আমাদের চারপাশে হট্টগোল এতই বেড়েছে যে বিজ্ঞানীদের অভিমত প্রতি ছয় বছরে হট্টগোল বা নয়েজের মাত্রা দ্বিগুণ হারে বাড়ছে, এতে আমাদের শ্রবণশক্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বিশেষজ্ঞদের মতে ২০২৫ সালের মধ্যে ১০ বছর বয়সের ঊর্ধ্বে অনেকেই স্বাভাবিক শ্রুতিশক্তির অধিকারী থাকবে না। শব্দ প্রতিরোধে একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছে যার নাম Organization for Economic co-operation and Development। সংস্থাটির কাজ হলো ইউরোপ ও এশিয়ার ২৬টি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করা। অবাঞ্ছিত শব্দ প্রতিরোধ ইত্যাদি তাদের কাজের অন্তর্গত। এ সংস্থাটি ২৪টি দেশে ২০ বছর সমীক্ষা চালিয়ে দেখেছেন সে সব দেশে ইতিমধ্যে মনুষ্যকৃত শব্দ বেড়েছে দ্বিগুণ-এর কারণ মুখ্যত বিমান কলকারখানা ও যন্ত্রচালিত যান বৃদ্ধি। এছাড়া এক সময় যেখানে গ্রামাঞ্চল ছিল সেখানে নগরায়ণের ফলে শব্দের উপদ্রব বেড়েছে। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ নষ্ট হচ্ছে, পশু পাখির সংখ্যা কমছে, বাড়ছে মানুষ।
শ্রবণশক্তি একটি আশীর্বাদ। দূরে পড়া বাজের শব্দ, ঘণ্টাধ্বনি, মাইকের আওয়াজ, পাখির কলতান, বাদ্যযন্ত্রের মূর্ছনা এ সব শোনা সম্ভব হয় শ্রবণশক্তির কারণে। ঐতিহাসিকরা বলেন, মানুষের আবির্ভাবের অনেক পূর্বেও এ শক্তি প্রাণীদের ছিল। এমনকি প্রায় ৪০ মিলিয়ন বছর পূর্বে স্তন্যপায়ী সদৃশ সরীসৃপ পেলিকোসার শ্রবণ শক্তির অধিকারী ছিল।
বর্তমানে যন্ত্রযুগে, হইচই নানা গন্ডগোলের জন্য চড়া স্বরে কথা না বললে কেউ শুনতে পায় না। ভবিষ্যতে এমন দিন আসবে যখন কণ্ঠস্বর সর্বোচ্চ মাত্রায় না তুললে হয়তো যেসব অপরের শ্রুতিগোচর হবে না। কথাটা শুনতে অপ্রিয় হলেও মার্কিন বিজ্ঞানীদের মতে, গত কয়েক দশকে পৃথিবীর সর্বত্র যানবাহন, কল-কারখানা ইত্যাদির শব্দ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। রাস্তায় মোটর যান, লরি ইত্যাদি যান চলাচলের শব্দ প্রায় ৬০-৭০ ডেসিবেল । আকাশে ওড়ার ঠিক আগে বিমান থেকে যে শব্দের সৃষ্টি হয়, তার পরিমাণ ১২০ ডেসিবেল বা তার কাছাকাছি হয়। তাহলে মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে বা মানুষ চির বধিরত্ব লাভ করতে পারে। পরীক্ষায় দেখা গেছে যে, ১৭৫ ডেসিবেলের শব্দে ইঁদুর সঙ্গে সঙ্গে প্রাণ হারায়।
মানুষের জীবনের শব্দের এ সমস্যা হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনাতো নেই বরং দিনে দিনে এ সমস্যা ত্রমশ বৃদ্ধি পাচ্ছে। যানবাহন, কলকারখানার শব্দ তো আছেই তার সঙ্গে যোগ হচ্ছে প্রতিনিয়ত হাজার রকমের অবাঞ্ছিত শব্দ। যানবাহনের, ঢাক-ঢোলের আওয়াজ, মাইক্রোফোনের আওয়াজ, দোকানে লাগানো লাউড স্পিকারের আওয়াজ এসব আজ মানুষের প্রাত্যহিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র শহরে নয়, সুদূর গ্রামাঞ্চলও আজ শব্দ দূষণের হাত থেকে রেহাই পাচ্ছে না মানুষ। কৃষি যন্ত্রপাতি, ট্রাক্টর, লরির শব্দ আজ শান্ত গ্রামের পরিবেশকেও দূষিত করে তুলছে। এমন অনেক অফিস আছে যেখানে টাইপ মেশিন, বাতানুকূল যন্ত্র ইত্যাদির শব্দের জন্য সাধারণ মানুষের কথাবার্তা ঠিক মতো শোনা যায় না। বাড়িতে ওয়াশিং মেশিনের শব্দ, টিভির শব্দ, জেনারেটরের শব্দও আজকাল বাড়ির শান্ত ও নিস্তব্ধ পরিবেশকে বিপর্যস্ত করে দিচ্ছে।
বিরক্তিকর শব্দ মানুষের শরীরে স্নায়ুবিক দুর্বলতা বাড়ায়। মনকে করে তোলে ক্ষিপ্ত বা উত্তেজিত। শব্দের দাপটে ঘুম না ভাঙলেও নিদ্রার ব্যাঘাত ঘটে এবং তার ফলে হ্রাস পায় কর্মদক্ষতা। ভুলভ্রান্তি ঘটে কাজকর্মে। সৃজনশীল প্রতিভার ব্যাঘাত হয় এবং শরীর হয়ে পড়ে অবসাদগ্রস্ত। পরীক্ষায় দেখা গেছে, প্রচণ্ড শব্দে মানুষের শরীরের বেশ কিছু ক্ষতিকর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মতে, রাস্তায় চলাচলকারী ভারী যানবাহন বা আকাশের বিমানের শব্দে গবাদিপশু বা হাঁস-মুরগির উৎপাদনে ব্যাঘাত ঘটে। বয়সের সঙ্গে যদি শ্রবণশক্তির ধার কমে আসে, বৃদ্ধদের কথা শোনাতে জোরে কথা বলতে হয়। একথা সত্যি, এ শক্তিহানির কিছু অংশ ঘটে দৈনন্দিন শব্দ দানব যেভাবে আমাদের কানের ওপর অত্যাচার করছে শ্রবণশক্তি হ্রাসের জন্য? এ ব্যাপারে অবশ্য সমীক্ষা করলে বোঝা যেত। অনেক দেশে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, স্বাভাবিক জনসংখ্যাতে বেশ শ্রবণ শক্তিহানি ঘটছে।
শব্দ দূষণের ফলে যে ক্ষতি হচ্ছে শরীরে, তা মোটামুটি অখণ্ডনীয়। এ হচ্ছে চিন্তার বিষয়। বিজ্ঞানীরা শব্দ দূষণের উৎস খুঁজতে গিয়ে দেখেছেন শিল্প কারখানা, যানবাহন আকাশপথ ও স্থলপথ এবং গোষ্ঠিগত কার্যকলাপ, বিনোদন এবং নির্মাণ কাজের শব্দ। ফিসফিস করে কথা বলার মধ্যে যে মাধুর্য ছিল তা আমরা হারাতে বসেছি। অন্তরঙ্গ আলাপ হয়তো ভবিষ্যতে হবে বিরাট হাঁকডাক করে। কুটনিপনা হবে উঁচু গ্রামে। এমন মন্তব্য লসএঞ্জেলসের শব্দ বিজ্ঞানী ডা. ভার্ন ও নুভসেনের।
শব্দ মানুষেরই সৃষ্টি। এ শব্দ দানব হয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। দূষিত করছে পরিবেশ। এ থেকে রেহাই পেতে আমাদের নিজেদেরকে অনর্থক হট্টগোল সৃষ্টির পথ থেকে দূরে চলে আসতে হবে। কারণ উৎকট শব্দে আজ আমরা পরিশ্রান্ত। মনে হয় বলি, দাও ফিরে সে অরণ্য লহ হে নগর।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

