বিশ্বের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য একটি সুষ্ঠু বদলি প্রক্রিয়া একটি প্রথাসিদ্ধ বিষয়। বাংলাদেশও এ বিষয়ে ব্যতিক্রম নয়। বাংলাদেশের কিছু কিছু প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বদলির রেওয়াজ প্রচলিত আছে। আলাদা আলাদা মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর এর জন্য রয়েছে আলাদা আলাদা বদলি নীতিমালা, যার ভিত্তিতে বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সংশ্লিষ্ট বিভাগগুলো।
বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক। এ অধিদপ্তরের আওতাধীন উচ্চ শিক্ষা স্তরের সরকারি কলেজ সেকশনের জন্য একটি সুষ্ঠু বদলি নীতিমালা থাকলেও মাধ্যমিক সেকশনের জন্য মানা হয় না সেরকম নীতিমালা- যার নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিকভাবে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার উপরে।
একটি দেশের প্রশাসনকে গতিশীল, কার্যকর, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে সেদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল থেকে বদলির ব্যবস্থা করা হয়ে থাকে। বাংলাদেশের সরকারি প্রশাসনও তার কর্মকর্তা-কর্মচারীদের একটি নির্দিষ্ট সময় পর পর এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি করে থাকে। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সামরিক বাহিনীসহ সরকারি সকল প্রতিষ্ঠানেই এমন বদলি কার্যক্রম চলে এবং সরকার বিভিন্ন শ্রেণির সরকারি কর্মচারীদের বদলির ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নিকট অর্পণ করেছে। তবে, নির্দিষ্ট কোন কোন ক্ষেত্রে সরকার জনস্বার্থে এইরূপ বদলির ক্ষমতা সংরক্ষণ করতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় যে, থানা নির্বাহী অফিসারদের এক কর্মস্থল হতে অন্য কর্মস্থলে বদলির ক্ষমতা সরকার নিজেই সংরক্ষণ করতে পারে।
বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য বদলি নীতিমালায় বলা আছে, একই পদে ৩ বছর অতিক্রান্ত হওয়ার অব্যবহিত পূর্বেই মন্ত্রণালয়/বিভাগ ও এদের অধীনস্থ দপ্তর/পরিদপ্তরসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নতুন পদে বা স্থানে বদলি করতে হবে। কর্মকর্তা ও কর্মচারী সকলের ক্ষেত্রে উক্ত আদেশ প্রযোজ্য হবে যদি বর্তমানে প্রচলিত নিয়মানুযায়ী পদটি বদলিযোগ্য হয়ে থাকে। এই নীতিমালায় অত্যন্ত গুরুত্ব দিয়ে আরো বলা আছে, সরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা/দপ্তর/পরিদপ্তর এবং অন্যান্য বদলিযোগ্য কর্মকর্তা যারা একই স্থানে বা একই পদে তিন বছরের অধিককাল যাবত কর্মরত আছেন তাদের অবিলম্বে বদলি করতে হবে।
বাংলাদেশের সরকারি চাকরিতে কর্মকর্তা-কর্মচারীদের তিন বছর পর পর বদলির এই রেওয়াজ এমনকি চাকরিজীবী দম্পতিদের জন্যও একই। সরকারি চাকরিজীবী স্বামী- স্ত্রীদের জন্য বদলি নীতিমালায় বলা আছে, যে সকল কর্মকর্তা বা কর্মচারী এবং তাদের স্ত্রীগণ উভয়ে একই স্থানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদেরও একই পদে ৩ বছরের অধিককাল চাকরি হলে বদলি করা যাবে। তবে এক্ষেত্রে নতুন বদলির স্থানে উভয়ের উপযোগী পদ থাকতে হবে এবং উভয়কে একসঙ্গে বদলি করতে হবে।
শুধুমাত্র শিক্ষা খাত বাদে বাংলাদেশের প্রায় সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরে উপরে উল্লেখিত বদলি নীতিমালা কমবেশি অনুসরণ করা হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রমও থাকতে পারে। সেটাও অস্বীকার করা যাবে না। তবে শিক্ষা খাত এ ব্যাপারে সবচেয়ে অবহেলিত। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের জন্য বদলি নীতিমালা স্বল্প পরিসরে কার্যকর থাকলেও মাধ্যমিক বিদ্যালয়ে চাকরিরতদের জন্য, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বদলির তেমন সুষ্ঠু কার্যক্রম নেই। বিক্ষিপ্ত পরিসরে আবেদনের ভিত্তিতে এবং জনস্বার্থে স্বল্প সংখ্যক শিক্ষকের বদলির আদেশের উদাহরণ পাওয়া গেলেও এখানে বদলির সুষ্ঠু কোনো নীতিমালা অনুসরণ করা হয় না। সরকারি চাকরিজীবী হিসেবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের যেখানে তিন বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে বদলির আদেশ হওয়ার কথা, সেখানে একজন শিক্ষকের একই বিদ্যালয়ে একাধারে বিশ থেকে পঁচিশ বছর কিংবা তারও বেশি সময় পর্যন্ত চাকরি করার উদাহরণ আছে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিক্ষিপ্তভাবে কিছুটা বদলির সুযোগ থাকলেও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বদলির কোনো সুযোগ নেই। এটার কারণ হলো পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান না হওয়ার কারণে এখানে কোনো বদলি নীতিমালা নেই। ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারিতে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুসারে বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০,৩১৬টি। এদের মধ্যে মাত্র ৩৩৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
অর্থাৎ, বাংলাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মোট সংখ্যার মাত্র দুই শতাংশ) সুষ্ঠু বদলি প্রক্রিয়া কার্যকর আছে- এমনটি ধরে নিলেও বাংলাদেশের বাকি আটানব্বই শতাংশ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো বদলি নীতিমালাই এখন পর্যন্ত তৈরি হয়নি।
মানবকণ্ঠ/এফআই

