বিস্ময়করভাবে ক্ষমতার রূপান্তর স্পষ্ট হয়ে ওঠে দরিদ্র দেশগুলোতে। জনগণের ভোটে ক্ষমতায় গিয়েও দলগুলো কর্তৃত্ববাদী হয়ে ওঠে। ক্ষমতায় থাকলে এক রকম এবং ক্ষমতা থেকে বিতারিত হলে আরেক রকম আচরণ করে। বার্ট্রান্ড রাসেলের ক্ষমতা বইতে একটি গল্প রয়েছে এমন- ‘সাধারণত, যেসব সাপ শিকারকে জড়িয়ে ধরে হত্যা করে, সেসব সাপ শিকারকে গলাধকরণ করার পর পরম পরিতৃপ্তির সাথে সুখনিন্দ্রায় যায় এবং পুনরায় ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত ঘুমিয়েই কাটায়। অন্যান্য প্রাণীর বেলায় যদি অনুরূপটি না ঘটে, তাহলে ধরে নিতে হবে যে, তাদের খাদ্য গ্রহণের পরিমাণ পর্যাপ্ত নয় কিংবা তারা অপরাপর শত্রু আক্রমণের ভয়ে ভীত। সামান্য কিছু ব্যতিক্রম বাদ দিলে জীব-জন্তুর কার্যক্রম সাধারণত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা ও প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধি করার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং এসব প্রয়োজন মেটানোর জন্যে যা কিছু অপরিহার্য, তাদের কার্যক্রম এর মধ্যেই সীমিত থাকে। কিন্তু মানুষের বেলায় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন।’
লুটপাটে দরিদ্র দেশের ক্ষমতাধরদের কোনো তৃপ্তি মিটে না। তারা আবার লুটপাট করে টাকা দেশেও রাখে না। এই লুটপাট করতেই তারা ক্ষমতাকে কর্তৃত্ববাদে রূপান্তর করে। ২০১৫ সালে বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা পাচার হয়। ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ছিল ২.৫০ কোটি টাকা। অর্থাৎ বাজেটের প্রায় ৪০% টাকা পাচার হয়েছিল। যদি টাকাটা পাচার না হতো তাহলে আমাদের প্রবৃদ্ধির একই হারে বেড়ে যেতো। টাকা পাচার হলে ধনী দেশগুলোর সুবিধা অনেক। তারা আরো ফুলেফেঁপে ওঠে। টাকা পাচার ধারাবাহিকভাবেই চলছে এবং আমরাও দুর্নীতিতে গত দশ বছরে আরো পিছিয়েছি।
ক্ষমতার রূপান্তরের পরে কর্তৃত্ববাদেরও মাঝেমধ্যে পতনও ঘটে। তারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়। বিতাড়নের পরপরেই আমাদের বাঘের বাচ্চারা বেড়ালে পরণিত হয়। যারা মোটেই জবাবদিহিতা দিতে চাইতো না, তারাই জবাবদিহিতার কথা বলে, যারা ভোটাধিকার দিতে চাইতো না তারাই ভোটাধিকারের কথা বলতে থাকে, যারা টাকা পাচার করে প্রশাসন, বিচারবিভাগ, মিডিয়ার সাপোর্ট নিয়ে কর্তৃত্ববাদে বহাল তবিয়তে থাকতো তারাই আবার এসবের বিরুদ্ধে কথা বলতে চায়। ক্ষমতার এই রূপান্তরে আমজনতার কোন উপকার নইে। আমাদের আম জনতাও রাষ্ট্রের সাথে নিবীড় সম্পর্ক গড়ে তুলতে পারেনি। জাতীয় স্বার্থকে দলের উপরে নিতে পারেনি তারা। ধরুন ৩০% আমজনতা ‘এ’ পার্টি কে সাপোর্ট করে। যদিও এ পার্টি লুটপাট করে অস্থির করেও ফেলে তবুও তাদের কোন প্রতিবাদ থাকে না। যদি তারা নিজেরা ভোট দিতে ব্যর্থ হয় তবুও ধরে নেয়, আরে আমার ভোটতো এখানেই দিতাম। দিতে দেয়নি তাতে অসুবিধা কি? আমার দলতো ক্ষমতায়! ক্ষতিটা যে এই ৩০% আমজনতারও হয় সেটা তাদের বুঝে আসে না। এর মানে হল এদেশের মানুষ গণতন্ত্রের সুফল ভোগের বিষয়টি খেয়াল করতে পারে না। তারা সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয়। তারা জবাবদিহিতা আদায় বুঝে না, ভোটাধিকার হারানোর কুফল বুঝে না, এমনকি দলীয় নেতাদের টাকা পাচারেরকুফলও বুঝে না। তারা কেবল বুঝে তার সমর্থিত দল ক্ষমতায়। ফলে তার দলের লোকেরাই তাকে বঞ্চিত কমর ক্ষমতার অপপ্রয়োগ করেই অবৈধভাবে আয় করে ধনী হয়ে ওঠেন অর্থাৎ এসব দেশের রাজনীতি হয়ে ওঠে বিপুল লুটপাট করার হাতিয়ার। যেন মা লুটেপুটে খাওয়ার জন্য সব এলোমেলো করে দিয়েছেন।
পদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা জানি কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে বলে ক্ষমতা। বিজ্ঞানীরা যন্ত্রের ক্ষমতা বাড়ানোর চেষ্টা প্রতিনিয়তই করেন। একই কাজ করেন ক্ষমতাসীনরাও। রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ ও তা কার্যকর করার জন্য কর্তৃত্বের প্রয়োজন। রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে একটা গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের সামাজিক বৈধতা আমরা দেখি। দলের সমর্থকগণই এতে মূল ভূমিকা রাখে, এরপরে সরকারের বিভিন্ন সংস্থা। সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার বলেছেন, ‘কর্তৃত্ব হলো ক্ষমতা ও বৈধতার সমন্বয় সাধন। নাগরিকদের ওপর এই ক্ষমতা প্রয়োগের স্বীকৃত অর্জনের নামই বৈধতা।’ ক্ষমতার কারণে যে কর্তৃত্বের সৃষ্টি হয় তাও বিভিন্ন কারণে সীমাবদ্ধ থাকে না। রাষ্ট্রের নাগরিকগণই বৈধতা দিয়ে থাকেন। সমর্থকগণ ও বিভিন্ন সংস্থা এমন ভাবাদর্শ তৈরি করতে থাকেন যে, ‘এ জাতির ওপর এর চেয়ে ভালো শাসন কখনো ছিল না।’
দরিদ্র দেশের মানুষের ভাবনার ক্ষমতা ও অতীত বিশ্লেষণের ক্ষমতা বা তুলনা করার ক্ষমতা খুবই কম থাকে। তারা এসব মেনে নেন এবং অনেক ক্ষেত্রেই তাদের মেনে নেয়া ছাড়া কোনো উপায়ও থাকে না। ক্ষমতা এক পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্বে রূপান্তরিত হয় এবং তা বৈধ বলেই অধিকাংশ নাগরিক মনে করেন। ফলে অনিচ্ছুকরাও বাধ্য হয় মেনে নিতে এবং কর্তৃত্ববাদীদের নির্দেশে কাজ করতে বাধ্য হয়। যারা মেনে নিতে রাজি থাকে না তাদের জন্য থাকে শাস্তি। আর মেনে নিলে পুরস্কার মিলে বহুবিধ। ভালো লিখতে পারে সাহিত্যিকরাই। তারাই কর্তৃত্ববাদী শাসকদের পক্ষে কথার ফুলঝুরি ছুটিয়ে দেন।
বাস্তবিক কর্তৃত্ববাদী সরকার তৈরিতে জনগণের ভূমিকাই মুখ্য। ফলে ক্ষমতার বদল হলেও এই রূপান্তর বন্ধ থাকে না। ক্ষমতায় থাকার জন্য সম্ভাব্য সর্বোচ্চ বলপ্রয়োগ ঘটতেই থাকবে। জনসাধারণ সচেতন হলে তারাও উল্টো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। এখন ইউরোপের অধিকাংশ দেশে একটি কর্তৃত্ববাদী সরকার গড়ে ওঠা সহজ নয়। কিন্তু রাশিয়া, তুরস্ক, ইউক্রেনের মতো দেশগুলোতে ঠিকই কর্তৃত্ববাদী শাসন চলতে থাকে। এই দেশগুলোর মানুষের চেতনাও ইউরোপের অপর অংশের জনগণের ভাবাদর্শের সাথে মিলে না। জনগণের মূল্যবোধ বা ভাবাদর্শই শাসকদের কর্তৃত্বকে সীমাহীন করে তুলে। শাসন করতে গেলে ক্ষমতার প্রয়োগতো হবেই কিন্তু সেটা আইন ও ন্যায়সঙ্গত বা জনগণের কল্যাণেই হওয়ার কথা। কিন্তু কর্তৃত্ববাদীরা ন্যায়সঙ্গতের ধার ধারে না। জনগণের প্রকৃত কল্যাণেরও ধার ধারে না। তবে তারা জনগণকে অনবরত বলতে থাকে, এই নিপীড়নও জনকল্যাণে হচ্ছে। জনগণের বিশ্বাস অবিশ্বাসে কিছুই যায় আসে না। কারণ কর্তৃত্ববাদী শাসক যখন নিশ্চিত থাকে যে, অন্তত ৩০ ভাগ মানুষ তার শাসনের প্রতি সমর্থন দিচ্ছে। যদি প্রধান কয়েকটি দলেই এমন অন্ধ সমর্থক থাকে তাহলে তো সেই দেশ থেকে কখনোই কর্তৃত্ববাদী শাসন যাবে না। অসচেতন জনগণই নিজেদের সর্বনাশ ডেকে আনে। বহু স্বৈরশাসকই ক্ষমতায় আসে জনগণের ভোটে বিজয়ী হয়ে। এসেই তারা নিজেদের রূপান্তর ঘটায়। অসচেতন সমাজে একটি রাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসন কতটা দীর্ঘ হবে তাও নির্ভর করে অন্য কিছু উপাদানের উপরও। যেমন একটি দুর্ভিক্ষ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে পারে। এমনকি একটি যুদ্ধও তাদের হটিয়ে দিতে পারে। অসচেতন সমাজে এসব ক্ষেত্রে কলকাঠি নাড়ে সামরিক বাহিনী বিরোধীদের হাতে রেখে। ফলে একটি দলের কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও আরেকটি দল ক্ষমতায় এসেই নিজেদের রূপান্তর ঘটায় এবং আবারো চেপে বসে কর্তৃত্ববাদী শাসন।
খন্দকার মুশতাক বা এরশাদ আগের সরকারকে হটিয়ে সুশাসন কায়েম করেনি। জিয়া ‘একটি এলোমেলো করে দে মা অবস্থায়’ ক্ষমতায় আসে। জিয়া ও এরশাদকে দেশবাসীকে অনুগত করতে বেগ পেতে হয়নি। সামরিক সরকার ক্ষমতায় এসেই বড় চুল কেটে দিয়ে, কিছু দখলবাজকে উৎখাত করে, কিছু আশার বাণি শুনিয়ে, ধর্ম ব্যবহার করে ও ভয় দেখিয়ে জনসমর্থন আদায় করে নেয়। এরপর তারা ভোট দেয় এবং তাতে আবার ভোটাধিকার ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তদের দিয়ে বাক্স দখল করিয়ে জনসমর্থন দেখায়। তারা সকলেই দল গঠন করে এবং একটি জনগোষ্ঠীকে তার সমর্থকে পরিণত করে। জনগোষ্ঠীর যে তাতে তেমন কোনো লাভ হয় তা নয়। খুব কম সংখ্যক মানুষই হয়তো লাভের মুখ দেখে। বাকিরা সমর্থক হয়েই খুশি থাকে। জিয়ার পক্ষে ‘আওয়ামী ও বাম’ বিরোধীদের জড়ো করে ক্ষমতাবান হয়ে ওঠা সম্ভব হলেও এরশাদ এটা পুরোপুরি পারেননি। সে দুপক্ষ থেকেই কিছু নেতা ভাগিয়ে কিছু ক্ষমতার মালিক হন এবং কর্তৃত্ববাদী হয়েও ওঠেন। কিন্তু জনসমর্থের ভীত শক্ত না হওয়ায় বিরোধীদলের আন্দোলনের মুখে সেনাবাহিনী কলকাঠি নাড়া দিলে তার পতন নিশ্চিত হয়ে যায়। তাতে এদেশে জনকল্যাণমূলক সরকার আসেনি। দলগুলো ক্ষমতায় গিয়েই দলের সমর্থক সন্ত্রাসীগোষ্ঠীকে ক্ষমতাবান করে তুলে যাতে জনগণের ওপর কর্তৃত্ববাদী আচরণ করা সহজ হয়। তারা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক না হয়ে বা ভোটে না জিতেও দিনের পর দিন ক্ষমতা ভোগ করতে পারেন। এরা আইনত অবৈধ হলেও জনগণের কাছ থেকে একটি বৈধতা আদায় করে নেন।
আমরা জানি হিটলার, মুসোলিনি ও সাদ্দাম হোসেনও ক্ষমতায় গিয়েছে জনগণের ভোটে। তখনও ইউরোপে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়নি। এখন যেমন এশিয়ায় জাপানের মতো দুএকটি দেশ ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধ আসেনি জনগণের মধ্যে। ফলে এশিয়ার অধিকাংশ দেশেই শাসকরা ক্ষমতায় গিয়েই কর্তৃত্ববাদী হয়ে ওঠে। ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করে আর সরল জনগণকে কিছু উন্নয়ন দেখায়। আমরা অজগরের মতো হরিণ এর বদলে পাথর খেয়ে চোখ মুদে পড়ে থাকি। তবুও তো ক্ষুধা লাগলে অজগরের নিদ্রা ভাঙে কিন্তু আমাদের নিদ্রা ভাঙে না।
লেখক: কবি ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

