ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ২ কোটির বেশি মানুষের বাস এই শহরে। প্রতিনিয়ত নতুন নতুন ইমারত তৈরি হচ্ছে সময়ের প্রয়োজনে। কিন্তু বহু পুরাতন ভবন যেগুলো বসবাস বা ব্যবহারের অযোগ্য তা এখনও রয়ে গেছে। সেসব ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ভূমিকম্প পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নাই। নামা এবং ওঠার রাস্তা সংকীর্ণ। এসব ভবনে কোনোভাবে আগুন লেগে গেলে ভেতরে অবস্থানকারী মানুষের বাঁচার কোনো উপায় নেই। ঠিক তেমনটাই ঘটেছে। কয়েকদিন আগে, রাজধানীর বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ তথ্য মতে ৪৬ জন প্রাণ হারিয়েছেন।
অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা এবারই প্রথম না। নিমতলির রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডসহ বহু ঘটবা রয়েছে। প্রতিটা ঘটনারই পরে খোঁজ নিয়ে জানা যায় ভবনগুলো বসবাস এবং অন্য কাজের অযোগ্য ছিল। যেমনটা বঙ্গবাজারে হয়েছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত ফায়ার সার্ভিসের তথ্যমতে ২০১৯ সালে বঙ্গবাজার অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ বলে তারা নোটিশ দিয়েছিল কিন্তু মার্কেট কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দেয়নি। পরবর্তী ঘটনা তো সকলেরই জানা। কিছু তদন্ত হয়। ওই পর্যন্তই শেষ। বিচার অবধি পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়।
ভবনে আগুন লাগলে দিবালয় রক্ষা পায় না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে রেললাইন চালু হয়েছে। এছাড়াও সমগ্র দেশের বিভিন্ন ক্ষেত্রে চলছে উন্নয়নযজ্ঞ। এই উন্নয়ন যদিও দেশের সকল নাগরিকদের জন্য। কিন্তু এই উন্নয়নের মাঝে পড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে পরেছে। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা, সকল ক্ষেত্রে দুর্নীতির যাঁতাকলে পড়ে সাধারণ মানুষের দিশেহারা অবস্থা। মানুষের জীবনযাত্রার অবশ্যই উন্নতি হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন বিষয় নিয়ে অনেকের মধ্যে দ্বিমত থাকলেও দেশ এগিয়ে যাচ্ছে এটা সত্য। কিন্তু এই ধরনের দুর্ঘটনায় যদি শত শত পরিবার পথে বসে যায়, প্রিয়জন হারানোর ব্যথায় কাতর হয় তাহলে সেই উন্নয়ন ভোগ কারা করবে। যাদের জন্য এতো আয়োজন তারাই যদি না থাকে তাহলে সবকিছুই তো বৃথা প্রতিপন্ন হয়। বর্তমান মানুষের অকাল মৃত্যুর প্রধান দুটি কারণ হলোÑ অগ্নিকাণ্ড এবং সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় কেউ মারা যাওয়ার পর দেখা যায় সেই গাড়ি হয় হেলপার চালাচ্ছিল না হয় গাড়িটি ফিটনেসবিহীন ছিল। কয়েক মাস আগে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়। পরবর্তীতে জানা যায় ওই বাসটি ফিটনেসবিহীন ছিল। এমন হাজারো ফিটনেসবিহীন বাস চলছে কিন্তু এটা জানা যায় কোনো একটা দুর্ঘটনা ঘটার পর।
যেমনটা আগেই বলেছি কোনো অগ্নিকাণ্ডের পর জানা যায় ভবনগুলো মেয়াদোত্তীর্ণ ছিল। এসব জায়গায় তদারকি যে একদম হয় না তা নয়। তদারকি হয় কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম এবং যে তদারকিগুলো হয় সেই কাজগুলো শেষ পর্যন্ত যায় না। এমন অসঙ্গতিপূর্ণ অবস্থা তো কোনো উন্নয়নশীল দেশের থাকতে পারে না। এ বিষয়ে গুরুত্বের সাথে ব্যবস্থা নেয়ার সময় এখন। কথায় আছে ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’। সংবাদমাধ্যমে জেনেছি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত কার্যক্রমের ২০২২ ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হচ্ছে, সারা দেশে এই দুবছরে ছোট-বড় মিলিয়ে প্রতিদিন গড়ে ৬৩টি অগ্নিকাণ্ড ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আগের ১৪ মাস ১০ দিনে সারা দেশে অগ্নিকাণ্ডে মারা গেছে ১৪৫ জন। ২০২২ সালে সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় ৩৪২ কোটি টাকার বেশি সম্পদ পুড়েছে। এর আগের বছর ২১ হাজার ৬০১টি অগ্নিকাণ্ডে ২১৮ কোটি টাকার সম্পদ পুড়ে যায়। আর ২০২০ সালে সারা দেশে ২১ হাজার ৭৩টি আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ২৪৬ কোটি টাকা। সব থেকে বড় বিষয় হচ্ছে একটা অপরাধ সংঘটিত হলে তার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে পরবর্তীতে অপরাধীরা বা অন্য কেউ সেই কাজ করার সাহস পায় না। ১১ বছর আগের ঢাকার নিমতলি অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি। একটা জিডি করা হয়েছিল যার তদন্ত প্রতিবেদন আজও পর্যন্ত আদালতে দাখিল হয়নি বলে সংবাদমাধ্যমে জেনেছি। ২০১২ সালের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় মামলা হলেও এখনো বিচারকাজ শেষ হয়নি। এরপর ২০১৯ সালের চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বিভিন্ন সংস্থার হিসাব মতে দুই দশকে বাংলাদেশে শিল্প-কারখানায় ২৬টির বেশি দুর্ঘটনায় দুই হাজারের মতো শ্রমিক ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। হতাহতের দিক থেকে সবচেয়ে ভয়াবহ ১৫টি অগ্নিকাণ্ডের মধ্যে মাত্র তিনটি ঘটনার পর মামলা হয়েছে। দোষীরা সব সময় ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। আর নিহতের এবং আহতদের জন্য যে সাহায্যের ঘোষণা করা হয় তাও সবসময় স্বজনেরা পান না। পেলেও তার জন্য অনেক কষ্ট করতে হয়।
২০১০ সালে নিমতলির ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত হওয়া তদন্ত কমিটি ১৭টি সুপারিশ পেশ করেছিল। কিন্তু যেখানে জিডির তদন্তই এখন পর্যন্ত শেষ হয়নি সেখানে সুপারিশগুলোর বাস্তবায়ন অসম্ভবই বলা চলে। সেই ১৭টি সুপারিশ যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তো পরবর্তীতে চকবাজার, আশুলিয়ায় ঘটা অগ্নিকাণ্ডগুলো ঘটতো না। আর ঘটলেও ক্ষয়ক্ষতি কম হতো এবং প্রাণহানি এড়ানো যেত। শিল্প মন্ত্রণালয় ‘বিসিক কেমিক্যাল পল্লী’ নামে একটি ব্যবস্থা হাতে নিয়েছে ২০১৮ সালে। কিন্তু সেই প্রকল্পের বাস্তবায়ন এখনও হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃঈহ্ম (রাজউক) এর পাঁচ বছর আগের তথ্যমতে ঢাকা শহরের ভবনের সংখ্যা ২২ লাখ। এখন আরও বেশি। সেসময় অতি ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ছিল ৩২১ এখন যা ৫০০ ছাড়িয়ে গেছে। কিন্তু সেই অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো সিলগালা করে বন্ধ করে দেয়া হয়নি। সেখানে মানুষ এখনও বসবাস করছে, কারখানা চলছে। যার ফলে কিছুদিন পরপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এখনও যদি সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নেয় তাহলে সাধারণ মানুষের মৃত্যুর লাইন দীর্ঘায়িত হবে। রাজউকের আরেকটি জরিপে বলা হয়েছে ৭৫ শতাংশ ভবনই কোনো না কোনোভাবে নিয়ম লঙ্ঘন করেছে। ঢাকার ৪৩৩টি হাসপাতালের মধ্যে ৪২২টি হাসপাতাল, শতকরা হিসাবে ৯৭.৫ ভাগ আগুনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
কথায় আছে ‘বাজ পড়ার শব্দে ঘুম ভাঙার চেয়ে ঘুম থেকে উঠে বাজ পড়া দেখা ভালো’। এতে বিপদের আগে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া যায়। অগ্নিকাণ্ড প্রতিরোধে পদক্ষেপ নিতে হবে। প্রচলিত আইনের ব্যবহার করতে হবে। আবাসিক ভবনে গুদাম বা কারখানা করা যাবে না। ভবনে অগ্নি প্রতিরোধের ব্যবস্থা থাকতে হবে। আইনের কঠোর প্রয়োগ ঘটাতে হবে। নীতিমালা মেনে ভবন নির্মাণ হচ্ছে কি-না তা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ সামান্য অবহেলায় হাজারো মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

