একজন নারী একটি পরিবার, একটি সম্প্রদায়ের মেরুদণ্ড। একজন নারী মানবসমাজের প্রতিটি প্রগতির এক অবিচ্ছেদ্য অংশ। তবে তারা অবহেলিতও বটে। তৃণমূল থেকে যে নারী সমাজের প্রতিটি অগ্রগতিতে ধীরে ধীরে তার পদচিহ্ন রেখে যায় সেই নারী আবার নিজ অবস্থান নিয়েও থাকে শঙ্কায়। কারণ তারা তো তাদের সর্বস্ব দিয়ে গোটা মানবজাতিকে জড়িয়ে রেখেছে অগোচরে। তাই সম্মুখে তাদের জন্য থেকে যায় কেবল অনিশ্চয়তা।
নারী দিবসের ইতিহাসও পরিচয় দেয় নারীদের নিজ অস্তিত্ব রক্ষার্থে সংগ্রামী ও অদম্য চেতনার। এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকার লেঠেল বাহিনীর দমন-পীড়ন। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো। এরপর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন।
সিদ্ধান্ত হয়: ১৯১১ খ্রিস্টাব্দ থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। ১৯১৪ খ্রিস্টাব্দ থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে লাগল। অতঃপর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশে ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতার লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালন করা হয়।
নারী ও পুরুষ এই দুইয়ের সমন্বয়ে আমাদের গোটা মানবসমাজ। পৃথিবীর প্রতিটি অগ্রগতিতে পুরুষ যেমন তাদের কর্ম রেখে গেছে তেমনি নারী জাতিও দিয়ে গেছে তাদের সক্ষমতার পরিচয়। প্রাচীনকাল থেকে বর্তমান; হাজারো বাধা পেরিয়ে নারী জাতি রেখে যাচ্ছে একের পর এক স্বাক্ষরতা।
সমাজে নারী যতোই অবহেলার পাত্র হোক না কেন, তারা তবুও দমে নেই। বরং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিটি দিকে নিজের উচ্চতর পর্যায়ে পৌঁছে দিচ্ছে নিজেকে, ভূমিতে পদাচারণা রেখে পাড়ি দিচ্ছে নিজের আকাশ সমান স্বপ্নের বাস্তবায়নের যাত্রাতে। বিজ্ঞান হোক কি প্রযুক্তি সবখানেই আছে তাদের নিজস্বতা, নিজ অবস্থান। নিজ গৃহাঙ্গন সামলাতে সামলাতে আজ তারা পাড়ি দিচ্ছে আকাশে- অজানাকে খুঁজে আনতে, তারকা বা নক্ষত্রের খোঁজে।
যে নারী এতকিছুর মাঝেও তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে নিজ অস্তিত্বকে নতুন রূপ দিতে, সেই নারীর জীবন আবার থেমেও যাচ্ছে যখন তারা সমাজের বিভিন্ন নোংরা কার্যক্রমের সাক্ষী হচ্ছে; শিকার হচ্ছে নির্যাতনের ও নিপীড়নের। গত ২৫ জানুয়ারি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ১০ মাসে সারাদেশে ৪৯৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া আরও ১০৮ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৩ জন নারীকে।
আসক রাজশাহীর উদ্যোগে সকালে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে নারীর প্রতি সহিংসতার বিষয়ে এই প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অগ্নি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের অধীনে নারী ও শিশু নির্যাতন পরিসংখ্যান সংগ্রহ করা হয়। এতে দেখা গেছে, গত বছরের শেষ ১০ মাসে দেশে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৪২৩ জন নারী। এরমধ্যে স্বামীর হাতে খুন হয়েছেন ১৭৩ জন। যৌতুকের জন্য নির্যাতিত হয়েছেন ১২৫ জন নারী। তাছাড়া ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন চারজন। গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ মাসে এসব ঘটনা ঘটে।
ওই সময়ে ২৫ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে ১০ জন। সালিশে ফতোয়ার মাধ্যমে নির্যাতন করা হয়েছে চারজন নারীকে। শিশু নির্যাতনের চিত্রও উদ্বেগজনক। ওই ১০ মাসে ৮৮৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩৯৯ জন। সভায় আরও জানানো হয়, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে অগ্নি প্রকল্পের আওতায় ১০ মাসে ৩৭টি মামলা করা হয়েছে।
নারীর প্রতি এসব সহিংসতা কিংবা নির্যাতন প্রতিরোধে নানা সময়ে তৈরি হয়েছে বিভিন্ন আইন। তবে সেসব আইন অনেক সময় হয়নি বাস্তবায়িত, অনেক সময় নারী জানেও না তার প্রতি এই নির্যাতনের ঘটনার বিরুদ্ধে রয়েছে যথাযথ আইন ও শাস্তি।
একজন নারী একজন মা, একজন বোন, একজন সন্তান কিংবা দেশের একজন নাগরিক। তবে তার প্রতি কেন এত শারীরিক, মানসিক নির্যাতন; কেন এত ঘৃণ্য বা অবহেলিত দৃষ্টিভঙ্গি? কেন প্রতিটি নারী তার জীবনের প্রতিটি মুহূর্তে থাকে এক অনিশ্চয়তায়? তাদের প্রতি সঠিক দৃষ্টি সমাজকে নিয়ে যেতে পারে এক বিশাল সম্ভাবনায়, তবুও তাদের প্রতি পরিবর্তন হচ্ছে না আমাদের দৃষ্টিভঙ্গি। যুগের পর যুগ তাদের একই লড়াই, একই পিছুটান।
একজন নারীর উন্নয়নের চাবিকাঠি নিহিত তার নিজের মাঝে। একজন নারী যেন নিজেকে এক নারী হিসেবে পরিচয়ের পূর্বে নিজেকে মানুষ হিসেবে গণ্য করে। আর এই চিন্তাধারার বিকাশে একজন নারীকেও সামনে এগিয়ে আসতে হবে নিজ আগ্রহে, নিজ সাধে।
বর্তমানে অনেক সময় আমাদের সমাজে দেখা যাচ্ছে একজন নারীর তার নিজ অস্তিত্ব নিজেই বিলীন করছে; ক্ষুণ্ন করছে তার নিজ মূল্যবোধ। আর এই নিজ মূল্যবোধ এর অবক্ষয় তাদের নিজ অস্তিত্ব রক্ষায় প্রশ্ন তুলে ধরে। একজন নারীর চেয়ে বেশি একজন মানুষ হিসেবে নিজ মূল্যবোধ ধরে রাখতে হবে; ধরে রাখতে হবে আত্মমযাদা। তবেই আমরা নারীরা নিজ সংগ্রামে হতে পারব আত্মপ্রত্যয়ী।
নারীর অদম্যতার উদাহরণেই বিচরণ করে নারী শক্তির প্রতিচ্ছবিÑ যেমন জাহারা নেমাতি, ইউসরা মারদিনি, নিশাত মজুমদার কিংবা আমাদের প্রতিটি মা। নারী দিবসের মূলমন্ত্রে থাকুক প্রতিটি নারীর অদম্য চিন্তাধারা। চলার পথে হাজারো বাধা থাকুক তবুও থেমে থাকা যাবে না; বিপন্ন হতে দেয়া যাবে না নিজ অস্তিত্বকে, নিজ সত্তাকে। সকল বাধাকে পাশ কাটিয়ে তৈরি করতে হবে এক অনন্য আমিকে, সচেষ্ট রাখতে হবে অদম্য এই যাত্রাকে। নিজের চলার পথে যেন বাধা হয়ে না দাঁড়াই নিজেই। নিজেকে সচেষ্ট হতে হবে নিজ অধিকার সম্পর্কে, রুখে দাঁড়াতে হবে নিজ যাত্রাতে সকল অপশক্তির বিরূদ্ধে। প্রয়োজনে নতুনভাবে শুরু করতে হবে নিজ সত্তাকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। তবে নিজেকে কোনোভাবেই থামানো যাবে না, এগিয়ে নিতে হবে অগ্রগতির পথে। আর মনে রাখতে হবে আমরা নারী, সব পারি।
লেখক: শিক্ষার্থী, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
মানবকণ্ঠ/এআই

