানিকৃত ও দেশে উৎপাদিত পণ্যের দামও বেড়ে যাবে। আশা করি মুদ্রাস্ফীতি কমাতে সরকার ও নীতি নির্ধারকরা আরো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

