আত্মহত্যা, এই একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকে হাজারো অবসাদ, মানসিক যন্ত্রণা, আর অসংখ্য হেরে যাওয়ার গল্প। গল্পগুলো সব সময়ই চাপা পড়ে যায় এই আত্মহনন অথবা সুইসাইড কথাটির আড়ালে। একজন মানুষ কতটা যুদ্ধের পর মহামূল্যবান এই জীবনকে শেষ করার সিদ্ধান্ত নেয় তা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। যেখানে পুরো বিশ্ব যুগ যুগ ধরে বেঁচে থাকার লড়াই করে আসছে সেখানে এই লড়াইয়েই হেরে গিয়ে হারিয়ে যাচ্ছে অনেকে। আর সেই হারিয়ে যাওয়ার তালিকায় সর্বাধিক নাম দেখাচ্ছে উদীয়মান ভবিষ্যৎগুলো। গত বছর দেশে আত্মহত্যার পথ বেছে নেয় মোট ৫১৩ শিক্ষার্থী। তার মধ্যে স্কুল শিক্ষার্থী ২২৭, কলেজ শিক্ষার্থী ১৪০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটানব্বই এবং মাদ্রাসা শিক্ষার্থী ৪৮ জন। অনুসন্ধানে দেখা যায় আত্মহত্যার সবচেয়ে বড় কারণ হলো অভিমান।
অদৃশ্যমান এক অভিমানের জেরে কত মানুষ হারিয়ে ফেলে নিজেকে, তার ইয়ত্তা কই। তবে মর্মান্তিক বিষয় হলো যখন নিজের ইচ্ছার বিরুদ্ধে শুধু মাত্র অনৈতিকতা আর অবিচারের কাছে হেরে গিয়ে মানুষ বাধ্য হয় নিজেকে শেষ করে দিতে। শিক্ষাঙ্গন, যেটাকে বলা হয় মানুষ গড়ার আলয়, সেখান থেকেই যদি হারিয়ে যায় সব উজ্জ্বল নক্ষত্র তাহলে জাতির ভবিষ্যৎ কোথায়! আদৌও কি আছে? শিক্ষা জাতির মেরুদণ্ড আর এখন কেন জানি এই মেরুদণ্ডই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।
শিক্ষিত সমাজই বাধ্য করে উঠতি উন্নয়নের মুখে বাধা হতে। আর এই শিক্ষিত-নিপীড়িত সমাজের তালিকা থেকে শিক্ষকের সংখ্যাও কম পাওয়া যাবে না। জাতি গড়ার কারিগররাই এখন জাতি ভাঙার ঠিকাদার। শিক্ষক হয়ে শিক্ষার্থীদের কাছে কুপ্রস্তাব থেকে শুরু করে এমন কোনো নোংরামি নেই যার অভিযোগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণির শিক্ষকের বিরুদ্ধে নেই। আজকাল সর্বোচ্চ সম্মানের পেশায় যেন সর্বোচ্চ নোংরামির অবাধ স্বাধীনতা দিচ্ছে। সুশীল সমাজ আসবে কোথা থেকে যেখানে সমাজের ন্যায়-অন্যায় বিচার করা হয় ক্ষমতার দাপটের উপর ভিত্তি করে!
শুধু ব্যক্তিগত আক্রোশে নয়, বরং কতিপয় পাওয়ারফুল শিক্ষার্থীদের সাথে নিজের সম্পর্ক বজায় রাখতেও অন্য শিক্ষার্থীর জীবন নরক করে তোলে কিছু শিক্ষক। এরা কি আদৌ জানে শিক্ষকতা পেশা শুধু টাকা রোজগার করার মাধ্যম না, বরং সমাজের সবচেয়ে বড় গুরুদায়িত্ব। আফসোসের বিষয় হলো, এই শিক্ষক তার শিক্ষার্থীকে কী শিক্ষা দেবে সেটা তো আমাদের আন্দাজের বাইরে না। আর এই শিক্ষার্থীই যখন ভবিষ্যতে শিক্ষক হবে তখন দেশ, জাতি-কে শিক্ষাবিরূপ মনোভাব পোষণ করতে বাধ্য করবে। তাছাড়া এমন কোনো শিক্ষকের শিক্ষাতেই হয়তো তারা নিজের সহপাঠীর জীবন অসহনীয় যন্ত্রণায় ভরিয়ে দেয় যেন সে আত্মহত্যা করতে বাধ্য হয়। এখানে অপরাধ শুধু সেই মানুষটিরই যে এই নোংরা সমাজে নিজের জীবনটাকে টিকিয়ে রাখতে পারেনি। বাকিরাই তো সমাজ। আর এই সমাজই পারে একটি নিরপরাধ মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে।
শুধু ক্ষমতার জোরে কিছু মানুষরূপী অমানুষ কে যদি শিক্ষাঙ্গনে প্রবেশ করতে দেয়া হয় তবে সেটা জাতির জন্য লজ্জাজনক। আর এখন তো তা শিক্ষকের আসনে বিরাজমান আছে। অশিক্ষার প্রভাব বিস্তার হতে শুরু করেছে সমাজে। আর তার প্রমাণই হলো শিক্ষাঙ্গের গাফিলতিতে মেধা তালিকার প্রথম স্থানের শিক্ষার্থীকে বেছে নিতে হয় আত্মহননের পথ। খাতা-কলমে দায়ের করা অভিযোগ ছাড়াও এমন হাজারো অভিযোগ আছে যেখানে প্রতিটি ক্লাসে শিক্ষকের হয়রানির শিকার হতে হয় কতিপয় শিক্ষার্থীকে। নিজের ব্যক্তিগত আক্রোশের উপর ভিত্তি করে এই শিক্ষক সমাজ কত শিক্ষার্থীর ভবিষ্যৎ যে অন্ধকারে ঠেলে দিচ্ছে তা আত্মহত্যা করা হƒদয় ছাড়াও অনেক শিক্ষার্থীরই জীবন গাথা, শুধু প্রকাশ হয় না। আর ক্ষমতার বলে জিতে যায় সুশীল সমাজের সুশীল মুখোশধারী কিছু অমানুষ যাদের হয়তো বার বার মৃত্যুদণ্ড দিলেও তাদের অত্যাচারে আত্মহত্যা করা মানুষটির জন্য সঠিক বিচার হবে না। আত্মহত্যা কেউ শখ করে করে না, তাকে পরিবেশ পরিস্থিতি বাধ্য করে এমন কঠিন সিদ্ধান্ত নিতে। আর একটি মানুষ নিজেকে শেষ করে দেয়ার পরও সমাজের কিছু সংখ্যক মানুষ আছে যারা দোষ খুঁজতে লেগে যাবে।
তাদের ধারণা “মানুষটি আত্মহত্যা করেছে মানেই তার কোনো দোষ আছে, দোষ না থাকলে আত্মহত্যা কেন করবে।” তাদের কাছে মানুষটির হারিয়ে যাওয়া পীড়াদায়ক না, বরং মানুষটির দোষ খোঁজা আনন্দদায়ক। এই সমাজে আসলে বেঁচে থাকাটাও অন্যায়। কারণ এই সমাজ দোষ খুঁজতে ব্যস্ত, দোষীকে নয়। এভাবে আর কত প্রাণের বলি হলে অবশেষে মানুষ সজাগ হবে এসব অমানুষদের শাস্তি দিতে তা আসলে জানা নেই। ক্ষমতা তার উপরই দেয়া উচিত যে ক্ষমতার ভার এবং মান রাখতে পারে। ক্ষমতার অথবা সুযোগের অপব্যবহার তো রাস্তার কুকুরও করে থাকে। তাই বলে কুকুরদের সিংহাসনে বসিয়ে তো আর রাজ্য চালানো সম্ভব নয়। সেটা যতদিন না সমাজের উচ্চস্তরের মানুষেরা বুঝবে ততদিন সঠিক বিচারের আশাটাও যেন মূল্যহীন কল্পনা।
তবুও চলমান এই জীবনে এগিয়ে যেতে হবে। লড়াই করে হেরে গেলেও জীবনের পথ পরিবর্তন করতে হবে, জীবনের মূল্য নয়। যে চলে যায় শুধু সেই হারিয়ে যায়, থেকে যায় তাদের সাথে করা অন্যায়, আর অন্যায়কারীরা। নিজেকে শেষের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত হয়তো তারা এটা ভেবে নেয় যে তাদের জীবনের বিনিময়ে তারা সুবিচার পাবে। কিন্তু আসল মানুষটাই না থাকলে বিচার আর বিচারক সবই বৃথা। কেউই কারো জন্য থেমে থাকে না, কেউই কারো জন্য লড়াই করে না। নিজের লড়াই নিজের জন্যই করতে হয়, হেরে গেলে শুধু মানুষটাই হারিয়ে যায় আর বাকি সব কিছুই থেকে যায়। তাই জিততে হলে লড়াই করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো বেঁচে থাকাটাই সবচেয়ে বড় জয়। সমাজের ধনী ব্যক্তিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু বেঁচে থাকার জন্য, জীবনের আয়ুকে যদি বাড়ানো যায় সেই আশায়। তাহলে আমরা কেন জীবন থাকতে তার ধ্বংস ডাকবো! জীবনে স্বল্প সুখ দিয়ে হলেও উপভোগ করে কাটাতে হবে সময়। আর দুঃখ আসলে? তাকেও না হয় উপভোগ করলাম। কারণ, জীবন আছে এটাই তো উপভোগ্য।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

