বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কারণ, এ দেশের বার্ষিক আয়ের প্রধান খাত কৃষি ও দেশের জনগণের সিংহভাগই কৃষির ওপর নির্ভরশীল। সর্বশেষ ২০১৮ সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার তথ্যমতে, কৃষি বাংলাদেশের মোট শ্রমশক্তির ৪০.৬ ভাগ যোগান দিয়ে থাকে এবং দেশের জিডিপিতে যায় অবদান ১৪.১০ শতাংশ (সূত্র উইকিপিডিয়া)। অর্থাৎ বাংলাদেশের প্রধান চালিকাশক্তি যে কৃষি এতে কোন সন্দেহ নেই।
কিন্তু কৃষির মাধ্যমে কৃষক দেশের অর্থনীতিতে যতটা অবদান রাখে দেশ কি কৃষকের অর্থনৈতিক উন্নয়নে ততটাই অবদান রাখে? এই প্রশ্নের উত্তরে সহজেই বলা যায় কৃষকের অর্থনৈতিক উন্নয়নে দেশের অবদান খুব সামান্য। কিছু অব্যবস্থাপনার কারণে বর্তমান সময়ে কৃষক যে একটি অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর নাম তা বলার অপেক্ষা রাখে না। কৃষক গায়ের ঘাম ঝরিয়ে মাঠে সোনার ফসল ফলালেও সোনার মূল্য তো দূরের কথা ন্যূনতম মূল্যেও কৃষি পণ্য বিক্রয় করতে পারে না। তবে কৃষক ন্যূনতম মূল্যে কৃষি পণ্য বিক্রয় করতে না পারলেও সমাজের একটি শ্রেণি (সিন্ডিকেট চক্র) কৃষকদের ঠকিয়ে কৃষকের থেকে স্বল্পমূল্যে কৃষি পণ্য ক্রয় করে অল্প সময়ে ও সামান্য পরিশ্রমে কৃষকের থেকে কয়েকগুণ বেশি মূল্যে কৃষি পণ্য বাজারে বিক্রি করে। এতে যেমন কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তেমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জনজীবনও বিভীষিকাময়ে পরিণত হচ্ছে।
এই অব্যবস্থাপনার কারণে কৃষক তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যার প্রভাব পরতেছে পুরো দেশের উপর অর্থাৎ প্রতিটি জনগনের উপর। বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি এরই একটি ফলাফল।
কৃষিপ্রধান দেশের মূল চালিকাশক্তি যেহেতু কৃষক সুতরাং কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আর কৃষককে বাঁচাতে হলে কৃষকের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। কৃষকের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে দুটি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এর মধ্যে একটি পদক্ষেপ হলো সিন্ডিকেটকে নির্মূল করা। যদি সিন্ডিকেটকে নির্মূল করে কৃষক ও জনগণের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করা যায় তবে মধ্যবর্তী মুনাফা লোভী সিন্ডিকেটদের অনুপস্থিতিতে কৃষক যেমন তার কৃষি পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবে তেমনি পূর্বের তুলনায় কম মূল্যে কৃষি পণ্য ক্রয় করে সাধারণ জনগণও উপকৃত হবে। এতে কৃষক ও সাধারণ জনগণ উভয় লাভবান হবে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দ্বিতীয় পদক্ষেপটি হচ্ছে ‘কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে হবে’। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কৃষকদের অধিকার নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকল সরকারের তুলনায় বর্তমান সরকারের সময়ে কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেটে তার প্রমাণ মিলে। ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেটে দেখাযায় কৃষি খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা যা মোট বাজেটের ৪ দশমিক ৯৭ শতাংশ। কৃষি খাতে এই বরাদ্দের জন্য বর্তমান সরকার প্রশংসার দাবিদার। তবে বরাদ্দ আরো বাড়াতে হবে। যেহেতু কৃষি-ই আমাদের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি সুতরাং কৃষিতে সর্বোচ্চ বরাদ্দ রাখা প্রয়োজন। তবে শুধু কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি করলেই হবে না। প্রয়োজন সঠিকভাবে অর্থ ব্যয় করা অর্থাৎ সঠিক ব্যবস্থাপনা। একটু লক্ষ করলেই দেখাযায় কৃষি খাতে বরাদ্দকৃত অর্থের সিংহভাগই ব্যয় হয় নানান অব্যবস্থাপনায়। যার বেশিরভাগ অর্থ-ই ব্যয় হয় নানান ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পিছনে। অর্থের কিছু অংশ ব্যায় হয় জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের কৃষিতে দায়িত্বশীল কর্মকর্তাদের পিছনে। আর কিছু ব্যায় হয় ঐ সকল কৃষকের পিছনে যারা কৃষকদের মধ্যে নেতৃত্বের স্থানে রয়েছে অর্থাৎ মাঠ পর্যায়ের কৃষক নেতা তাদের পিছনে। শেষ পর্যন্ত বরাদ্দকৃত অর্থ হতে নিরীহ কৃষক পায় যতসামান্য। এতে কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। এর কারণে সরকার কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি করলেও অব্যবস্থাপনার কারণে কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। সরকারের উচিত এই দিকে লক্ষ রাখা। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা একটি কৃষি প্রধান দেশের প্রধান দায়িত্ব।
লেখক: শিক্ষর্থী, ঢাকা কলেজ, ঢাকা
মানবকণ্ঠ/এআই

