ছন্দে-ছন্দে ছুটে চলা সমুদ্রের ঢেউ, আকাশে ভেসে বেড়ানো মেঘমালা, ঝিরি ঝিরি বাতাস, ডানা মেলে মুক্ত আকাশে মনের আনন্দে পাখির উড়ে বেড়ানো এসব কিছুকেই নিয়ন্ত্রণ করার অধিকার মানুষের নেই। মানুষ ফুলের বনে হারিয়ে যেতে পারে, নদীর ঢেউয়ে মুগ্ধ হতে পারে, নদীর সাথে সাথে দূর-দূরান্তে চলে যেতে পারে তবে নদীর গতিকে রুদ্ধ করার অধিকার নাই মানুষের। পাখির অনিন্দ্য সুন্দর মন কেড়ে নেয়া গান করাকে নিয়ন্ত্রণ যেমন করতে পারে না মানুষ একইভাবে পাখির গানে মুগ্ধ হওয়ার অনুভূতিকে সীমাবদ্ধ কিংবা সংকোচিত করতে পারে না। যদি করা হয় এই প্রকৃতি, এই পরিবেশ, এই প্রতিবেশ নীরবে শৃঙ্খলা হারাবে। পরিবেশ শৃঙ্খলা হারালে প্রকৃতি নীরবে প্রতিশোধ নেবে। পরিবেশ, প্রকৃতির পায়ে শৃঙ্খল পরানো আর আত্মহনন প্রায় একই কথা। এরকম আত্মহনন করে সূর্যের উত্তাপে ছারখার করেছিলেন একজন। যারা গ্রিক পুরাণ পড়েছেন কিংবা পড়েননি তারা সবাই এই পৌরাণিক চরিত্রের নাম জানেন, তিনি হলেন ইকারুস। কেনো ইকারুসের প্রসঙ্গ এলো তা’ লেখাটির পরবর্তী কোন অংশে বলবো। ইকারুসের গল্পটি বললেই বিদগ্ধ পাঠকেরা অনুমান করতে পারবেন কী কারণে ইকারুসকে আলোচনায় টেনে নিয়ে আসা হলো। মানুষ প্রকৃতির সন্তান। তাই মানুষকেও প্রকৃতির স্বাভাবিক নিয়মের ভেতরে থাকতে হয়। উত্তপ্ত লাভায় হাত দিলে হাত পুড়ে যাবে, প্রচণ্ড শীতে নিজেকে আবৃত্ত করে না রাখলে ঠাণ্ডাজনিত কঠিন রোগে আক্রান্ত হতে হবে। প্রকৃতির সাথে মিথস্ক্রিয়ায় মানুষের এই নিয়মগুলো মেনে নিতে হয়। আবার মানুষ তার সমাজে শৃঙ্খলাবদ্ধভাবে বেঁচে থাকার জন্যও নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মের ভেতরে থেকেই মানুষকে স্বাধীনতা উপভোগ করতে হয়। মানুষ সাময়িকভাবে নিয়ম ভেঙে অনেক বিলাস ব্যসনে জীবনযাপন করতে পারে তবে এই উচ্ছৃঙ্খল জীবন দীর্ঘমেয়াদে মানুষকে চরম ক্ষতির মুখোমুখি করতে পারে।
সাহিত্যের ছাত্র হিসাবে আমাকে গ্রিক পুরাণ পড়তে হয়েছে। প্রথমে পড়েছি বাধ্য হয়ে, পরবর্তীতে এর অন্তর্নিহিত সৌন্দর্যে মুগ্ধ হয়ে। এবার আসা যাক ইকারুসের একটি প্রাথমিক পরিচয় দিয়ে নেই। ইকারুসের বাবার নাম ছিল ডিডেলাস। গ্রিক পুরাণ মতে তিনি ছিলেন অসাধারণ গুণী একজন ভাস্কর। তার নির্মিত ভাস্কর্যগুলো এত নিখুঁত ছিল, অনেকেই বলতেন ডিডেলাসের ভাস্কর্য জীবন্ত প্রাণীর মতো হাঁটা-চলা করতে পারে। তিনি তার দক্ষতায় শিল্প কর্মগুলোকে এতই মূর্ত করে তুলতেন, মনে হতো তিনি তার সৃষ্টিকে মানুষের সামনে জীবন্ত সত্তা হিসাবে তুলে ধরছেন। ডিডেলাস যখন ক্রিট নামক স্থানে বসবাস করতেন তখন ক্রিটের রাজা তাকে এক দাসীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করেন। বিয়ের পর ডিডেলাসের দুই সন্তান হয় একজনের নাম ইকারুস এবং অপরজনের নাম ল্যাপিক্স। পুত্র ইকারুস পিতা ডিডেলাসের মত স্থাপত্য বিদ্যায় দক্ষ হয়ে ওঠেন। ডিডেলাস এবং ইকারুসের সুনাম সারা ক্রিট-রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। ডিডেলাস ক্রিটের রাজা মাইনসের জন্য একটি গোলকধাঁধা তৈরি করে দেন, যার উদ্দেশ্য ছিল অর্ধেক মানব অর্ধেক ষাঁড় আকৃতির একটি ভয়াল প্রাণী মিনোটোরকে বন্দি রাখা। ডিডেলাস রাজা মাইনসের শত্রু থেসাসকে সাহায্য করার জন্য মাইনসের কন্যা অ্যারিয়াডনিকে গোলকধাঁধায় টিকে থাকা কিছু সূত্র জানিয়ে দেন। এ কারণে রাজা মাইনস ক্ষিপ্ত হয়ে ডিডেলাস ও তার পুত্র ইকারুসকে কারাগারে নিক্ষেপ করে। কারাগার থেকে পালানোর জন্য ডিডেলাস মোম এবং পাখির পালকের সাহায্যে দুই জোড়া পাখা নির্মাণ করে। একজোড়া ইকারুসের জন্য এবং আরেক জোড়া তার নিজের জন্য। ডিডেলাস ইকারুসকে বার বার সতর্ক করে দেন, ইকারুস যেন কখনোই মোমের পাখা দিয়ে বেশি উপরে না ওঠেন, কারণ সূর্যের তাপে মোম গলে যেতে পারে। ইকারুস তার পিতার কথায় কান না দিয়ে, আকাশে উড়ার আনন্দে সব ভুলে যান, একসময় উড়তে উড়তে অনেক উপরে উঠে যান তিনি। সূর্যের তাপে মোম গলে গিয়ে তার পাখা ভেঙে যায় আর ইকারুস সমুদ্রে পতিত হয়ে মৃত্যুবরণ করেন। ইকারুস প্রকৃতির স্বাভাবিক নিয়মকে লঙ্ঘন করেন। অস্বাভাবিকতার আশ্রয় নেয়ার কারণে তাকে চরম মূল্য দিতে হয়। ইকারুস ডানা দিয়ে উড়ার স্বাধীনতা পেয়েছিলেন, মুক্তির সন্ধান ও স্বাদ তার অপ্রাপ্য ছিল না; কিন্তু সীমাহীন স্বাধীনতা লাভের ইচ্ছায় সূর্যের মুখোমুখি হতেই তাকে মৃত্যুবরণ করতে হলো।
প্রকৃতি আমাদের যে ক্ষমতা দিয়েছে সে ক্ষমতার কথা বিবেচনা না করে স্বাধীনতা ভোগ করা কোনোভাবেই যে সমীচীন নয় এ কথাটি আমরা প্রায়ই ভুলে যাই। এই যে দেশজুড়ে একদল মানুষ স্বাধীনতার নামে ক্রমাগত সীমা লঙ্ঘন করছেন এবং আর একদল মানুষ ক্রমাগত নিজেদেরকে সংকুচিত করতে করতে গুটিপোকার মতো নিজেদের অবস্থান হারাচ্ছেন এ বিষয়টি নিয়ে আমাদের নাগরিক সমাজ, রাজনৈতিক দল কোনো প্রশ্ন তুলছেন না। প্রশ্নহীনভাবে ক্রমাগত উত্তপ্ত লাভার কাছে দেশটিকে নিয়ে যাচ্ছি আমরা। বিপদ যখন আসন্ন হয় তখন জাতিকে সতর্ক সংকেত প্রদান করতে হয়। আজ জাতীয়ভাবে সতর্ক সংকেত প্রদান করার মানুষের বড় অভাব। যারা এক সময় বিবেক বুদ্ধি দ্বারা পরিচালিত হতেন, তারা আজ বিবেক বন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধীতে পরিণত হতে যাচ্ছেন। সীমাহীন লোভ, অসীম স্বাধীনতা ভোগের আকাক্সক্ষা নাগরিক সমাজ কিংবা বুদ্ধিজীবী সম্প্রদায়কে অন্ধ করে ফেলেছে। তারা অন্ধ হলেও যে প্রলয় বন্ধ হবে না, এ কথাটি জেনেও ভোগের জলাশয়ে তারা জলকেলিতে মগ্ন আছেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে নীরবতার সংস্কৃতি বা কালচার অব সায়লেন্সকে ভাঙতে হবে। স্বাধীনতা নিয়ে বিশ্বজুড়ে যে ভ্রম তৈরি হয়েছে সে ধারণাটিকে ভেঙে দিতে হবে। ভৌগোলিক স্বাধীনতার পরেও যে স্বাধীনতা আছে সে বিষয়টি চাপা পড়ে গেছে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে। নিজস্ব ভূখণ্ডে, ক্ষমতা প্রতিপত্তি দিয়ে একদল মানুষ আর একদল মানুষকে পরাধীন রাখতে পারে। আমাদের উপমহাদেশে লুণ্ঠনের সংস্কৃতি চালু হওয়ার পর থেকে ব্যক্তি মানুষের স্বাধীনতা দিনে দিনে সীমিত হওয়া শুরু করেছে। একদল মানুষ রাষ্ট্র-যন্ত্রের প্রতিটি ক্ষেত্র থেকে অবাধে নিজেদের সীমাহীন চাহিদা মেটাচ্ছেন আর-একদল মানুষ রাষ্ট্রযন্ত্র থেকে প্রদত্ত ন্যূনতম সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন কক্ষে প্রান্তিক মানুষের প্রবেশ দিনে দিনে সীমিত হয়ে পড়ছে। সাধারণের কণ্ঠস্বর শাসকের কাছে গিয়ে যথাযথভাবে পৌঁছুতে পারছে না। সমাজে ন্যায্যতা নির্বাসিত হচ্ছে ক্রমাগত। এই ন্যায্যতাকে হটিয়ে শোষণ প্রক্রিয়াকে মজবুত করে তোলার জন্য সাম্প্রদায়িকতাকে রাজনীতির একটি অপরিহার্য উপাদান হিসাবে সাদরে গ্রহণ করা হচ্ছে। ইকারুসের যে সংকট তা নিয়মের ভেতরে না থাকার কারণে হয়েছে। অনিয়মকে দূর করতে হলে প্রয়োজন মানুষের স্বাধীনতার চেতনার জায়গাটিকে বিস্তৃত করা। এজন্য প্রয়োজন সকল মানুষের কণ্ঠস্বরকে বিবেচনায় রেখে এগিয়ে যাওয়া। আমরা একাত্তরে একটি ঔপনিবেশিক বৃত্ত ভাঙতে সমর্থ হয়েছি। সে বৃত্ত ভাঙতে আমাদের অনেক দাম দিতে হয়েছে, “দাম দিয়ে” কিনতে হয়েছে আমাদের এই বাংলা, আমাদের এই বাংলাদেশকে। সেই দাম দিয়ে কেনা বাংলার স্বাধীনতাকে সকল মানুষের অংশগ্রহণে পরিপূর্ণ রূপ দেয়ার সময় এসেছে আমাদের।
এ কাজটি করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। জাতীয় ঐক্য গড়ে যখন তিনি সংহতির পথে, বৈষম্য রোধের পথে এগিয়ে যাচ্ছিলেন তখনই তার পথ রোধ করা হয়, তাকে সরিয়ে দেয়া হয় নির্মমভাবে আমাদের এই সুবর্ণভূমি থেকে। অর্জিত উন্নয়নকে টেকসই করতে হলে, নিয়মের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। রাজনীতিকে তৃণমূল থেকে উঠে আসা
রাজনৈতিক নেতাদের বুঝতে হবে আশপাশের মানুষের সংকট। প্রান্তিক মানুষ যারা দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ালে দেশের সার্বিক সংকট নিরসন হবে। যেভাবে দেশের অগ্রযাত্রা আরো গতিশীল হবে।
লেখক: প্রাবন্ধিক ও উন্নয়ন গবেষক
মানবকণ্ঠ/এসআরএস

