সুন্নতে খতনা করতে গিয়ে দুই শিশুর প্রাণহানি ঘটনায় পুরো গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে বর্তমানে। সবচেয়ে যে বিষয়টি জনমনে বিস্ময় লেগেছে সেটা হলো অতি সাধারণ একটি অস্ত্রোপচার করা হয় খতনায় আর সেই খতনা করাতেই দুজন শিশুর মৃত্যু। বর্তমান আধুনিক চিকিৎসা সেবায় খতনা করাতে যুক্ত হয়েছে অস্ত্রোপচার আর এই সাধারণ অস্ত্রোপচার করতে ডাক্তারের অবহেলা বা অজ্ঞতার জন্য দুটো ফুটফুটে শিশুকে অবলীলায় প্রাণ দিতে হলো। বিষয়টি নিয়ে সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। প্রথম ঘটনাটি একমাত্র ছেলে আয়ান আহমেদকে খতনা করানোর জন্য গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার সাতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান বাবা শামীম আহমেদ। সেখানে অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি সাড়ে পাঁচ বছর বয়সী শিশুটির। ভুল চিকিৎসা ও হাসপাতালের অবহেলার কারণেই আয়ানের অশালমৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বাবা শামীম আহমেদ।
“আমার ছেলেটার ঠাণ্ডার সমস্যা ছিল জেনেও তারা ফুলবডি অ্যানেসথেসিয়া কীভাবে দিলো? তাছাড়া খতনা চলাকালে ৩০ থেকে ৪০ জন মেডিকেল শিক্ষার্থীকে তারা দর্শক হিসেবে ওটিতে ঢুকালো। এটা কোন ধরনের ওটি?” ক্ষুব্ধ কণ্ঠে বিবিসি বাংলাকে বলেছিলেন বাবা শামীম আহমেদ।
দ্বিতীয় ঘটনাটি হলো-শিশু আয়ানের মৃত্যুর রেশ না কাটতেই এবার মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর নাম আহনাফ তাহমিন আয়হাম । স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেসথেসিয়া দেওয়ার কথা থাকলেও তারা ফুল অ্যানেসথেসিয়া দিয়েছে। যে কারণে আহনাফের আর জ্ঞান ফেরেনি। আয়ানের মৃত্যুর রেশ না কাটতেই এবার মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেসথেসিয়া দেওয়ার কথা থাকলেও তারা ফুল অ্যানেসথেসিয়া দিয়েছে। যে কারণে আহনাফের আর জ্ঞান ফেরেনি। ২০ ফেব্রুয়ারি রাত ৮টায় আহনাফকে সুন্নাতে খতনা করাতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়। সূত্র মতে, মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে সন্তানকে সুন্নাতে খতনা করাতে আসেন শিশু আয়হামের বাবা ফখরুল আলম ও মা খায়কুন নাহার চুমকি। রাত আটটার দিকে খতনা করানোর জন্য অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আহনাফের।
আহনাফের বাবা ফখরুল আলম বলেন, আমরা চিকিৎসককে বলেছিলাম যেন ফুল অ্যানেসথেসিয়া না দেওয়া হয়। তারপরও আমার ছেলের শরীরে সেটি পুশ করেন ডাক্তার মুক্তাদির। আমি বারবার তাদের পায়ে ধরেছি। আমার ছেলেকে যেন ফুল অ্যানেসথেসিয়া না দেওয়া হয়। তিনি বলেন, আমার সন্তানকে অ্যানেসথেসিয়া দিয়ে হত্যা করা হয়েছে। এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষ সবারই। আমি তাদের কঠোর শাস্তি চাই। (তথ্য সূত্র : যুগান্তর, ২১ ফেব্রুয়ারি, ২০২৪)।
একটা সময় ছিল যখন অ্যানেসথেসিয়া দেয়া ছাড়াই অস্ত্রোপচার করা হতো। কিন্তু কালের পরিক্রমায় সেটি বদলে গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. শাহ আলম ভূঁইয়া বলেন, ‘এতে নির্বিঘ্নে অস্ত্রোপচার করে ফেলা যায়।’
অ্যানেসথেসিয়ার একাধিক ধরন রয়েছে। যেমন, শরীরের কোনো নির্দিষ্ট অংশে ছোট অস্ত্রোপচার করার সময় কেবল ওই অংশটিকেই অবশ করা হয়। এটি ‘লোকাল অ্যানেসথেসিয়া’ নামেই বেশি পরিচিত। ডা. শাহ আলম ভূঁইয়া জানান, ‘মূলত রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে একটা ধারণা পেতে এসব পরীক্ষা করা হয়। কোন ধরনের অ্যানেসথেসিয়া দেয়া তার জন্য নিরাপদ হবে, এর মাধ্যমে সেটি বোঝা যায়।’ কাজেই কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করা হলে রোগীর জীবন সংকটাপন্ন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানান তিনি।
শিশু আয়ানের মৃত্যু সংক্রান্তে ৯ জানুয়ারি জনস্বার্থে স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে এ ঘটনার যথাযথ তদন্ত ও ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত ডাক্তারদের সনদ বাতিল চাওয়া হয়েছে। ৯ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আয়ানের মৃত্যুর ঘটনায় ২৯ জানুয়ারি জমা দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। প্রতিবেদনটিতে ‘আইওয়াশ’ হিসেবে উল্লেখ করে এতে করা সুপারিশগুলো ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানিতে বলেন, ‘আমরা চিকিৎসক নই। তবে আমরা মেডিকেল জুরিসপ্রুডেন্স নিয়ে পড়াশোনা করেছি। এটা বোঝা যাচ্ছে যে আপনাদের (সংশ্লিষ্ট চিকিৎসকদের) অবহেলা ছিল। কোনো ধরনের তদন্ত না করেই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাইপাস সার্জারির জন্য সাধারণত এত বিপুল মাত্রার ওষুধের প্রয়োজন হয় না।’ ‘চিকিৎসকরা তার (আয়ান) ব্রঙ্কিয়াল অ্যাজমার সমস্যা রয়েছে জানতে পারার পরেও কেন এত তাড়াহুড়া করে তার খতনা করা হয়েছিল? অপারেশনের জন্য তারা কিছুদিন অপেক্ষা করতে পারতেন।’ ১৫ জানুয়ারির আদেশ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) তুষার কান্তি রায়ের মাধ্যমে ১৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়।
প্রতিবেদনে তদন্ত কমিটি বলেছে, খতনা অপারেশনের কারণে আয়ানের স্বাভাবিক রক্তক্ষরণ হয়েছে এবং সিপিআরের (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) কারণে তার পাঁজরের হাড় ভেঙে গিয়ে থাকতে পারে। ওই তদন্ত কমিটির সদস্যরা হলেনÑমুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শাদুল আলম, হাসপাতালের সহকারী পরিচালক ও অ্যানেসথেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সত্যজিৎ কুমার সাহা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. আলী হাসান। ডিএজি হাইকোর্ট বেঞ্চে তদন্ত প্রতিবেদনের কিছু অংশ পড়ে শোনানোর পর রিট আবেদনকারী আইনজীবী শাহজাহান আদালতকে বলেন, তদন্ত প্রতিবেদনে কারসাজি করা হয়েছে। তিনি আয়ানের মৃত্যু নতুন করে তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নতুন করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিশু আয়ান ও আহনাফের মৃত্যুতে দায় নেবে কে এমন প্রশ্ন আমার মতো অনেকের। আমাদের দেশের চিকিৎসা খাত নিয়ে জনমনে নানান অভিযোগ। দেশীয় চিকিৎসা সেবার মান নিয়েও অনেকের কাছে প্রশ্ন। তাই বিদেশি চিকিৎসা সেবা নিতে মানুষ প্রতিনিয়তই ভারতে ছুটে যাচ্ছেন। কিছু কিছু অসৎ ডাক্তারের রোগীর টেস্ট বাণিজ্য ও কিছু কিছু অনভিজ্ঞ ডাক্তারের দ্বারা অপারেশনে রোগীর প্রাণহানি ও ক্ষতি চিকিৎসা খাতে অনেকটা বদনাম ছড়াচ্ছে। বেশিরভাগ প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক, হাসপাতালে সরকারি ডাক্তাররা চিকিৎসা সেবার কাজ করে থাকেন। সেক্ষেত্রে হয়তোবা সরকারি অফিস টাইমের বাইরে প্রাইভেটে সময় দেওয়ার কথা কিন্তু বাস্তবে সেটা কতটুকু হচ্ছে সেটাই প্রশ্ন। সময় বাঁচাতে অনেক সময় তাড়াহুড়া করে কোনো অপারেশন কিংবা রোগীর প্রেসক্রিপশন করতে গিয়ে ডাক্তাররা অনেক সময় ভুল চিকিৎসা করে থাকেন। এতে করে ক্ষতিগ্রস্ত হয় রোগী কিংবা রোগীর জীবন। সারা দেশে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে থাকা নিবন্ধনবিহীন কিংবা লাইসেন্স নবায়নবিহীন অনেক ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল আছে বলে অনেকের ধারণা। এসব প্রতিষ্ঠানে সরকারি পদক্ষেপ বৃদ্ধি ও চিকিৎসকদের চিকিৎসা সংক্রান্তে দক্ষতা বৃদ্ধি পেলে রোগী হয়রানি ও অকালে রোগী মৃত্যুর হার কমে আসবে।
লেখক: আইনজীবী ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

