শোষণ নিপীড়ন যুগ যুগ ধরে চলমান একটি প্রক্রিয়া। তবে কালের আবর্তে পরিবেশ পরিস্থিতিতে এটার মাত্রা কম বেশি হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মাত্রা সীমা ছাড়িয়ে গিয়েছিলো। শোষণ নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজটি মোটেও সহজ কোনো কাজ নয়। তবে সেটা যত কঠিনই হোক অসম্ভব নয়। লেখক, সাহিত্যিক, দার্শনিক, মুক্তচিন্তাবিদগণ হাত গুটিয়ে বসে থাকেন না। তাদের কলমী শক্তি শোষণ নিপীড়নকে যুগ যুগ ধরে চ্যালেঞ্জ করে আসছে। অস্তিত্ববাদ ঠিক তেমনই একটি ধারা যেটি ছিল মুক্তচিন্তাবিদদের একটি বুদ্ধিবৃত্তিক আন্দেলন। বুদ্ধিবৃত্তিক আন্দোলন শুধু যে পাশ্চাত্যে হয়েছে তা নয়, আমাদের এখানেও হয়েছে। কাজী আব্দুল ওদুদ আমাদের এখানে বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
আন্দোলনকে এগিয়ে নেয়ার জন্য দারুন একটি স্লোগান তিনি লিখেছিলেন, -- “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আরোষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” কলমী আন্দোলনকে চাঙ্গা রাখতে একটি মোটিভেশন চরণ প্রয়োজন হয়। ফরাসী বিপ্লবের নেপথ্যে জ্যাক রুশোর বিখ্যাত সেই চরণ- “মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্র সে পরাধীন” দারুণ ভূমিকা রেখেছিলো। মার্টিন লুথার কিং মুক্তিকামী মানুষের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন -- আমার একটি স্বপ্ন আছে। তার এই স্লোগান দারুণ সাড়া ফেলেছিলো। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল পয়েন্ট ছিল--- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বুদ্ধিবৃত্তিক সকল আন্দোলনের নেপথ্যেই কালজয়ী স্লোগান ভূমিকা রেখেছে। অস্তিত্ববাদও ছিল এমন একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন। অনেকে হয়তো ভাবেন যে অস্তিত্ববাদ শুধু একটি দার্শনিক তত্ত্ব মাত্র। কিন্তু সেই ধারণা সঠিক নয়। এটি একটি দার্শনিক মতবাদ হলেও এটি ছিল একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন এবং এটি একটি কালজয়ী সাহিত্যের মর্যাদা লাভ করেছে। অস্তিত্ববাদ সহজ কোন তত্ত্ব নয়, এটা বুঝার জন্য মুন্সিয়ানা প্রয়োজন। অস্তিত্ববাদী আন্দোলনের পিছনেও একটি কালজয়ী স্লোগান ছিল। আর সেটা হলো -- অস্তিত্ব সত্তাসারের পূর্বগামী। অস্তিত্ব এবং সত্তাসার এ দুটি টার্ম বুঝা প্রয়োজন। এটাতে আলোচনায় যাওয়ার আগে একটু ফিরে তাকাই।
অস্তিত্ববাদের যাত্রা শুরু হয় জার্মান দার্শনিক সোরেন কিয়ের্র্কগাদের হাতে। পরবর্তীতে হাইডেগার, জ্যা পল সার্তে, নিটশের হাত ধরে সেটা একটি বহুমাত্রিক আন্দোলনে রূপ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষের জীবন এক ভয়াবহ বিপর্যয়ে পরিণত হয়। অতিমাত্রায় অস্তিত্বের সংকটে পড়ে যায় মানুষের জীবন। চরম শূন্যতা ভর করতে থাকে মানব সত্তায়। বিশ্বযুদ্ধের দামামায় সব যখন লণ্ডভণ্ড অবস্থা তখন অস্তিত্ববাদ আশার সঞ্চার করেছিলো মানব মনে। কেননা অস্তিত্ববাদ মানুষের ইচ্ছার স্বাধীনতাকে ঘোষণা করেছিলো। রুশ লেখক ভল্টয়ভস্কি, চেক লেখক ফ্রান্স কাফকা ও সিমেন বোভেয়ার অস্তিত্ববাদকে এগিয়ে নিয়ে যান। জ্যা পল সার্তে তার বিং এন্ড নাথিংনেস গ্রন্থে স্পস্টভাবে বললেন যে মানুষ অপূর্ণ, আর মানুষ তার পূর্ণতার জন্য ছুটে চলে। আর এই পূর্ণতা প্রাপ্তির জন্য মানুষের স্বাধীনতা অপরিহার্য। অস্তিত্ববাদীরা ব্যক্তি স্বাধীনতার জয়গান গেয়েছেন। তারা মনে করেন যে উপদেশ কোন উপকারে আসে না। উপদেশের খপ্পরে পড়ে ব্যক্তি স্বকীয়তা ও অস্তিত্ব হারায়। তারা মনে করেন অস্তিত্ব থেকে চিন্তা ও স্বাধীনতার জন্ম। আধুনিক দর্শনের জনক ডেকার্ট বললেন, “ আমি চিন্তা করি, তাই আমি আছি।” মানুষ তার অবচেতন সত্তায় ইচ্ছার প্রস্ফুরণ ঘটাতে চায়। ইচ্ছার স্বাধীনতা, স্বাধীন চিন্তাশক্তি ও দায়িত্ববোধ অস্তিত্ববাদের প্রাণ। অস্তিত্ববাদীরা মনে করেন যে, মানুষের পরিণতি পূর্ব নির্ধারিত নয়। অপূর্ণ মানুষ তার স্বাধীন কর্ম দিয়ে নিজেকে পূর্ণ করে। প্রত্যেক মানুষ একটি স্বতন্ত্র সত্তা, তার সমস্যা স্বতন্ত্র, সমাধান স্বতন্ত্র। তার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। চিন্তা ও কর্মে মানুষ যেহেতু স্বাধীন তাই সে দায়বোধসম্পন্ন মানবিক। মানবতাবাদ আর অস্তিত্ববাদ মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র। তবে অস্তিত্ববাদের যাত্রা শুধু পশ্চিমা সীমানায় আটকে থাকে নি। এর ডালপালা বিশ্বব্যাপী বিস্তৃত হতে থাকে। বাংলা সাহিত্যেও এর ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করি।
বাংলা সাহিত্যে অস্তিত্ববাদ এক নতুন মাত্রা ধারণ করেছে। কেননা বাঙালিরা সীমাহীন শোষণ ও নির্যাতনের শিকার ছিলো। তাই তাদের নিকট অস্তিত্ববাদের আগমন নিশ্চয়ই আবেদনময়ী। বাংলা ভাষার ধ্রুপদী লেখকদের লেখনীতে অস্তিত্ববাদ ব্যাপকভাবে স্থান পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রচিত বাংলা সাহিত্য, কাব্য, নাটক ও উপন্যাসে অস্তিত্ববাদের প্রভাব লক্ষ্য করা যায়। আমি আগেই বলেছি যে অস্তিত্ববাদ কোন গাইডলাইন বা নির্দেশনা নয়, এটি একটি কলমী ও বৌদ্ধিক আন্দোলন। যে আন্দোলন কোন রাজপথে ঘটে না, যে আন্দোলনে কোন রক্তপাত হয় না। এটি একটি নীরব সাইকোলজিক্যাল আন্দোলন যেটি মানব মনের লুকিয়ে থাকা সত্তাকে জাগ্রত করে। মানব মনের অবচেতন স্তরে এটি বিকশিত হয়। এটি ব্যক্তি স্বাধীনতাকে সবার উপরে স্থান দেয়। এটি শোষণের বিরুদ্ধে ব্যক্তি মনের শৈল্পিক প্রতিবাদ। যে প্রতিবাদ চিন্তার জগতকে সমৃদ্ধ করে। যে প্রতিবাদ শোষক গোষ্ঠীর ঘুম হারাম করে দেয়। যে প্রতিবাদ শাসক চিত্তকে অস্থির করে তুলে। কাজী নজরুলের বেশির ভাগ লেখনী শোষণের বিরুদ্ধে কলমী আন্দোলন হিসাবে বিশ্বস্বীকৃতি পেয়েছে। নজরুলের বিদ্রোহী কবিতার কথাই বলা যাক। এর চেয়ে বড় কলমী প্রতিবাদ বিশ্ব সাহিত্যে ঘটে নি। যে কবিতার প্রতিটি চরণে ব্যক্তি স্বাতন্ত্রের জয়গান করা হয়েছে। কবি তার স্বীয় মনের প্রতিবাদকে সার্বজনীন রূপ দিতে পেরেছেন। কবির মনের প্রতিবাদকে গণ মনের প্রতিবাদে রুপান্তর ঘটিয়েছেন। কবিতার প্রতিটি শব্দই যেন এক একটি প্রতিবাদী বোমা। বিদ্রোহী কবিতায় কবি ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তি মনের মুক্তির কথা কাব্যিক ছন্দে ফুটিয়ে তুলেছেন। এই কবিতায় ব্যক্তি স্বাধীনতার গল্প এতটাই প্রকট যে তৎকালীন শাসক গোষ্ঠীর রাতের ঘুম হারাম হয়েছিলো।
অস্তিত্ববাদের বড় প্রভাব দেখা যায় নজরুলের আনন্দময়ীর আগমনে কাব্যে। যে কাব্যের কয়েকটি চরণে প্রবল ব্যক্তি স্বাধীনতা ঘোষিত হয়েছে। “আর কত কাল থাকবি বেটি, মাটির ঢিবির মূর্তি আড়াল/ স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল/ দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি/ ভূ ভারত আজ কসাইখানা, আসবি সর্বনাশী।” এই চরণগুলি ব্যক্তির অবচেতন মনে ঘুমিয়ে থাকা স্বাধীনতাকে জাগিয়ে তুলেছে এবং ঘোষণা করেছে ব্যক্তির অস্তিত্ব আগে। তার স্বাধীনতা আগে তারপর অন্য কিছু। অস্তিত্ববাদ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠা একটি দার্শনিক তত্ত্ব ও বৌদ্ধিক আন্দোলন। কিন্তু এর অনেক পূর্বেই ব্যক্তি স্বাধীনতার জয়গান গেয়েছেন কবি রঙ্গলাল বন্দোপাধ্যায়। “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় / হে কে বাঁচিতে চায়? / দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়?”
মাকর্সবাদী ধারায় বিশ্বাসী কবি সুকান্ত ভট্টাচার্য যখন লিখেন-“এ পৃথিবী অবাক তাকিয়ে রয় / জ্বলে পুড়ে মরে ছারখার / তবু মাথা নোয়াবার নয়।” এমন চরণে ব্যক্তি স্বাধীনতা প্রবল ভাবে ঘোষিত হয়েছে।
কল্লোল, কালি ও কলম, প্রগতি, পরিচয় প্রভৃতি পত্রিকাকে কেন্দ্র করে একদল লেখক ( যারা সাহিত্য দুনিয়ায় পঞ্চপান্ডব হিসাবে পরিচিত ছিলেন) যুদ্ধ পরবর্তী সময়ে ভয়াবহ
অস্তিত্ব সংকটের ছবি তারা কাব্য শরীরে লেপন করার তাগিদ অনুভব করেছেন। তবে এসব লেখকেরা যে ধরনের অস্তিত্ববাদ বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেটার ব্যতিক্রম। তিনি মূলত জ্যাঁপল সার্তের অস্তিত্ববাদকে অনুসরন করে বাংলা সাহিত্যে সেটাকে নান্দনিক অস্তিত্ববাদ হিসাবে রূপ দেন। অস্তিত্ববাদীরা মনে করেন মানুষ শোষণের শিকার হয়ে এক ধরনের শূন্যতা ও ভীতি অনুভব করে। রবীন্দ্রনাথ ঠাকুর এই শূন্যতাবোধকে ব্যাপক গুরুত্ব দিলেন। তিনি মনে করেন মত প্রকাশের মধ্যে রয়েছে এক নির্মল আনন্দ। এটাকে তিনি অলৌকিক আনন্দ হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি লিখেন- “অলৌকিক আনন্দের ভার/ বিধাতা যাহারে দেয় / তার বক্ষে বেদনা অপার।”
কামু তার দ্যা প্লেগে বিশ্বযুদ্ধের পরে ছড়িয়ে পড়া ভয়ংকর প্লেগ মহামারিতে মানুষের নিদারুণ অসহায়ত্বের চিত্র অঙ্কন করেছেন। ঠিক একইভাবে পুতুল নাচের ইতিকথায় লেখক আকাশের দেবতার অলক্ষ্য হাতে মানুষের অসহায় মৃত্যুর ছবি একেছেন। এছাড়াও অস্তিত্ববাদী ফ্রান্স কাফকা ও হেনরিক ইবসেনের ব্যাপক প্রভাব বাংলা সাহিত্য ও নাটকে লক্ষ্য করা যায়। ইবসেন তার ডলস হাউসে ব্যক্তি স্বাধীনতাকে জীবনের সর্বশক্তি হিসাবে অঙ্কিত করেছেন। তার মতে স্বাধীনতা বিহীন জীবন অর্থহীন। বাংলা সাহিত্যের বড় মাপের প্রায় সব লেখকই কম বেশি অস্তিত্ববাদ দ্বারা প্রভাবিত হয়েছেন। বিভূতিভূষনের পথের পাঁচালীর কয়েকটি চরন লক্ষ্য করলেই বুঝা যায় তিনি অস্তিত্ববাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। “মনির চিন্তা চিন্তামনি, নাই অন্য আশা/ নিষ্কর্মা লোকের চিন্তা তাস আর পাশা/ ধনীর চিন্তা ধন আর নিরানব্বই এর ধাক্কা / যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা।”
বিষ্ণু দে মনে করতেন ব্যক্তিসত্তা আগে। ব্যক্তি তার ইচ্ছার দ্বারা পরিচালিত হয়। ব্যক্তি কারও হাতের ক্রীড়নক নয়। তিনি লিখেন-“সভ্যতার আর একটি বড় প্রত্যয় হচ্ছে ব্যক্তিত্ববোধ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মনে করতেন, জীবন প্রবাহ শুধুই বালুচর নয়, বালুচর ভেদ করে উৎসারিত হয় মধুরের নির্ঝর। মানুষের মধ্যেই জীবনী শক্তির শ্রেষ্ঠ প্রকাশ। জীবনানন্দ দাশতো বলেই দিলেন, শরীর রয়েছে, তবু মরে গেছে আমাদের মন / হেমন্ত আসে নি মাঠে: হলুদ পাতায় ভরে হৃদয়ের বন। তিনি মনে করেন মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। আর এই স্বপ্ন তার স্বাধীন সত্তার এক অনন্য প্রকাশ। তিনি লিখেনক্স“মরণের হাত ধরে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে?” মানুষের মাঝে যখন শূন্যতা এসে ভর করে তখন সে মরতে চায়। “ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ/ মরিবার হল তার সাধ।” প্রথম বিশ্বযুদ্ধের পর অস্তিত্ববাদ চাঙ্গা হয়ে উঠলে মার্কসবাদের চ্যালেঞ্জের মুখে পড়ে। মাকর্সবাদ সামগ্রিক মানবতাবাদের কথা বললো আর অস্তিত্ববাদ নিরঙ্কুশ ব্যক্তি স্বাধীনতার কথা বললো। অনেকে অস্তিত্ববাদকে মনস্তাস্তিক একটি ফ্যাক্টর হিসাবে দেখেন। আসলে অস্তিত্ববাদ এক চলমান নৌকার মত, কোথায় ভিড়বে কেউ জানে না, তবে যতক্ষণ চলে ততক্ষণ থেকে যায় এর বাস্তবতা।
মানুষ তার প্রতিটি কাজের জন্য দায়ী। যেহেতু সে স্বাধীন তাই সকল সিদ্ধান্ত তাকেই নিতে হবে। অসুস্থ মায়ের সেবা করবে নাকি দেশের সেবার জন্য বেরিয়ে পড়বে এটা নিতান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ যেন সেই প্রোটাগোরাসের কথারই প্রতিফলন --মানুষ সবকিছু পরিমাপের মাপকাঠি।
মার্টিন হাইডেগার বলেন, মানুষ হলো ‘ডেসেইন’। এই ডেসেইন অস্তিত্বকে সম্ভব করে তোলে। মানুষের দুটি সত্তা। একটি সামগ্রিক, অন্যটি ব্যক্তিক। সামগ্রিক সত্তাকে বলা হয় সারসত্তা। জীবনের নানা পর্বের ঘাত প্রতিঘাত, অসম্ভব্যতা, আর অস্তিত্ব রক্ষার এক ক্লান্তিহীন পদচারণার নামই অস্তিত্ববাদ। ইচ্ছা, চিন্তা, স্বাধীনতা সবই আপেক্ষিক। আর এই আপেক্ষিকতা থেকে জন্ম নিয়েছে অস্তিত্ববাদ। নৈর্ব্যক্তিক সত্য বলে কিছু নেই। প্রতিটি মানুষের জীবন এক ভয়াবহ যুদ্ধের গল্প। মানুষ হয়ে কেউ জন্ম নেয় না, তাকে মানুষ হয়ে উঠতে হয়। তাই অস্তিত্ব মানুষের পরিচয়।
লেখক: কবি ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

