রমজান মাস। সারা বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র মাস। সারা বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে এসময় দ্রব্যমূল্য কমিয়ে রোজাদারদের স্বস্তি আনার সর্বোচ্চ চেষ্টা করেন ব্যবসায়ীরা। দোকানে থাকে নানা রকমের ছাড়। একই সঙ্গে বাংলাদেশের অবস্থান তার পুরো উল্টো। প্রতিবছর রমজানের একটি চেনাচিত্র যেন সবখানে দেখা যায়। রমজানকে কেন্দ্র করে চলে মূল্য বাড়ানোর প্রতিযোগিতা। সরকার বারে বারে এসময় বাজার নিয়ন্ত্রণ করতে চাইলেও পারে না। এবারেও ঘটেছে একই ঘটনা। রমজানে অতি প্রয়োজনীয় কিছু নিত্যপণ্যের দাম কমানোর জন্য সরকার নানা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সেই পণ্যগুলোর দামে অস্বস্তি নিয়েই শুরু হচ্ছে পবিত্র রমজান।
গত ৮ ফেব্রুয়ারি আমদানি শুল্ক কমানোর পর বাজারে সয়াবিন তেলের দাম কমলেও চিনি ও খেজুরের দাম কমেনি। অথচ এ দুটি পণ্যেরই সরকার আমদানি শুল্ক কমিয়েছে। এছাড়া বাজারে দাম বাড়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে চাল, ছোলা, এ্যাংকর ডাল, গরুর মাংস, ব্রয়লার মুরগি ও আলু।
সংশ্লিষ্টরা বলেছেন, আগামী মঙ্গলবার থেকে প্রথম রমজান শুরু হতে যাচ্ছে। এখন এই পণ্যগুলোর দাম বাড়ায় ভোক্তারা বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়বে। গত শনিবার রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর বাজারসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে মোটা ও মাঝারি মানের চালের দাম বেড়েছে।
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) গতকাল রবিবার তাদের বাজারদরের প্রতিবেদনে এসব পণ্যের দাম বাড়ার তথ্য তুলে ধরেছে। এছাড়া, আমদানি শুল্ক কমানোর পর চিনির দাম উল্টো বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে খেজুরও। কেন এসব পণ্যের মূল্য বাড়লো তার ব্যাখ্যায় ব্যবসায়ীরা বলেছেন, সরকার প্রতি কেজি চিনি আমদানি শুল্কে যে ছাড় দিয়েছে, তাতে চিনির দামে খুব বেশি প্রভাব পড়বে না।
সরকারের বিপণন সংস্থা টিসিবির তথ্য বলছে, এক মাস আগে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৩০ টাকায়।
গত ৮ ফেব্রুয়ারি আমদানি শুল্ক কমানোর আগে চিনির দাম কম ছিল। কিন্তু শুল্ক কমানোর পর চিনির দাম আরও বেড়েছে। তাহলে শুল্ক কমিয়ে কী লাভ হলো? ভোক্তাদের অভিযোগ, তাহলে কি কারসাজি চক্রের কাছে আমরা জিম্মি?
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, দেশে চিনির যে পরিমাণ মজুত আছে। তাতে চিনির কোনো সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, কয়েক দিন আগে চিনির একটি গুদামে আগুন লেগেছিল। কিন্তু তাতে কোনো সমস্যা হবে না। কেউ এ ঘটনাকে পুঁজি করে চিনির দাম বাড়ালেও তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
আমদানিকারকরা জানান, গত বছর রোজার আগে খেজুর আমদানিতে করভার ছিল ১০ শতাংশ। খেজুর আমদানিতে করভার ও শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। বিলাসী পণ্যের তালিকায় খেজুরকে অন্তর্ভুক্ত করায় বাড়তি শুল্ক দিতে হচ্ছে। ফলে খেজুর আমদানিতে শুল্ক কমানো হলেও দেশের বাজারে খুব বেশি প্রভাব পড়বে না। তার পরও দাম বাড়বে। অন্যদিকে ব্যবসায়ীদের ব্যাখ্যা শুনলে কোনোদিন কোনো পণ্যের দাম কমবে না। আমরা মনে করি বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে না গেলে এই সংকটের সমাধান সম্ভব না।
মানবকণ্ঠ/এআই

