নানা কারণে এ সহসাব্দীর শুরু থেকেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে। বিশ্ব পরাশক্তি হিসেবে চীনের উত্থান, ভারতের আধিপত্যকামী রাজনীতি এবং মার্কিন প্রভাব বিস্তারের সীমাহীন উন্মত্ততা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে জটিল ভূরাজনৈতিক খেলায় যুক্ত করেছে। স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থায় সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গণচীনের উন্মেষ বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য রক্ষায় দক্ষিণ এশিয়া তথা ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতির পালে নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্বব্যবস্থার টালমাটাল অবস্থা এবং বিভিন্ন ব্লকে বিভক্ত পরাশক্তিগুলোর মধ্যকার দ্বন্দ্ব-সংঘাতের দরুন এ অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতিও প্রভাবিত হচ্ছে। তেমনিভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারকে ঘিরে চলছে ভূরাজনীতির নানা সমীকরণ। ঐতিহাসিকভাবে দীর্ঘকালব্যাপী সামরিক শাসন দ্বারা পরিচালিত মিয়ানমার বহু জাতিগোষ্ঠীতে বিভক্ত ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। যে কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মিয়ানমার পরাশক্তিদের আগ্রহের জায়গায় রয়েছে।
প্রায় শতাব্দীকাল ধরে মিয়ানমারে চলা জাতিগত সংঘাত বর্তমান সময়ে এসে নতুন দিকে মোড় নিয়েছে। বিশেষত, তিনটি বৃহৎ সশস্ত্র সংগঠন মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি একত্র হয়ে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে জোট গঠন করে দেশটির আরাকান, চীন, কারেন ও শান প্রদেশে নিজেদের শক্তি প্রদর্শনের মাধ্যমে মহাশক্তিধর সামরিক সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বসেছে। বিদ্রোহী গ্রুপগুলোর দাপটে একের পর এক অঞ্চল হারিয়ে দিশেহারা সরকারি বাহিনী প তিবেশী দেশগুলোতে আশ্রয় খুঁজছে। এসব কারণে বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড ও লাওসের মতো প্রতিবেশী দেশগুলোকে জাতীয় নিরাপত্তা রক্ষায় নানামুখী ছক কষতে হচ্ছে। মূলত, বহুমুখী স্বার্থসংশ্লিষ্টতা থাকায় চীন, ভারত, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর দাবার গুটিতে পরিণত হয়েছে মিয়ানমার।
শুধু মিয়ানমার সেনাবাহিনী কিংবা বিদ্রোহী সংগঠনগুলো নয়, চীন ও ভারতের মতো আঞ্চলিক শক্তির নানামুখী কৌশলগত স্বার্থও এতে জড়িত। ঐতিহাসিকভাবেই গণচীন মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র। মিয়ানমারের জান্তা সরকারকে নিরঙ্কুশ সমর্থনকারী দেশও তারাই। দেশটিকে ঘিরে বৃহৎ ভূকৌশলগত পরিকল্পনাও রয়েছে চীনের। বঙ্গোপসাগরে নবনির্মিত কিয়াকফিউ বন্দর এবং মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আনার জন্য চীন-মিয়ানমার তেল গ্যাস পাইপলাইন স্থাপিত হয়েছে। এছাড়াও ২০১৭ সাল থেকে পাইপলাইনের মাধ্যমে আরাকানের সিয়োত্তি বন্দর থেকে চীনের ইউনান প্রদেশে নিরবচ্ছিন্নভাবে তেল ও গ্যাস সরবরাহ করে যাচ্ছে। তাইতো জান্তা সরকারকে নিরঙ্কুশ সমর্থনকারী চাইনিজরা সুযোগ বুঝে বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও ইন্ধন দিয়ে যাচ্ছে।
একসময়ের গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বেলিত হয়ে ওঠেছিল মিয়ানমারের জনগণ। মিয়ানমারের সেই গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়েই বার্মা অ্যাক্ট বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মার্কিন প্রশাসন। ক্ষমতাশালী এসব দেশের প্রভাব বিস্তারের লড়াই মিয়ানমারের গৃহযোদ্ধকে এক অনিশ্চিয়তার পথে ঠেলে দিয়েছে। আর এর প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোর ওপরে। যদিও মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলো তাদের আখের গোছাতেই ব্যস্ত, তবুও বর্তমান পরিস্থিতিকে অনুধাবন করে বাংলাদেশ সরকারকেও কৌশলী ভূমিকা গ্রহণ করতে হবে। কেননা প্রায় ১২ লাখ রোহিঙ্গার আশ্রয় দানকারী দেশ হিসেবে বাংলাদেশ এমনিতেই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।এরপর আবার পরিবর্তিত পরিস্থিতির চলমান অস্থিরতা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো যেহেতু আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রশ্নে লড়াই অব্যাহত রেখেছে, সেহেতু রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে সরকারকে বাইপাস কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হলেও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় উদ্যোগী হওয়া দরকার।
বলা বাহুল্য, বর্তমানে মিয়ানমারের যে পরিস্থিতি, তাতে করে বিদ্রোহী সংগঠনগুলো আরকানসহ বেশ কিছু প্রদেশ বিচ্ছিন্ন করে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে পারে। আর তাই রোহিঙ্গা প্রত্যাবাসন তখন ওইসব গ্রুপগুলোর নিয়ন্ত্রণে চলে যাবে।তাছাড?া আঞ্চলিক শক্রিধর রাষ্ট্রগুলো এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থনদানকারী প্রভাবশালী রাষ্ট্রগুলোর সঙ্গেও কূটনৈতিক আলোচনা জারি রাখা আবশ্যক। বলতেই হয়, একবিংশ শতাব্দীর পরিবর্তিত বিশ্বব্যবস্থায় আমেরিকার একমেরু শাসিত বিশ্বের সঙ্গে চীন-রাশিয়ার বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার দ্বন্দ্ব বিশ্বকে বিভক্ত করে তুলেছে। আর তাই সময়ের আবর্তে ভূরাজনীতির প্লে গ্রাউন্ড হয়ে ওঠা ভারত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে চলছে পক্ষ-বিপক্ষের জোট-উপজোট গঠন, যা অর্থনৈতিক স্বার্থকে ছাড়িয়ে সামরিক অভিলাষকেও প্রকাশ করছে। আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজি (আইপিএস), কোয়াড জোট, কিংবা চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প- প্রত্যেকে তাদের আধিপত্যকে বজায় রেখেই এগোতে চায়।
সামরিক কিংবা অর্থনৈতিক বর্তমান সময়ে যেকোন জোটে যোগদানের ক্ষেত্রে বাংলাদেশকে সর্তকতার সঙ্গেই পা ফেলতে হবে। নিজেদের স্বার্থকে প্রধান্য দিয়েই সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয়, এই নীতিই পারে বর্তমান সময়ের কূটনৈতিক চ্যালেঞ্জের উত্তরণ ঘটাতে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

