৮ মার্চ, নারী আন্দোলনের ইতিহাসে একটি উজ্জ্বলতম দিন। ১৮৫৭ সালের ৮ মার্চ আমেরিকার সুতাকল নারী শ্রমিকরা কর্মপরিবেশ, ভোটাধিকার, কম মজুরি, বিভিন্ন বৈষম্য, দীর্ঘ শ্রমঘণ্টার প্রতিবাদে রাজপথে নামে। তাদের এ আন্দোলনে পুলিশি নির্যাতন চলে, অনেকে গ্রেপ্তার হয়। এ আন্দোলন ছিল ইতালীয় রেনেসাঁস, ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী ও স্বাধীনতার আহ্বানে নারীর সক্রিয় অংশগ্রহণসহ দীর্ঘসময়ের নারী আন্দোলনের ফসল।
১৮৭১ সালে ফ্রান্সের শ্রমজীবী জনগণ সাম্যবাদী সমাজ নির্মাণের উদ্দেশ্যে প্যারি কমিউন প্রতিষ্ঠা করেন। এ আন্দোলনে হাজার হাজার শ্রমজীবী নারীর অংশগ্রহণ, নারী আন্দোলনকে নতুন গতি দেয়। এছাড়াও বিভিন্ন সময়ে ৮ মার্চ নারী আন্দোলনের ইতিহাসে উল্লেখযোগ্য কিছু আন্তর্জাতিক কর্মসূচি পালনের প্রেক্ষিতে ১৯১০ সালে জার্মান কমিউনিস্ট নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে নারীদের অধিকার আদায়ের প্রতীকী দিবস হিসাবে পালনের প্রস্তাব করেন। তারপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ ৮ মার্চকে নারী দিবস হিসেবে পালন করে। ১৯৭৫ সালে জাতিসংঘ এ দিনটিকে নারী দিবস হিসাবে স্বীকৃতি দেয়। তাই নারী দিবস নারী আন্দোলনের ইতিহাসের সঙ্গে যুক্ত বহু বছরের শ্রমজীবী নারীদের বিশেষ অর্জন।
ক্লারা জেটকিনের নারী দিবস ঘোষণার সময়টাতে, শিল্প বিপ্লবের প্রভাবে ইউরোপ আমরিকায় নিম্নবিত্ত কৃষিজীবী নারীরা কৃষি অর্থনীতির তাৎপর্যহীন শ্রমমদাসীর জীবন ছেড়ে বেরিয়ে পড়েছে শিল্প কারখানায়, যুক্ত হয়েছে উৎপাদনে। কিন্তু কম মজুরি, অধিক শ্রমঘণ্টা খাটাতে পারার জন্য মালিকেরা নারী শ্রমিকদের পছন্দ করতো বেশি। এ অবস্থা পুরুষ শ্রমিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় নারী শ্রমিকদের। কারখানায় কাজের অস্বাস্থ্যকর পরিবেশ, বস্তির ঘিঞ্জি এলাকায় বসবাস, দীর্ঘ সময় কাজ শেষে বাসায় ফিরে গৃহস্থালি কাজ করা, সন্তান সামলানো, এতে নারীর অবস্থা আরও খারাপ হতে থাকে। এতে নানা সংকট দেখা দেয়। নারীরা ফুঁসে উঠতে থাকে। এ সময় কারখানায় শ্রমজীবী নারীরা ট্রেড ইউনিয়নেও গঠন করে, দেশে দেশে কমিউনিস্ট আন্দোলনেরও তখন জয় জয়কার। শুধু তাই নয় এ সময়ে ওলেম্পিয়া দ্য গোজেজ, মেরি ওলস্ট্যানক্রাফটের মতো নারীবাদীদের সাহিত্য রচনা হয়ে গেছে।
উচ্চবিত্ত নারীদের ভোটাধিকার, সম্পত্তি লাভ, সামাজিক ও রাজনৈতিকভাবে পুরুষের সমানাধিকার লাভের অধিকার আদায়ের জন্য নারীবাদী ধারারও উত্থান ঘটেছে। নারীবাদীরা নিজেদের সুবিধার জন্য ক্লারা জেটকিনের নারী দিবসের ঘোষণাকে লুফে নেয় ভোটাধিকার ও পুরুষতন্ত্রের বিরুদ্ধে অন্যান্য দাবি আদায়ের প্রশ্নে। আর সেজন্যই দেশে দেশে নারীদের ভোটাধিকার অর্জন ছিল যুগান্তকারী অর্জন। সেই থেকে শুধু নারীবাদীরাই নয়, আজকের পৃথিবীতেও আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোসহ সকলেই আজ নারী দিবস পালন করছে যা আসলে শ্রমজীবী নারীদের অধিকার আদায়ের প্রতীকী দিবস। তাহলে কি শ্রমজীবী নারীদের দাবি দাওয়ার সাথে উচ্চবিত্ত নারীরা, নারীবাদীরা, জাতিসংঘ, এমনকি রাষ্ট্রগুলো যারা যারা নারী দিবস পালন করে তারা কি সবাই সহমত পোষণ করে শ্রমজীবী নারীদের ন্যায্য সংগ্রামকে, শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থাকে? এ প্রসঙ্গে ক্লারা জেটকিন বলেছেনÑ‘শ্রমজীবী নারীরা যারা সামাজিক সাম্য অর্জনের আকাক্সক্ষা করেন, তারা বুর্জোয়া মহিলাদের কাছ থেকে কিছুই প্রত্যাশা করেন না। যদিও তারা দাবি করে তারা নারীর অধিকারের পক্ষে লড়াই করে। তাদের বকোয়াজির প্রাসাদ বালির ওপর তৈরি এবং এর আসলে কোনো ভিত্তিও নাই। শ্রমজীবী মহিলারা একদমই নিশ্চিত যে মহিলাদের মুক্তির প্রশ্ন মোটেও কোনো বিচ্ছিন্ন প্রশ্ন নয়, যা স্বয়ং নিজের সমাধান নিজে দিতে সম্ভব। বরং নারী প্রশ্ন আরও বৃহৎ পরিসরে তোলা সামাজিক জিজ্ঞাসার মধ্য হাজির থাকে। মেহনতিজীবী নারী সাফ সাফ বুতে পারে এই প্রশ্নটি সম্পূর্ণ সামাজিক রূপান্তর ছাড়া বর্তমানের বিদ্যমান সমাজে কখনই সমাধান করা যায় না।”
হ্যাঁ, ঠিক তাই। সামাজিক রূপান্তর ছাড়া নারী মুক্তি সম্ভব নয় বলেই আজ সারা বিশ্ব নারী দিবস পালন করলেও নারী আজও শোষণ বঞ্চনা আর নির্যাতনের শিকার। আজও শ্রমজীবী নারীরা শ্রমঘণ্টা, মজুরি বৈষম্য, ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামে। কারখানার অনিরাপদ পরিবেশে অগ্নিদগ্ধ হয়। এদেশের তাজরিন, রানা প্লাজার ঘটনা এর জ্বলন্ত প্রমাণ।
তাই ক্লারা জেকটিন ও নারী দিবসকে যদি আমরা ঊর্ধ্বে তুলে ধরতে চাই, শ্রমজীবী নারীদের অধিকার আদায়ের প্রতীকী দিনটিকে শুধু ব্যবহার করা নয়, একতরফা পুরুষতন্ত্রের বিরুদ্ধে, পরিবার ও রাজনীতি, রাষ্ট্রীয় আইনে সম অধিকার প্রাপ্তির প্রশ্নে নারী পুরুষের শোষণমুক্তির আন্দোলনকে বিভেদ করে নয়। শ্রমজীবী নারীর আন্দোলনকে ভিন্ন দিকে ঠেলে দিয়ে নয় বরং সকল শ্রেণির নারীদের মুক্তির লক্ষ্যে ক্লারা জেটকিন ও শ্রমজীবী নারীদের সংগ্রামকে ঊর্ধ্বে তুলে ধরে এগিয়ে যেতে হবে।
আমরা যদি পিছনে তাকিয়ে ইতিহাস কিংবা প্রাগৈতিহাসিক কালের কথা বলি তাহলে নারীর লড়াকু মর্যাদাকর জীবনকেই দেখি। বন্যাবস্থায় (শিকার ও খাদ্য সংগ্রহের স্তর) নারী এক হাতে জীবিকার্জনের জন্য শিকারে নেতৃত্ব দিয়েছে, অন্য হাতে পুনরুৎপাদনে অংশগ্রহণ করেছে, পরিবার সামলে, মাতৃতান্ত্রিক সমাজের নেতৃত্ব দিয়েছে। ঐতিহাসিক সময়ের বহু নারী যোদ্ধার বীরত্বগাঁথা আজ ইতিহাস। বর্তমান সময়েও যখন দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে মা ফুটবলার ফিফা নারী বিশ্বকাপ খেলতে সফরে যান, পিঠে বাঁধা শিশুকে নিয়ে আদিবাসী নারীরা দূর পাহাড়ে জুম চাষ করেন বা চা বাগানের ক্লান্তিময় একঘেয়ে ভারি বোঝার সাথে নিজের শিশুকেও বহন করেন। শিক্ষক নারী যখন পিঠে শিশু ঝুলিয়ে ক্লাস নেন আমরা অবাক হই না কেননা মাতৃত্ব ও পেশাদারিত্বকে নারীরা একসূত্রে গেঁথে নিয়েছে সবসময়।
বৈশ্বিক আন্দোলনের সাথে তাল মিলিয়ে ভারত উপমহাদেশেও রানী ভবানীর সমাজ সংস্কার, রাজা রামমোহনের সতীদাহ প্রথা বন্ধ, বিধবা বিবাহ আইন, বিদ্যাসাগরের সমাজ সংস্কার, নবাব ফয়জুন্নেছা নারী শিক্ষা, বেগম রোকেয়ার নারী জাগরণের সাহিত্য এমন বহু সংস্কারমূলক কাজে জেগে উঠেছে নারী সমাজ।
এদেশের স্বাধীনতাকামী নারীরা দেশ মাতৃকার মুক্তির সাথে নারী মুক্তির জন্যও কাজ করেছেন। বেগম রোকেয়ার উত্তরসূরিরা সুফিয়া কামাল, হেনা দাস, আয়শা খানম, কিংবা এনজিও ধারার নারী রোকেয়া কবীর, ফরিদা আক্তার, সুলতানা কামাল সহ অনেকেই কাজ করছেন এ বিষয়ে। জাতিসংঘের সিডিও সনদ নারীর ক্ষমতায়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ। বর্তমান সরকার নারীর সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী উন্নয়ন নীতিমালাসহ বহু আইনি পদক্ষেপ নিয়েছেন। নারী নির্যাতন প্রতিরোধেও আছে-নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বহু কর্মসূচি, বহু পদক্ষেপ। আছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আছে অনেক আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদে নারী, উচ্চপদস্থ চাকরি, কোথায় নেই নারী? সমাজের সকল স্তরে নারী সমাজের ছড়িয়ে পড়া এসব আয়োজনের ফসল, নারী সমাজের এগিয়ে যাওয়াকেই নির্দেশ করে।
নারী মুক্তির লক্ষ্যে এসব কাজ ও অর্জনকে মোটেই ছোট করে দেখার সুযোগ নেই। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য ছোট পদক্ষেপগুলো যতো অগোছালো, আর ডানে বামে হেলে পড়া হোক, তবু আমরা এগোচ্ছিই, নারী পুরুষের বৈষম্যহীন সমাজ তথা নারী মুক্তির পথে।
লেখক: শিক্ষক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

