বাংলাদেশের সর্বত্র ‘আশু সমস্যার আশু সমাধান’- এই সাধারণ সূত্রকেই অবধারিত, স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নিয়ে সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। বর্তমান সরকারও একই সূত্রকে মেনে সেই মোতাবেক রূপরেখা দিয়ে জনগণের সামনে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখেছে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বিশাল কর্মযজ্ঞ চলমান। এই চলমান কর্মযজ্ঞকে সাথে নিয়েই সম্পন্ন হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এহেন সমাজ বাস্তবতায় দাঁড়িয়ে সার্বিক কর্মকাণ্ডের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় দেখা যায়, যে কোনো বিষয় তা সে যত বড় বা ছোট হোক না কেন সূচারুভাবে সম্পন্ন করার জন্য যা যা প্রয়োজন তার কোনোটাই করা হয় না। অর্থাৎ মূল একটা বিষয়ের দিকে নজর দিলে তার যে আরও অনেক পারিপার্শ্বিক বিষয় থেকে যায় সেদিকে কোনোক্ষেত্রেই নজর দেওয়া হয় না। ফলে একটি বিষয়ে বা ঘটনায় সাধারণ মানুষ যখনই আশাবাদী হয় উঠে তখনই কোনো একটা দেশি কিংবা বিদেশি কারণে ঘটনা সম্পর্কে তাদেরকে হতাশায় ডুবে যেতে হয়। আসলে পরিকল্পনা পূর্ণাঙ্গ না হলে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়াই স্বাভাবিক।
একটা সমস্যা সামনে আসলে তার সমাধানের জন্য প্রকল্প প্রস্তুত না করে পারিপার্শ্বিক সকল বিষয় ভাবনার মধ্যে নিয়ে এসে পূর্ণাঙ্গরূপে সমাধানের পরিকল্পনা করলে তবেই চূড়ান্ত সফলতা আশা করা যেতে পারে। আক্ষেপের বিষয় স্বাধীনতার ৫২ বছর পর এসেও একই সূত্রাবদ্ধ পথে দেশ এগিয়ে চলেছে। এ কারণে দেশের উন্নয়ন ও অগ্রগতি কিছু মানুষের ভাগ্য পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
দেশে একটা সময় খাম্বা বাণিজ্যের কারণে বিদ্যুৎ সংকট জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। কখন বিদ্যুতের দেখা পাওয়া যাবে তা ছিল অনেকাংশেই ভাগ্যের ওপর নির্ভরশীল। কল-কারখানা, বাসা-বাড়ি থেকে শুরু করে হাসপাতাল-জেলখানাতে পর্যন্ত অনিশ্চিত ছিল বিদ্যুৎ। জনজীবনে প্রশান্তি আনতে মহাজোট সরকার বিদ্যুৎ সংকট নিরসনে বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দিয়ে একের পর এক প্রকল্প গ্রহণ করে। ২০ বছরের এক মহাপরিকল্পনা গ্রহণ করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম শুরু করা হয়। ফলশ্রুতিতে গত এক দশকে বিদ্যুৎ উৎপাদন ৬ গুণ বৃদ্ধি সম্ভব হয়েছে। কিন্তু এখন সমস্যা অন্যখানে। উৎপাদন বৃদ্ধির দৌড়ে আমরা ভুলেই গেছিলাম যে বিদ্যুৎ উৎপাদন করে জমা করে রাখা যায় না। যা উৎপাদন হবে তা ব্যবহার করতেই হবে। উৎপাদন ছয়গুণ বৃদ্ধি করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদিত বিদ্যুতের অর্ধেক ব্যবহারের সক্ষমতা আমাদের আছে। অর্থাৎ উৎপাদনের পাশাপাশি ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থাপনা গড়ে তোলা হয়নি। সার্বিক ফলাফল এই যে, বিদ্যুৎ সংকট মোকাবিলা করতে গিয়ে শুধু বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দেয়ার কারণে প্রয়োজন থাকার পরও উৎপাদিত বিদ্যুৎ আজ ব্যবহার করা যাচ্ছে না এবং উৎপাদন করতে গিয়ে জ্বালানি সমন্বয় না করার কারণে আজ প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ থাকার পরও বৈশ্বিক কারণে লোডশেডিং করতে হচ্ছে। দেশের পরিকল্পকরা যদি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ব্যবস্থাপনার কথা চিন্তা করতো, বৃহৎ শিল্প-কারখানার কথা চিন্তা করতো, বৃহৎ শিল্পের ফিডার কারখানার কথা চিন্তা করতো, কৃষির কথা চিন্তা করতো, জ্বালানির শ্রেণি বিন্যাসের চিন্তা করতো তাহলে সরকারের বিদ্যুৎ উৎপাদন সার্থক হতো। আজকে ব্যবহার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সমস্যা না হয়ে আশীর্বাদ হিসেবে চিহ্নিত হতো। জনগণ সাধু সাধু বলতে বাধ্য হতো।
আসি শিক্ষা ক্ষেত্রে। উপমহাদেশের ২০০ বছরের ইতিহাসে পর্যালোচনায় দেখা যায় প্রতিটা সরকারই শিক্ষা উন্নয়নে ব্রতী হয়েছে। স্বাধীনতার পর থেকে আমাদের দেশের সরকারগুলোও এ ব্যাপারে পিছিয়ে ছিল না। যদিও শিক্ষানীতি পেতে জনগণকে দীর্ঘ প্রায় ৪০ বছর অপেক্ষা করতে হয়েছে এবং গত এক যুগে প্রণীত শিক্ষানীতির কত শতাংশ বাস্তবায়ন হয়েছে সে প্রশ্ন বাতুলতামাত্র হিসেবে প্রতীয়মান হবে। তবে বাস্তবায়নের সামগ্রিক পরিকল্পনা যথাযথ ছিল না বলে সংশ্লিষ্ট অনেকেই মনে করেন। এক্ষেত্রেও সরকার ধারাবাহিক ও সামগ্রিক বাস্তবায়নে না গিয়ে খাপছাড়া বাস্তবায়নের পথে হেঁটেছেন। ফলে সৃজনশীল পদ্ধতির মতোই সামগ্রিক শিক্ষানীতির হ-য-ব-র-ল অবস্থা। আপাতদৃষ্টিতে বলা যায়, শিক্ষার উন্নয়নে শিক্ষকদের শতভাগ বেতন দেওয়া হচ্ছে, পাকা দালান নির্মাণ করা হয়েছে, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে, শতভাগ পাশের ব্যবস্থা হয়েছে, ঝরে পড়ার হার কমেছে, শতভাগ শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে আনা সম্ভব হয়েছে। কিন্তু এরকম শতাধিক তালিকাভুক্ত উন্নয়নের ফিরিস্তির পরও চাঁচের বেড়া আর টিনের চালের সেই শিক্ষা প্রতিষ্ঠানের সমমানের শিক্ষা ফিরে পাওয়া যায়নি বরং দিনে দিনে শিক্ষার মান কমতে কমতে তলানিতে ঠেকেছে। বৈশ্বিক তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজ তাই খুঁজে পাওয়া কষ্টকর হয়ে পড়েছে।
দেশের উন্নয়ন ও অগ্রগতির পরশ স্বাস্থ্য খাতও কম পায়নি। তাতে যদিও আজ পর্যন্ত জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সম্ভব হয়নি। স্বাস্থ্যখাতের এই অনিশ্চয়তার জন্য পরিকল্পিত জনবল গড়ে না তোলা অন্যতম কারণ হলেও সব চাইতে বড় বিষয়- যারা নীতি নির্ধারণ করে থাকেন, দেশের স্বাস্থ্য সেবার উপরে তাদের ন্যূনতম বিশ্বাসটুকু না থাকা। দেশে একজন প্রতিমন্ত্রীর চিকিৎসা ভাতা ৩৫ লক্ষ টাকা মাত্র। তারপরও এই অবিশ্বাস থেকে তারা সামান্য সর্দিজ্বর হলেও বিদেশে চিকিৎসার জন্য ছুটছেন। করোনা মহামারিতেও তাদের বিদেশে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম স্থগিত হয়নি। আর জনগণ দেখেছে দেশে দিনে করোনার হাসপাতাল তৈরি হয়ে একরাতে তা বাতাসে উবে যেতে। ফলে সাধারণ মানুষ সহায় সম্পদ বিক্রি করে বাঁচার তাগিদে বিদেশে ছুটছে আর দেশের সংশ্লিষ্টক্ষেত্রে মেধাবী সন্তানরা পরিকল্পনাহীনতার সুযোগ নিয়ে নিত্যনব ব্যবসা ফেঁদে চলেছে। ওষুধ নীতির কথা আমরা সবাই ভুলে বসেছি ফলে এক টাকার জিনিস ১০০ টাকায় কিনতে সমস্যা হচ্ছে না। স্বাস্থ্য সেবা খাতের পাগলা ঘোড়ার মতো এ আচরণ সাধারণ মানুষের ক্রমবর্ধমান অস্থিরতা নিবৃত্তে কোনো কাজেই আসে না।
দেশে প্রাকৃতিক সম্পদ বিশেষত প্রাকৃতিক গ্যাস নিয়ে চলছে আর এক তুঘলকী কারবার। প্রাকৃতিক গ্যাসের মজুদ আমাদের এমনই আনন্দে আত্মহারা করে তুললো যে গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য পরিকল্পনার প্রয়োজনীয়তা বিবেচনা না করেই রান্নার জন্য বাসাবাড়িতে গ্যাস ব্যবহারের অনুমোদন ও কার্যক্রম গ্রহণ শুরু করে দেয়া হলো। ভাবখানা এমন অফুরন্ত আমাদের গ্যাস ভাণ্ডার অনাদি-অনন্তকাল ধরে ব্যবহার করা যাবে। এককজন বিশেষজ্ঞ একক রকম হিসাব দিতে শুরু করলেন কত মজুদ, কতদিন ব্যবহার করা যাবে এ বিষয়ে। একসময় দেখা গেল কলকারখানা বন্ধ রেখে সার তৈরি করতে হচ্ছে। রান্নার জন্য যারা বাসাবাড়িতে গ্যাস ব্যবহারের সুবিধা পেলো আর যারা পেলো না তাদের মধ্যে প্রায় ৪ গুণ বৈষম্য সৃষ্টি হয়ে গেল। প্রাকৃতিক গ্যাস রিফর্ম করে মজুদের ব্যবস্থা হলো না। আজ কিন্তু বিশ্ব পরিস্থিতির কারণে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন নিয়ন্ত্রণ করতে হচ্ছে আর উৎপাদন ব্যাহত হচ্ছে তারপরও বাসাবাড়ি গ্যাস সরবরাহ বন্ধ করা যাচ্ছে না। ২০০৯ সালে গ্রাহকের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাসে ৪৬ পয়সা বেশি নিয়ে ‘গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড’ গঠন করা হয়েছিল যেখানে বছরে প্রায় তিন হাজার কোটি টাকা জমা হওয়ার কথা। এনার্জি রেগুলেটরি কমিশন কোম্পানিগুলোর দাম বৃদ্ধির বিপরীতে পদক্ষেপ হিসেবে এই তহবিল গঠন করেছিল।
প্রাকৃতিক গ্যাস খাতের উন্নয়নের কোনো স্তরে হয়তো এ অর্থ ব্যবহƒত হয়েছে কিন্তু বাপেক্সকে দিয়ে নতুন কূপ খননে এ অর্থের ব্যবহার হতে জনগণ দেখেনি। স্বাধীনতার ৫০ বছরে দেশে খাদ্যশস্য উৎপাদন প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। বিপরীতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। দ্বিগুণের কিছু বেশি। তারপরও সব মানুষের জন্য পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা হয়নি। এখন খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে প্রতি ইঞ্চি জমি আবাদের নামে জলাভূমি আর প্রাকৃতিক বন ধ্বংস করা চলছে। সরকারি বৃহৎ শিল্প-কারখানাগুলো লোকসানের অজুহাতে বন্ধ করতে করতে মোট সংখ্যাকে আজ শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। ইপিজেড করে শিল্পে বিনিয়োগ বৃদ্ধি করা গেলেও শিল্পে নিয়োজিত বহু মানুষ বেকারত্বের জ্বালায় জীবন সংগ্রামে পরাজিত হয়ে মৃত্যুর কোলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে- কেউ হিসাব করেনি। উৎপাদন শ্রমসাধ্য আর আমদানি লাভজনক ও সুখকর। তাই সিন্ডিকেট ব্যবস্থা গড়ে তুলে আমাদের দেশকে আমদানিনির্ভর দেশে রূপান্তর করা হয়েছে। মুক্তবাজার অর্থনীতির মূলনীতি এই যে, বিশ্বে যে যা ভালো পারে তাই করবে এবং প্রয়োজনীয় অন্যসব কিছু বিশ্ব বাজার থেকে কিনবে। তাই স্বাবলম্বী হওয়ার কোনো দরকার নেই।
উৎপাদন বৃদ্ধি করে হোক আর উৎপাদন বন্ধ করে হোক আমদানি করতেই হবে। বাংলাদেশও মুক্তবাজার অর্থনীতির এই মূলমন্ত্রকে আঁকড়ে ধরেছে সর্বতোভাবেই। দেশের উন্নয়ন ও অগ্রগতি একটা ধারাবাহিক বিষয়। যে সরকার যখন মসনদে এসেছে তারা তাদের বিবেচনা মতো উন্নয়ন করেছে। কিন্তু উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে তার বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ কাক্সিক্ষত। অথচ আমাদের দেশে সর্বত্র আশু সমস্যার আশু সমাধান করতে গিয়ে সময় পার হয়ে গেছে আজও যাচ্ছে। ১৯৭১-এ সাধারণ জনগণ জানতো না ৫০ বছর পর তাদের অবস্থান কোথায় থাকবে? বর্তমান মহাজোট সরকার জনগণকে একটা রূপরেখা দিয়ে ২০৪১ সালে দেশকে কোথায় নিয়ে যেতে চায় তা জানিয়েছে। একটা লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলেছে। কিন্তু চলার এ পথকে যথাযথ পরিকল্পনার অভাবে মসৃণ রাখা সম্ভব হয়নি। আরো সম্ভব হয়নি কথিত স্বপ্নের দোহাই দিয়ে পথে হাঁটা এবং কিছু মানুষের ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, স্বজনপ্রীতি, অর্থপাচার, ব্যাংক জালিয়াতি ইত্যাদির ফলে। সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনে তথা ২০৪১ সালের রূপ বাস্তবায়নে রূপরেখার প্রতি বিষয় ধরে ধাপে ধাপে পরিকল্পনা করে তার বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। এটিই কালের দাবি।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

