রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড- এই মুহূর্তে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এক বিভীষিকা নাম। এই আগুন দুর্ঘটনায় মুহ্যমান হয়ে পড়েছে স্বদেশভূমি। ৫৬ হাজার বর্গমাইলের দেশটির এমন কোন প্রান্ত পাওয়া যাবে না যে খানে এই আগুনের উত্তাপ স্পর্শ করেনি। প্রায় ১৮ কোটি জনসংখ্যার এই দেশে এমন কোন হৃদয় পাওয়া যাবে না যে হৃদয় এই আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে ডুকরে কেদে ওঠেনি। দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি মানুষকে স্পর্শ করেছে এই আগুনের লেলিহান শিখা।
এই ঘটনা কিন্তু নতুন নয়। নিকট অতীতের ঘটনা বিশ্লেষণ করলে আমরা দেখবো প্রায় ই এই ভয়াবহ দানব কারো না কারো ওপর জেঁকে বসেছে। এই আগুন দুর্ঘটনার লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে তরতাজা প্রাণ। নিঃশেষ হয়ে যাচ্ছে অনেকের বেঁচে থাকার স্বপ্ন। অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে যাচ্ছে এই দানবের করাল থাবায়। আমরা হয়তো এই দানবের লেলিহান শিখায় পুড়ে যাওয়া তাজা প্রাণগুলোকে দেখে আঁতকে উঠছি, হয়তো শোকে মুহ্যমান হচ্ছি কিন্তু যে কাজটি করা দরকার তা কতটুকু করছি আমরা? কখনো কি ভেবে দেখেছি আগুন দুর্ঘটনা মোকাবিলা করার মতো আমাদের আসলে কতটুকু সক্ষমতা রয়েছে? কেনই বা এই দুর্ঘটনা বারবার আমাদের জীবনে পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ পাচ্ছে? এখন সময় এসেছে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার।
প্রায় প্রতিটি দুর্ঘটনার পর আমরা দেখি আমাদের কর্তা ব্যক্তিরা মিডিয়ার সামনে এসে শোক প্রকাশ করে বেশ শক্ত শক্ত কথা বলেন। তারা আরও শক্তৎভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু শক্ত তদন্ত কমিটির শক্ত রিপোর্টটি কোনো এক অজানা কারণে নরম হয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের অতল গহ্বরে হারিয়ে যায়। আরও হাস্যকর বিষয় হলো প্রতিটি দুর্ঘটনার পর আমরা জানতে পারি নিয়ম না মানার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। অবস্থাদৃষ্টে মনে হয় আমাদের নিয়ন্ত্রক সংস্থার কুম্ভকর্নের ন্যায় ঘুম দুর্ঘটনা ছাড়া ভাঙার কোনো সম্ভাবনা নেই। দুর্ঘটনা ঘটার পর তারা বিশ্বাস করেন সেই খানে অনিয়ম ছিল। তার আগে অনিয়ম বিষয়ে বিন্দুমাত্র খবর তাদের কাছে থাকে না। এমন কোনো দুর্ঘটনা নেই যেখানে কর্তা ব্যক্তিরা এই নিয়মের ব্যতিক্রম করেছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোত অথবা পুরান ঢাকার চুড়িহাট্টা কিংবা নতুন ঢাকার এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ড- কোনো ইস্যুতেই এই নিয়মের ব্যতিক্রম হয়নি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন দুর্ঘটনা লাগার পরেও এই তথাকথিত নিয়মের ব্যতিক্রম হয়নি। সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার বিএম কনটেইনার ডিপো ২৪ একর জায়গাজুড়ে অবস্থিত। প্রতিষ্ঠানটি মূলত পণ্য রপ্তানিতে কাজ করে। এখান থেকে পণ্য রপ্তানির জন্য কনটেইনারগুলো প্রস্তুত করে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। ৩৮ ধরনের পণ্য রপ্তানিতে কাজ করে প্রতিষ্ঠানটি। একটি আইসিডিতে কী পরিমাণ যন্ত্রপাতি থাকতে হবে, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে কী কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদি বিষয় তুলে ধরে শর্তাবলি নির্ধারণ করা রয়েছে। এসব শর্ত না মানলে লাইসেন্স স্থগিত রাখারও সুপারিশ করেছিল নীতিমালা প্রণয়ন কমিটি। আইসিডি নীতিমালা অনুযায়ী, আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থার শর্ত থাকলেও প্রতিষ্ঠানটি তার অনেকটা মানেনি বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় আগুন দুর্ঘটনার নেপথ্যে ছিল হাইড্রোজেন পারঅক্সাইড বোঝাই কনটেইনার। বিস্ফোরক পরিদপ্তর বলছে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো দাহ্য কেমিক্যাল মজুত করার ক্ষেত্রে তাদের অনুমোদন নেওয়া হয়নি। আশ্চর্যের বিষয় হলো অনুমতি ছাড়া কিভাবে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো দাহ্য কেমিক্যাল কিভাবে তারা প্রকাশ্যে মজুদ করে রাখল? বিস্ফোরক পরিদপ্তর এত দিন কই ছিল ? আরও কেউ যে একই কাজ করছে সেই বিষয়ে বিস্ফোরক পরিদপ্তরের কাছে নিশ্চিত কোনো তথ্য আছে ? নাকি আরেকটি দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী অবৈধ মজুদ দার সম্পর্কে তথ্য জানার জন্য?
ঠিক একইভাবে চকবাজারের দুর্ঘটনার পর একটি কথা বলে মূল দায়িত্বকে এড়ানোর চেষ্টা করা হয়েছে তা হলো পুরান ঢাকার স্থাপনাগুলো অনেক পুরানো এবং এলাকা ঘিঞ্জি হবার কারণে সেখানে চাইলেও অনেক কিছু করা সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু ঘটনাটি যখন অভিজাত এলাকা বনানীতে ঘটলো তখন কিন্তু আর শাক দিয়ে মাছ ঢাকার অবস্থা রইল না। দুর্ঘটনার পর জানা গেল সেই একই পুরনো কথা। তা হলো, ভবনটি রাজউকের নিয়ম মেনে করা হয়নি। ভবনটিতে জরুরি মুহূর্তে বের হওয়ার মতো কোনো পথ ছিল না। ২৪ ইঞ্চি সাইজের একটি পথ ছিল। প্রত্যেক ফ্লোরে পথটি এমনভাবে ডেকোরেশন করা ছিল যে, সেই পথ দিয়ে সহজে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। কোনো ফ্লোরে আগুন নেভানোর মতো যন্ত্র ছিল না। দু-একটি অগ্নি নির্বাপক যন্ত্র পাওয়া গেলেও সেগুলো ছিল অকার্যকর। আবার সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি করতে বিন্দু মাত্র ভুল করলেন না কর্তা ব্যক্তিরা, সেই একই গল্প শোনালেন দেশবাসীকে অথচ আমরা জানি একটা ১০ তলার উপরের বিন্ডিং এর প্ল্যান পাস করাতে পরিবেশ, ফায়ার ফাইটিংসহ প্রায় ১৩টি দপ্তরের অনুমোদন লাগে। আমরা শুধু জানলাম নিয়ম মানা হয়নি কিন্তু সেই ১৩টি দপ্তরের কি ভূমিকা ছিল তা অন্ধকারেই রয়ে গেল। ১৮ তলার অনুমোদন নিয়ে কিভাবে ২৩ তলা হলো? এই অনুমোদনহীন ৫ তলার বিষয়ে রাজউক কেনই বা এতদিন চুপ ছিল? যথাযথ নিয়ম না মেনেও কিভাবে রাজধানীর অভিজাত এলাকার বুকে ভবনটি দাঁড়িয়ে ছিল? এ সকল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এক প্রকার রহস্যজনক নীরবতাই পালন করা হলো। এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে বনানীর যে জায়গাটিতে এই টাওয়ারটি অবস্থিত সেই এলাকায় গা ঘেঁষে আরও বেশ কয়েকটি টাওয়ার রয়েছে। প্রত্যেকটি টাওয়ার এতটাই ঘিঞ্জি অবস্থায় যে একটিতে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। স্বভাবতই যে প্রশ্নটি জাগছে তা হলো- সেই এলাকার অন্যান্য ভবন নির্মাণে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না? সেই ভবনগুলোতে অনুমোদনহীন কোন তলা রয়েছে কি না? নাকি এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমাদের আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনার জন্য অপেক্ষা করতে হবে?
জবাবদিহিতার পাশাপাশি আরেকটি বিষয়ের ওপর নজর দেবার সময় এসেছে তা হচ্ছে সক্ষমতা। আগুন দুর্ঘটনা মোকাবিলা করার মতো প্রয়োজনীয় সক্ষমতা আমাদের রয়েছে কি না? ভুলে গেলে চলবে না যে আমাদের দেশে রয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। আমাদের দেশের ফায়ার সার্ভিসের যে সক্ষমতা তা দিয়ে রূপপুরের মতো প্রকল্পের অগ্নি বিষয়ক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব কি না? তবে এই কথাও সত্য যে, সক্ষমতা সরকারি, বেসরকারি এমনকি ব্যক্তি পর্যায়েও বাড়াতে হবে। প্রত্যেককে তার নিজস্ব অবস্থান থেকে সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। মনে রাখতে হবে আগুন দুর্ঘটনার ক্ষতি ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় সকল পর্যায়কেই সমভাবে ক্ষতিগ্রস্ত করে।
সরকারকে অবশ্যই ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে মনযোগী হতে হবে। ফায়ার ফাইটারদের যথাযথ সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ফায়ার ফাইটারদের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ না দিয়ে তাদের কাছে বিশ্বমানের সেবা প্রত্যাশা করা হবে অনেকটা হাত পা বেধে সাঁতার কাটতে বলার মতো। ফায়ার সার্ভিস যত বেশি আধুনিকায়ন হবে আগুন দুর্ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমাণ তত কম হবে। তাই সম্পদ রক্ষা এবং মূল্যবান প্রাণ রক্ষার স্বার্থে ফায়ার সার্ভিসের আধুনিকায়ন অবশ্যম্ভাবী।
রাষ্ট্রীয় পর্যায়ের সাথে সাথে সচেতনতা বেসরকারি এমনকি ব্যক্তি পর্যায়ে সমভাবে জরুরি। অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান যে কোনো স্থাপনা ভাড়া নেয়ার ক্ষেত্রে আগুন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সক্ষমতা সেই স্থাপনাটির আছে কি না সেই বিষয়ে নিশ্চিত হয়ে নিতে হবে। এমনকি ব্যক্তিগত পর্যায়ে বাড়ি ভাড়া নেয়ার ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বের সাথে নিশ্চিত করা উচিত। মনে রাখতে হবে, যখন ভবন মালিকেরা ভাড়াটিয়াদের কাছ থেকে এই ধরনের জবাবদিহিতার মুখোমুখি হবে তখন তারা নিজেদের স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন। যখন স্থাপনাতে আগুন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে তখন আগুন দুর্ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমাণ কমে আসবে।
সবশেষে বলতে চাই, সময় এখন অসহায়ত্ব প্রকাশের নয়, বরং সময় এখন সক্ষমতা বৃদ্ধির। সময় এখন রাষ্ট্র থেকে ব্যক্তিগত পর্যায়ের জবাবদিহিতা নিশ্চিতের। আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে এবং দুর্ঘটনা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা না হলে আগুন দুর্ঘটনা নামক ফ্রাংকেনস্টাইন কেড়ে নেবে আরও তাজা প্রাণ, নিভে যাবে আরও অনেক প্রজ্বলিত আশার প্রদীপ।
লেখক: কলামিস্ট ও অ্যাকটিভিস্ট
মানবকণ্ঠ/এআই

