আর কত অগ্নিদুর্ঘটনার শিকারে প্রাণহানি ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে এমন প্রশ্ন অনেকের। অপরিকল্পিত নগরায়ণ ও ব্যবসা-বাণিজ্যের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে অনেক প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিচালনা করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে মর্মান্তিক অগ্নিদুর্ঘটনা। গত ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে অগ্নিদুর্ঘটনায় ৪৬ জনের মর্মান্তিক মৃত্যু পুরো দেশবাসী আবারও মর্মাহত ও গভীরভাবে শোকাহত। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার এটা মোটেও কাম্য নয়।
জানা যায়, অগ্নিদুর্ঘটনার বহুতল ওই ভবনটির দোতলায় রেস্টুরেন্টে আগুন লাগার পর তা দ্রুত ওপর দিকে ছড়িয়ে পড়ে। প্রতিটি ফ্লোরে একাধিক রেস্টুরেন্ট ছিল। পাশের ভবনেই কেএফসি ও পিৎজা হাট।
গণমাধ্যম কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করেছে, কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, আগুন লেগেছিল ভবনের নিচের অংশে। পরে তা দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয়দের বরাত দিয়ে র্যাব বলছে, গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, রাজধানীর বেইলি রোডের ওই ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, মানুষের আসা-যাওয়ার জন্য কেবল একটি ছোট সিঁড়ি ছিল। ভবনটি যেন এক অগ্নিচুল্লি- বেইলি রোডের ব্যস্ততম এলাকায় ওই ভবনে ছিল না কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। জরুরি অবস্থায় বের হওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। আগুনেনে পুড়ে যত না মানুষ মারা গেছে, তার চেয়েও বেশি মারা গেছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে। তিনতলায় ছিল কাপড়ের দোকান। বাকি সব ছিল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলোতে ছিল গ্যাস সিলিন্ডার। যে কারণে আগুনের তীব্রতা ছড়িয়েছে ভয়াবহভাবে। বেইলি রোডের ওই ভবনটিতে কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ভবনটিতে একটি মাত্র সিঁড়ি ছিল এবং কোনো জরুরি বহির্গমন অর্থাৎ আগুন লাগলে জরুরি ভিত্তিতে বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এছাড়া ভবনটিতে বাতাস চলাচলের ব্যবস্থাও পর্যাপ্ত ছিল না বলে জানিয়েছেন তারা।
তারা আরও জানান, বিল্ডিংটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল এবং সিঁড়ির পাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল গ্যাস সিলিন্ডার রাখা ছিল, যে কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কত স্বপ্নের যে পরিসমাপ্তি হয়েছে তা বলা বাহুল্য। রাজধানীতে এমন অগ্নিদুর্ঘটনা নতুন নয়। ইতিপূর্বেও এমন ঘটনা ঘটেছে। তথ্য মতে, রাজধানীতে গত ১৪ বছরে ঘটে যাওয়া ভয়াবহ আগুনের ঘটনায় মৃত্যু হয়েছে ২৬৭ জনের। নিমতলী, চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারের পর ঢাকা ট্র্যাজেডির খাতায় নতুন করে নাম লেখালো বেইলি রোড। এছাড়াও, বঙ্গবাজার, নিউমার্কেটসহ গত কয়েক বছরে ঢাকায় বেশ কয়েকটি বড় অগ্নিদুর্ঘটনা ঘটেছে। আমাদের মনে পড়ে গেল ২০১২ সালের ঘটনা। ২০১২-এর ঢাকা অগ্নিকাণ্ড বা তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ড বাংলাদেশের ঢাকা মহানগরীর উপকণ্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানায় ২০১২ সালের ২৪ নভেম্বর সংঘটিত একটি মারাত্মক অগ্নিকাণ্ড যাতে মোট ১১৭ জন পোশাকশ্রমিক নিহত হয় ও ২০০ জনের অধিক আহত হয়। ভয়ানক এই দুর্ঘটনায় ঐ পোশাক কারখানার নয়তলা ভবনের ছয়তলা ভস্মীভূত হয়ে যায়। সরাসরি আগুনে দগ্ধ হয়ে মারা যায় ১০১ জন পোশাকশ্রমিক ও আগুন থেকে রেহাই পেতে ওপর থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয় আরও ১০ জনের। এটি দেশের ইতিহাসে কারখানায় সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা।
৭ এপ্রিল ২০১৯, প্রথম আলোর আয়োজনে ও শেল্টেকের সহযোগিতায় ‘অগ্নিদুর্ঘটনা রোধের উপায় ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশ করা হয়েছিল- আলোচনায় সুপারিশ- অঞ্চলভিত্তিক রাস্তার পাশে নির্দিষ্ট দূরত্বে পানির ব্যবস্থা (ফায়ার হাইড্রান্ট) নিশ্চিত করা দরকার জরুরি বহির্গমন পথ বাইরের দিকে খোলা জায়গায় করা প্রয়োজন বস্তিবাসীর জন্য ফায়ার সার্ভিসে বিশেষায়িত গাড়ি ও অ্যাম্বুলেন্স অন্তর্ভুক্ত করতে হবে পর্যবেক্ষণের দায়িত্ব তৃতীয় পক্ষকে দিতে হবে জরুরি বহির্গমন পথ পুরোটাই আগুন ও ধোঁয়া প্রতিরোধক হতে হবে নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পাঠ্যসূচিতে অগ্নিনির্বাপণসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি বিদ্যুৎ ও গ্যাসের লাইন নিয়মিত বিরতিতে যাচাই করতে হবে।
জানি না এসব সুপারিশ কতটা কার্যকর হয়েছে কিংবা কার্যকরে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুধু এটুকু সচেতন নাগরিক হিসেবে বলা যায় আইন, নিয়ম-নীতি, বিধিমালা জনগণের জন্য কিন্তু জনগণেই সেটা ক্ষেত্রবিশেষ মানতে নারাজ তাই পদে পদে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়।
অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বারবার ঘটছে কিন্তু যথাযথ পদক্ষেপের কথা বলা হলেও পরবর্তীতে ধীরে ধীরে শিথিল হয়। আমরা এখন স্মার্ট দেশ গঠনে কাজ করে যাচ্ছি। প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছি এ স্বপ্ন পূরণে। দেশের সর্ব ক্ষেত্রে স্মার্ট না হলে কি করে সম্পূর্ণরূপে আমরা স্মার্ট বাংলাদেশ গঠন করবো। নাগরিকের জান-মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। অগ্নিদুর্ঘটনার ঘটনাগুলো বারবার ঘটছে এতে করে আমরা কতটুকু সতর্কতা অবলম্বন করছি ও পদক্ষেপ নিচ্ছি সেটাই এখন বড় প্রশ্ন। রাজধানী শহর এমনিতেই বসবাসের প্রায় অযোগ্য শহরে পরিণত হচ্ছে তাতে যদি অগ্নিদুর্ঘটনা রোধে আধুনিক, স্মার্ট ব্যবস্থাপনা পরিচালিত করা না হয় তাহলে এমন দুর্ঘটনার হার কমিয়ে আনা সম্ভব নয়। এসব দুর্ঘটনায় খুব তড়িঘড়ি করে ঘটনার উৎপত্তি, কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয় কিন্তু তাতে কি দুর্ঘটনাগুলো কমছে! তাহলে দুর্ঘটনায় প্রাণহানি ও মালামালের ক্ষতির দায়ভার কে নেবে! আর কত পরিবার এভাবে স্বজন হারাবে। আর কত পরিবারের স্বজন হারানোর আর্তনাদে আকাশ-বাতাস ভারি হবে।
আগুনের ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার উদ্ভবের সাথে যাদের দায়িত্ব অবহেলা আছে তারাও এই অপূরণীয় ক্ষতির দায়মুক্ত হতে পারে না। বেইলি রোডের ওই ভবনটিতে রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না। ভবনটি শুধু অফিসকক্ষ হিসেবে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তাহলে ভবনটিতে বিনা অনুমতিতে এতদিন রেস্তোরাঁ করে কার্যক্রম চালিয়েছে এটা কর্তৃপক্ষ দেখেনি কেন! এটার দায়ও কর্তৃপক্ষ এড়াতে পারে না। নগরায়ণের নিয়ম-নীতির ও সুউচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে অগ্নিনিবারণ ব্যবস্থা ও বিকল্প সিঁড়ি বা ওঠানামার ব্যবস্থা সঠিকভাবে আছে কি না সেটা যাচাই করেই ভবন নির্মাণ কিংবা ব্যবহারের অনুমতি কর্তৃপক্ষের দেওয়া উচিত। অগ্নিদুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের কার্যক্রম উন্নত বিশ্বের ন্যায় আধুনিকায়নে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুউচ্চ ভবন মালিকসহ সাধারণ জনগণকেও অগ্নি দুর্ঘটনা রোধে সচেতন থাকতে হবে।
লেখক: আইনজীবী ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

