রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শহর নগরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদ-নদী ভরাট করে অবৈধ দখলে চলে যাচ্ছে। এক শ্রেণির ভূমিখেকো লোক স্বীয় স্বার্থ হাসিলের লক্ষ্যে রক্ষণাবেক্ষণকারীদের উপর প্রভাব খাটিয়ে ও অর্থ ব্যয় করে এসব নদ-নদী ভরাট করে প্রথমে অস্থায়ী ও পরে দখল পাকাপোক্ত করে স্থায়ী স্থাপনা নির্মাণ করে চলেছে গেল প্রায় ১ যুগ থেকে। এভাবে অবৈধ দখলের ফলে একদিকে নৌ চলাচল ও মালামাল পরিবহন ব্যাহত হচ্ছে অন্যদিকে পরিবেশ বিনষ্ট হচ্ছে, জলাবদ্ধতারও সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না। গতিপথ হারিয়ে পানি দ্বারা রাস্তা ও বসতবাড়ি প্লাবিত হচ্ছে বিনষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এভাবে নদী ভরাট ও দখল অব্যাহত থাকলে একসময় হয়ত নদীর চিহ্নও বিলীন হয়ে যাবে, দেখা দিবে মহাবিপর্যয়।
বিভিন্ন মিডিয়া বেসরকারি সংস্থা ও পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর বেদখল মাঝেমধ্যে উচ্ছেদ করলেও পরবর্তী পর্যায়ে কিছুদিন যেতে না যেতেই আবার দখলকারীরা তাদের তৎপরতা চালিয়ে নদী ভরাট ও স্থাপনা নির্মাণ শুরু করে দেয়।
এভাবেই চলছে বেশ ক’বছর ধরে। জানা যায়, এসব অবৈধ কাজে যারা রক্ষক তারাই নাকি নগদ অর্থের বিনিময়ে সহযোগিতা করে থাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। কয় মাসেও ঘটেছে একই ধরনের ঘটনা- ঢাকার বিভিন্ন নদী ভরাট, অবৈধ দখল ও স্থাপনার চিত্র বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। বিস্তার লেখালেখি হয় বিভিন্ন পত্র-পত্রিকায়। পরিবেশবাদীরা সোচ্চার হন এতে সরকারের টনক নড়ে। উচ্ছেদ অভিযান শুরু হয় ভেঙে ফেলা হয় নানা স্থাপনা। কিন্তু আবারও একই অবস্থা। নদীকে অবৈধ দখলমুক্ত করা হলেও আবার নাকি দখলদারির কাজ শুরু হয়ে গেছে। গেল বছর ১ রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এমনকি দেশের প্রশাসনের কেন্দ্র বিন্দু সচিবালয়েও দেখা গেছে হাঁটু পানি। অথচ আমরা দেখতে পাই কোনো কোনো দেশ নদীকে সাজিয়েছে নিজের মতো করে।
ধরা যাক সুইজারল্যান্ডের কথা। বিশ্বের একেবারে প্রাকৃতিক সম্পদ শূন্য এ দেশটি। এখানে মাথাপিছু কৃষি জমির পরিমাণ বাংলাদেশের চেয়ে ১২০ গুণ বেশি। এ দেশটি শিল্পোন্নত দেশের একটি। সেখানকার উন্নয়ন পরিক্রমায় বলা হয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান হলো নদী, হ্রদ ও বনভূমি। ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য প্রকাশ পায়। ভালো কথা ঢাকা সিটি কর্পোরেশন এর উভয় অংশের মেয়ররা তাদের নিজ নিজ এলাকার খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছেন এবং ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে।
সুইজারল্যান্ডবাসীরা এটা ভেবে গর্ব অনুভব করে যে, তারা বিশ্বের সেরা শিল্পোন্নত দেশ হয়েও প্রাকৃতিক পরিবেশের বিন্দুমাত্র ক্ষতি করছে না। বিশ্বব্যাপী সুইসদের খ্যাতি রয়েছে, দেশটিতে বেশ কিছু হ্রদ, নদী এবং তৎসংলগ্ন বনভূমি রয়েছে। এসব হ্রদ ও নদী সংলগ্ন মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, অবসর বিনোদন কেন্দ্র, পর্যটন স্পট। এভাবে দেশটিতে অত্যাধুনিক কল-কারখানার সাথে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে।
২০০৮ সালের পরিসংখ্যানে দেখা যায়, ৭৫ লাখ মানুষের এ দেশটিতে বছরে ১ কোটির উপরে পর্যটক আগমন ঘটে। পর্যটন শিল্প হলো দেশটির তৃতীয় বৃহত্তম আয়ের উৎস। আর এটা সম্ভব হয়েছে হ্রদ, নদী ও নির্মল প্রাকৃতিক পরিবেশের জন্য। পানি-বিদ্যুৎ উৎপাদনে দেশটি বিশ্বের শীর্ষ স্থানীয় একটি। ৭৫ লাখ জনসংখ্যার ক্ষুদ্র দেশে অভ্যন্তরীণ নদীগুলো হতে বছরে ২৫ লাখ মেগাওয়াটের মতো পানি বিদ্যুৎ উৎপাদিত হয়। অথচ ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশে বছরে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় তা দিয়ে দেশের চাহিদা মাত্র পূরণে হিমশিম খেতে হয়। রাষ্ট্রীয়ভাবে বিশ্বের শীর্ষ স্থানীয় শিল্পোন্নত দুটো দেশ হলো কানাডা ও নরওয়ে। এ দুটো দেশকে ইউএনডিপি মনুষ্য বসবাসের জন্য বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে বর্ণনা করেছে। মানব সম্পদ উন্নয়নে বিশ্বে কানাডা ও নরওয়ের স্থান হলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। কানাডা ও নরওয়ে হাজার হাজার বছর ধরে তাদের নদীগুলোর নাব্যতা বজায়, পানিকে দূষণমুক্ত রাখা ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসাবে চিহ্নিত হয়ে আসছে। মাত্র ৩ কোটি ৪০ লাখ মানুষের দেশ কানাডা তাদের অভ্যন্তরীণ নদীগুলো হতে বছরে ২ কোটি ৮০ লাখ মেট্রিক টন এবং ৫০ লাখ মানুষের দেশ নরওয়ে বছরে ৯৯ লাখ ৪৭ হাজার মেট্রিক টন পানিবিদ্যুৎ উৎপাদন করে যা বাংলাদেশের চেয়ে অনেকগুণ বেশি। বিশ্বের আরেক বৃহত্তম শিল্পোন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।
দেশটিতে রয়েছে বেশ কয়েকটি বড় নদী। মার্কিন যুক্তরাষ্ট্র নদী ও নদীর তীরবর্তী পরিবেশ রক্ষায় অত্যন্ত কঠোর আইন প্রণয়ন করেছে। নদীর দু’ধারে ২০ কিলোমিটারের মধ্যে কোনো গাছপালা কর্তন ও স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। শিল্পোন্নত দেশগুলো নদীর নাব্যতা বজায়, গতিপথ ঠিক রাখা, পানিকে দূষণমুক্ত রাখা, তীরের গাছপালাসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য ব্যয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। বিপন্ন হবে পরিবেশ, আর পরিবেশ বিপন্ন হলে সমগ্র জাতি বিপন্ন হবে, মুখ থুবড়ে পড়বে তাদের শত-অজস্র বছরের উন্নয়ন ও ঐতিহ্য।
অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত এক দৈনিক পত্রিকার সংবাদে বলা হয়েছে, ২০৮০ সালের মধ্যে বিশ্বের ১১০ কোটি থেকে ৩২০ কোটি মানুষ পানির চরম অভাবের মুখে গিয়ে দাঁড়াবে। পাশাপাশি সে সময়ের মধ্যে কম করেও ২০ থেকে ৬০ কোটি লোক ভয়ঙ্কর দুর্ভিক্ষের সম্মুখীন হবে। বিশ্বের উষ্ণতা বৃদ্ধি বর্তমানে যেভাবে ঘটছে তার পরিমাণ ২০৮০ সাল পর্যন্ত বৃদ্ধি পেলে হিমবাহ তথা তুষারাঞ্চলের অবক্ষয় ঘটবে। ফলে বাড়বে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা।
লক্ষ লক্ষ মানুষের ঘর-বাড়ি ভেসে সমুদ্রগর্ভে হারিয়ে যাবে। এমনকি বিশ্বের জৈব সম্পদের বৃহত্তম ভাণ্ডার হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট বেরিয়ার রিফেরও অবলুপ্তি ঘটবে। উল্লেখ্য, জার্মানির পটসডামে ‘ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স’র বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পরিণামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ সমগ্র বিশ্বকে গ্রাস করবে এবং এর ফলে ধ্বংস হতে পারে মানব সভ্যতা। জার্মানির বিজ্ঞানীরা এ ক্ষেত্রে অতীত ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, মেক্সিকোর মায়া চীনের তাং বংশের সময়কালীন সভ্যতা মোহেনজোদাড়ো এবং সিন্ধু সভ্যতা প্রাকৃতিক কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল।
সংবাদটিতে অস্ট্রেলিয়ার প্রসঙ্গে জানানো হয়েছে, ২০৩০ সালের মধ্যে গ্রেট বেরিয়ার রিফের অবলুপ্তির পাশাপাশি প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে সাগরের পানি অধিক অম্লযুক্ত হয়ে পড়বে। প্রবাল কীট ও উদ্ভিদ জাতীয় জৈব সম্পদ ধ্বংসের ফলে সাদা চুনাপাথরের কঙ্কালের প্রাচীরে পরিণত হবে বিশ্বের এ জৈব সম্পদের বৃহত্তম ভাণ্ডারটি। এদিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস দিতে হিমশিম খেতে হয়েছে আবহাওয়া দপ্তরকে। আবহাওয়ার পরিবর্তন নিয়ে যে আন্তঃরাষ্ট্রীয় গবেষণা সংস্থা তৈরি হয়েছে তাদের সদস্যরা দফায় দফায় বৈঠক করে আবহাওয়ার এ পরিবর্তনের কারণ খোঁজার চেষ্টা চালিয়েছেন। কেন খুঁজেছেন তারা কারণ এর সঙ্গে পানি সংকটের সম্পর্ক রয়েছে। সম্পর্ক রয়েছে পানিস্তরের।
বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা ও সভ্যতার সাথে নদীর সম্পর্ক চিরকালীন। সভ্যতার বিকাশও হয়েছে এ নদীর তীর ঘেঁষে। খ্রিস্টজšে§র প্রায় ২ হাজার বছর আগে হোয়াংহো নদীর উপত্যকায় চীন সভ্যতার বিকাশ ঘটেছিল এবং সেখান থেকে চৈনিক সভ্যতার অগ্রযাত্রা শুরু হয়েছিল। প্রখ্যাত জার্মান কবি ফেডরিচ সিনার রাইন নদীতে জার্মান জাতির সংস্কৃতি ও সমৃদ্ধির উৎস হিসাবে বর্ণনা করেছেন। একইভাবে সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতার, রাইনের তীরে জার্মান সভ্যতা, নীল নদকে ঘিরে মিসরীয় সভ্যতা, টাইগ্রিস, ইউফ্রেটিসকে কেন্দ্র করে ব্যাবিলনিয়ান সভ্যতা, দানিয়ুবের তীর ঘেঁষে রুশ সভ্যতা, টাইবার নদীকে ঘিরে রোম সভ্যতা। টেমস নদীর তীর ঘেঁষে লন্ডন শহরে শিল্প বিপ্লব ঘটেছিল যা সকলের জানা।
আমরা আমাদের সভ্যতা, সমৃদ্ধির উৎস যে নদীর খাল ও বিল তাকে নির্বিচারে হত্যা করে চলেছি। আজ এক শ্রেণির লোভী, বিবেকহীন মানুষ সভ্যতার বাহন নদীর গলায় ফাঁসির রজ্জু পরিয়ে দিচ্ছে। সমাজের এলিট শ্রেণির লোকজন লোভাতুর হয়ে নদীমাতৃক বাংলাদেশকে একদিন নদীশূন্য বিরান ভূমিতে পরিণত করতে উঠে পড়ে লেগেছে। তাদের দাপট সর্বত্র। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সকল নদীর আগেকার রূপ দিতে কাজ করলেও এনজিও, রাজনীতিক, বুদ্ধিজীবী, সরকার বুদ্ধিহীন হয়ে পড়েছেন বলে মনে হয়। নদী না বাঁচলে দেশ বাঁচবে না, জাতি বাঁচবে না- বাংলাদেশ বাঁচবে না। এটা সকলেরই অনুধাবন করা উচিত।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

