প্রযুক্তির ব্যাপক ব্যবহারের পূর্বে কৃষিনির্ভর এদেশে গরু ছিল কৃষকের প্রাণ। গরু আর কৃষকের সম্মিলিত শ্রমেই টিকে থাকতো কৃষি আর গ্রাম নির্ভর অর্থনৈতিক উন্নয়ন। এখনও কৃষির ওপর মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে অর্থনীতি। তবে সময়ের পরিক্রমায় কৃষিতে পুঁজির সরবরাহ বেড়েছে, বদলে গেছে কৃষির চরিত্র। বদলে যাচ্ছে গবাদিপশু পালনের দৃশ্যও। শুধু শস্য উৎপাদনেই নয়, মাছ, পোল্ট্রি, পশুপালন সব খাতেই সম্ভাবনাময় উন্নয়ন লক্ষণীয়। দেশ আজ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ, আমরা আজ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে ভাবছি।
সন্ধ্যায় গ্রামের মেঠো পথে ধুলো উড়িয়ে গরু মহিষ ছাগল ভেড়ার পাল লয়ে ঘরে ফিরে রাখাল। কখনও নদীর পাড় ঘেঁষে সে পথ। পথের মাঝে নিজ নিজ গোয়াল চিনে নিয়ে ঘরে ফিরে কৃষকের মনে স্বস্তি ফেরায় গবাদিপশুরা। গ্রামীণ চিরচেনা এ দৃশ্য বারবার উঠে এসেছে চিত্রকরের চিত্রপটে। সাহিত্যের পাতার গ্রামের সেই গোয়াল ভরা গরু আর গরুকে কেন্দ্র করে লোকাচার আজ ক্রমশ হারিয়ে যাবার পথে। হাল বাইতে বাইতে পাঁজর ক্ষয়ে যাওয়া হাড্ডিসার গরুর দল কালের আবর্তে মেশিনের কাছে পরাজয় মেনে নিয়েছে। কিংবা বাজারি কৃষি প্রযুক্তি গরু মহিষের কাঁধ থেকে লাঙ্গল জোয়ালের বোঝা সরিয়ে তাদেরকেও কর্পোরেট কৃষির আওতাভুক্ত করে নিয়েছে। বাণিজ্যিক কৃষির দাপটে সেও আজ মুনাফা লাভের একটি পণ্য মাত্র।
হাল চাষের বদলে কলের লাঙ্গল গরু মহিষকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি সে সব দেশি জাতের অস্তিত্বও আজ বিপন্ন।যে কৃষক গরু মহিষ আর হাল ছাড়া নিজেকে ছন্নছাড়া মনে করতো, নিজের পরিচিতি তুলে ধরতো কত হালের কৃষক সে পরিচয়ে। সে হাল কৃষকের জীবনে অপ্রয়োজনীয় আজ। যন্ত্র লাঙ্গল কৃষকের সময় ও কষ্ট বাঁচিয়ে কৃষককের পকেটের টাকা যথেষ্ঠ হাতিয়ে নিচ্ছে। ঘরের বীজ,গরু, লাঙ্গল, জৈব সার, উপকারি কীট পতঙ্গ,বিলের জল, দোন সব হারিয়ে কৃষক আজ সম্পূর্ণভাবে প্রযুক্তির দাসে পরিনত হয়েছে। উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, মাড়াই কল, ধান কাটার কল, সেচ সব কিছুর জন্য মুনাফালোভী ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী দালাল, দাদনদারের ওপর নির্ভর করতে হচ্ছে। আবহমান কাল ধরে শুকনা মৌসুমে হাওরের গরু মহিষের পাল মাঠে চরে ঘাস খেতো। রাখালেরা সন্ধ্যা হলে ওদের নিয়ে গোয়ালে ফেরা কিংবা এদের অস্থায়ী আবাস বাথানের খবর কে না জানে! জোতদাররা হাজার হাজার মণ ধান যেমন উৎপাদন করতো তেমনি গোয়ালে ছিল ষাট সত্তর কিংবা তারও বেশি গরু মহিষ।
ছোট কৃষক, কৃষি শ্রমিকরা এখন নিজেরা জমি পত্তন নিয়ে চাষবাস করছে। জোতদাররা বর্গাচাষের চেয়ে লাভজনক ও ঝুঁকিমুক্ত হওয়ায় নিজের জমিতে নিজে ফসল করার চেয়ে পত্তন বা বন্ধকি দেয়ার দিকে আগ্রহী হচ্ছে। জমি পত্তন দেয়ার কারণে বড় ও মাঝারি কৃষকদের বেশিরভাগ শহুরমুখী। সনাতন পদ্ধতিতে তারা আর গোয়ালে বেহিসাবী পশু করে না। তাদের মধ্য যারা হাওরে গবাদিপশু পালন করছে হালের জন্য গরুর পালের প্রয়োজন না হওয়ায়, লাভ ক্ষতির বিষয়টি মাথায় রেখেই কেবল তারা এখন গরু পালন করেন, এ ছাড়া তারা খামার স্থাপন, কিংবা পরিকল্পিত ব্যবস্থাপনায় গরু পালনের দিকে এগোচ্ছে। কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরাও গরু ছাগল ভেড়া পালন অব্যাহত রেখেছে। কারণ শস্য উৎপাদন এর বাইরে দু’টি পয়সার মুখ দেখে তারা হাঁস মুরগি পশু বিক্রি করেই। তবে যে যে ভাবেই করুক পশু পালনে পরিবর্তন এসেছে লক্ষণীয়। আগে শুকনা মৌসুমে হাওরের চারণভূমিতে যে পরিমাণে গরু মহিষ ছাগল চরতে দেখা যেতো সে দৃশ্যপট পরিবর্তন হয়েছে। আবাদি জমির পরিমাণ বৃদ্ধি, বড় আইল, কান্দা কমে যাওয়ায় সে অবস্থা সংকুচিত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে যে গো সম্পদ নষ্ট হয় তা রিকভারি করা হয় না আর। ফলে হাওরে চরে খাওয়া গবাদিপশু কমে গেছে। ফসল রক্ষা বাঁধ, বিভিন্ন অপরিকল্পিত স্থাপনাগুলোতে হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে চারণভূমি ভেঙে যাচ্ছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহারে আগাছানাশক ও কীটনাশক ব্যবহারের ফলে গোখাদ্য আগাছা কমে গেছে। শুকনা মৌসুমে গবাদি পশু চারণভূমিই যথেষ্ট ছিল বাড়তি খাবারের প্রয়োজন হতো না পশুদের। বর্ষাকালে কেবল শুকনো খড়েই গরু পালন করা হতো।
চারণভূমি সংকুচিত হয়ে যাওয়ায় বাড়তি খাবারের দরকার হচ্ছে। হাওরের ঘাসের বিকল্প হিসেবে হাওরেই এখন গবাদি পশুর খাদ্যের জন্য ঘাস চাষ করছে অনেকে, সাইলেজ পদ্ধতিতে ঘাস ও খড় সংরক্ষণ করা হচ্ছে। প্রাণিসম্পদ বিভাগ প্রাণীর সংখ্যার চেয়ে গুণগত মান বৃদ্ধির দিকে নজর দিয়েছে। সেক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান মানুষের মাংসের ও কোরবানির পশুর চাহিদা পূরণের জন্য গরু মোটাতাজাকরণ, রপ্তানির কথা মাথায় রেখে ছাগলের পি পি আর রোগ প্রতিরোধের সফল কর্মসূচি উল্লেখযোগ্য। এ লক্ষ্যে প্রজননেও বিরাট পরিবর্তন এসেছে। আগে হাওরে প্রাকৃতিকভাবে প্রজনন হতো। গৃহস্থের এ নিয়ে মাথাব্যথা ছিল না। বর্তমানে অধিক মাংস ও দুগ্ধ উৎপাদনের জন্য উন্নত জাত তৈরির দিকে গুরুত্ব দিয়ে শতভাগ কৃত্রিম প্রজননের মাধ্যমে সংকর জাত তৈরিতে মনোযোগ দেয়া হয়েছে। এতে মাঠের ঘাসের ওপর নির্ভরতা কমে যাওয়ায় পশু পালনে খরচ বাড়ছে।
ডিঙ্গাপুতা হাওরের কৃষক তুষার তালুকদার বাপি বলেন- আগে তাদের ষাট-সত্তরটি দেশি জাতের গরু ছিল। ২০১৭ সালের আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ায় খড়ের অভাবে রাতারাতি তারা ট্রলার ভরে ভালুকা, গফরগাঁও নিয়ে অপেক্ষাকৃত কম দামে গরু বিক্রি করে। এরপর থেকে গরুর সংখ্যা কমিয়ে সনাতন পদ্ধতির বদলে আধা খামার আধা সনাতন ব্যবস্থাপনায় গরু পালন করছে। হাওরে ঘাস কমে যাওয়ায় ঘাস চাষ করতে হয় এখন। তাছাড়া দানাদার খাদ্য, ভিটামিন ও প্রোটিন পাউডার খাওয়ান গরুকে। তার ‘তিশান ডেইরি ফার্ম’ এ ৩০টির মতো গরু আছে। আগামী ঈদকে সামনে রেখে আটটি গরু মোটা তাজাকরণ করেছেন। তিনি মনে করেন পশু খাদ্যের দাম, ডাক্তার ও ওষুধের দাম বেশি, শ্রমিক সংকটের কারণেও পশু পালনে ব্যয় বাড়ছে। সরকার পশু পালনকে উৎসাহিত করার জন্য ঋণ চালু করলেও তিনি কোন ঋণ পাননি, গরু প্রতি সামান্য খরচে সরকারের দেওয়া বিভিন্ন রোগের ভ্যাকসিনগুলো পাচ্ছেন বলে খুশি।
এছাড়াও হাওরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা কৃষিকাজের পাশাপাশি সনাতন পদ্ধতিতে পশু পালন করে। গ্রামে মহাজনি সুদের ঋণের মতোই আধিতে পশু দেওয়া একটা পেশা। গরিব কৃষকেরা কিছু লাভের আশায় আধির মতো অলাভজনক দায় কাঁধে নেয়। চারণভূমি কমে যাওয়া, ধানের খড়ের বেশি হওয়ায় গরু পালন করে তাদের কায়িক শ্রমের দামও ওঠে না। তাছাড়া নুন আনতে পান্তা ফুরায় দশার এ শ্রেণির কৃষকেরা টাকার অভাবে দানাদার খাদ্য, প্রোটিন ভিটামিনযুক্ত খাদ্য খাওয়াতে পারেন না। তাই দুধ উৎপাদন বা গরু মোটাতাজাকরণ তেমন লাভজনক হয় না।
ডিঙ্গাপুতা, গণেশের হাওরের কয়েকজনের সঙ্গে, তলার হাওরের প্রান্তিক চাষি দেবরাজ সরকারের সঙ্গে কথা বলে জানা যায় পশু পালনে সরকারি বা বেসরকারি কোনো ঋণ তারা পান না। সহজে ভ্যাকসিন, কৃত্রিম প্রজনন হাতের নাগালে থাকলেও পশুখাদ্যের দাম বেশি, অসুস্থ হলে চিকিৎসা খরচ তাদের নাগালের বাইরে। খামারগুলোর বাইরে হাওরের বেশিরভাগ গৃহপালিত পশু অপুষ্টিতে ভোগে।
গোয়ালে গাদাগাদি করে পশু রাখা, রাস্তা ঘাট বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দুধ ও দুগ্ধজাত দ্রব্য বিক্রয় অসুবিধা তো আছেই। বাজার দূরে থাকায় ইচ্ছে করলেই দু’চার দশ কেজি দুধ প্রতিদিন বাজারে বেঁচতে পারে না। ফলে অপচয় হয়। নির্দিষ্ট সময় শেষে পশু বিক্রিতেই যা লাভ। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান-পশুপালনকে উৎসাহিত করা, দেশে মাংস ও দুধের চাহিদা পূরণ, রপ্তানি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সাধারণভাবে জেলাভিত্তিক সরকারি যে সব কর্মসূচি বরাদ্দ আছে, সেগুলোই সফলভাবে বাস্তবায়নের ব্যবস্থা করা হয়।হাওরের জন্য পশুপালনে বিশেষ কোন ব্যবস্থা ও সুবিধা বরাদ্দ নেই।সারাদেশে পশু শুমারি শুরু হয়েছে।পশুসম্পদ উন্নয়নে এ শুমারী ভুমিকা রাখবে বলে আশা করা যায়। আবহমান কাল ধরে হাওর, হাওরের চারণভূমি, শস্য খড় দেশের প্রাণিসম্পদ উন্নয়নে, দুধ ও দুগ্ধজাত শিল্পে উল্লেখযোগ্য ভুমিকা রেখেছে।হাওরের কৃষকের রয়েছে গবাদিপশু পালনে বংশ পরম্পরা ও দীর্ঘ জীবনের অভিজ্ঞতা। তাই পশুপালনের সমস্যাগুলো চিহ্নিত করে হাওরকে বিশেষ বিবেচনায় রেখে, সরকারি পৃষ্ঠপোষকতায় হাওর অঞ্চল হতে পারে পশুপালনের একটি সম্ভাবনাময় জায়গা। যা শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিতেই নয়, আমাদের আর্থ সামাজিক উন্নয়নেও বড় ভুমিকা রাখবে।
লেখক: শিক্ষক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

