বর্তমান বাংলাদেশের তরুণীদের শিক্ষাগত অবস্থান থেকে শুরু করে, অর্থনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনায় বিষয়গুলোকে একটু গভীরভাবে খুটিয়ে দেখা প্রয়োজন। কারণ বর্তমান সামাজিক প্রেক্ষাপট বিচারে দেশে ৬২% তরুণী শিক্ষা, প্রশিক্ষণহীন থাকলেও একটি শ্রেণি বিশেষ করে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের মধ্যে খানিকটা উপরি উপরি শিক্ষাগত ও কর্মসংস্থানগত প্রসার লক্ষণীয়। যেমন বিভিন্ন নারী এখন মেডিকেল, বুয়েটে পড়ছে, চাকরি করছে যারা প্রায় সবাই মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। কিন্তু তারপরও বাংলাদেশে ৬২ শতাংশ তরুণী বেকারত্বে ভুগছে। ২০২২ সালে এনইটি ক্যাটাগরিতে নারীদের সংখ্যা বেড়ে ২.৫৩ শতাংশ থেকে ৬১.৭২ শতাংশে দাঁড়িয়েছে। সেই বছর এই ক্যাটাগরিতে জনসংখ্যা বেড়ে ৪০.৬৭ শতাংশে দাঁড়িয়েছে। ২০২১ সালে যা ছিল ৩৯.৬১ শতাংশ। আইএলওর রিপোর্ট অনুসারে ২০২৩ সালে এর সংখ্যা ছিল ২১.৭ শতাংশ।
সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট রিসার্চের নির্বাহী চেয়ারপারসন রুশিদান ইসলাম রহমান বলেন, ‘এটি অবশ্যই দেশের জন্য খারাপ পরিস্থিতি, কারণ এটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনার বড় অপচয়। ‘অপরদিকে আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের একটি জরিপে দেখা যায় শহরে পুরুষের তুলনায় নারী শিক্ষার হার বেশি। আরেক জরিপে শিক্ষার হার বিবেচনায় পুরুষদের শিক্ষার হার যেখানে ৬৩ শতাংশ নারীদের শিক্ষার হার সেখানে ৬১ শতাংশ। শিক্ষার হারের দূরত্ব কমলেও বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে নারীদের। এর কারণ বোঝার জন্য আধুনিক অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে আসলে নারীবাদ ও পুরুষতন্ত্র কিভাবে কাজ করছে তা বোঝার একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এই পুরুষতন্ত্রের চেহারা ব্রিটিশ শিল্পবিপ্লবের সময় থেকে অনেকটা আলাদাই বলা চলে। বর্তমান সমাজে একটি শ্রেণিতে নারী সমাজের উন্নতি দেখা যায় বটে কিন্তু বর্তমান সামাজিক সংকটটি বুঝতে আমাদের একটি নির্দিষ্ট প্যাটার্নে মনোযোগ দেয়া জরুরি যাকে আমরা অনেকটা পুরুষতন্ত্রের মনস্তাত্ত্বিক আগ্রাসন আলাপটি দিয়ে ব্যাখ্যা করতে পারি। এই ব্যাপারটি বুঝতে একটি প্রচলিত প্রবাদ লক্ষ করা অত্যন্ত জরুরি- ‘আমি আমার স্ত্রীকে চাকরি করতে দেই এবং আমি আমার স্ত্রীকে চাকরি করতে দেই না’ দুটো কথার মানেই আদতে এক।
এই প্রবাদটির মধ্য দিয়ে আমরা পুরুষতন্ত্রের মানসিক আগ্রাসনটি বুঝতে পারি যে চাকরি করা না করার চেয়ে বড় ব্যাপারটি দাঁড়ায় সিদ্ধান্ত নেয়ায় কার হস্তক্ষেপটি প্রাধান্য পাচ্ছে। সাধারণত ইউরোপীয় রেনেসাঁর পর পুরুষতন্ত্রের যে চেহারাটি আমরা দেখতে পেয়েছিলাম তার থেকে এই রূপটি অনেকাংশেই আলাদা। এটি বুঝতে হলে পুঁজিবাদের অবলম্বনের বিষয়টি বোঝা বেশ জরুরি। পুঁজিবাদ সর্বদাই একটা অবলম্বন ধরে আগায়। ইউরোপীয় রেনেসাঁর সময় পুঁজিবাদের মূল অবলম্বন ছিল শিল্প প্রতিষ্ঠান। কিন্তু বর্তমান সময়ে পুঁজিবাদের মূল অবলম্বন হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ ও প্রযুক্তি। এর ফলে সে সময়কার আগ্রাসন ও বর্তমান আগ্রাসনের ধরনেরও পার্থক্য দেখা যায়। উদাহরণ স্বরূপ বলা যায় রেনেসাঁর যুগে একটি দেশ আরেক দেশের উপর সরাসরি উপনিবেশের যে প্রক্রিয়া জারি ছিল তার বিলুপ্তি ঘটলেও বর্তমান সময়ে উপনিবেশিকতার মানসিকতা তৈরির মাধ্যমে উপনিবেশিক সংস্কৃতি নির্মাণ প্রক্রিয়ায় আমরা দেখতে পাই, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইউরোপীয় সংস্কৃতির যে আগ্রাসন সেটি লক্ষণীয়। আমাদের জ্ঞান-বিজ্ঞানে রুধি রুচিতে আধুনিকীকরণের ব্যাপারটিও ইউরোপীয় সংস্কৃতিকেন্দ্রিক। একইভাবে আমাদের দেশে নারীদের আগে যে পারিবারিক জোরারোপ ও নির্যাতনের জায়গাটি ছিল সেটি কমলেও পুরুষতান্ত্রিকতার দাসত্বের সংস্কৃতির প্রতিষ্ঠাকরণ ঘটেছে। এই ক্ষেত্রে একটি নারীর কর্মসংস্থান নির্বাচনে যে প্রাথমিক ব্যক্তি স্বাধীনতা হরণ সেই বিষয়টি লক্ষণীয়। বর্তমান সমাজের একটি কমন চিত্র ধরা যাক একটি মেয়ে বুয়েটে যদি চান্স পায় সেখান থেকে স্নাতক সম্পন্নের পর তার বিয়ে হয় আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে। পরবর্তীতে তারা দুজনে কর্মক্ষেত্রে যদি ধরে নেয়া হয় ১৫০০০ টাকা বেতনে নিযুক্ত হয়, দুই বছর পর ছেলেটি আরো কিছু কোর্স করে, যার ফলে তার বেতন বৃদ্ধি পায়, যেখানে মেয়েটি তখনও সেই ১৫০০০ টাকার চাকরিটিই করে। তারপর এক পর্যায়ে ছেলেটি যখন উচ্চতর শিক্ষাগ্রহণের পর এক লাখ টাকা বেতনের চাকরিতে নিযুক্ত হয় তখন দেখা যায় মেয়েটি সেই আগের চাকরিটিই করছে এবং পাশাপাশি সন্তান উৎপাদনের ফলে সে সাংসারিক বিষয়াদিতে ব্যস্ত। এই প্রক্রিয়ায় আদতে মেয়েটি চাকরিটি করুক আর না করুক পরিবারের মূল অর্থনৈতিক ব্যক্তি হিসেবে পুরুষটি পরিগণিত হচ্ছে এবং সে একইভাবে পুরুষতন্ত্রের চর্চা করছে। অনেকক্ষেত্রে আবার দেখা যায় বিভিন্ন পেশায় পারিবারিক নিষেধাজ্ঞা জারি থাকে একটি নারীর প্রতি। যার ফলে তার যে ক্যারিয়ার বিষয়ক ভাবনা তা একটি পর্যায়ে শিথিল হয়ে পড়ে এবং এক পর্যায়ে সে তার একাডেমিক যোগ্যতার সম্মান ও কর্মবিমুখতা সব মিলিয়ে স্বেচ্ছায় আনন্দের সহিত বেকারত্ব বরণ করে। কারণ আমাদের সামনে আমরা তার যে শিক্ষাগত যোগ্যতা দেখি তা কেবলই আরেকটি মানুষের সামাজিক অবস্থান রক্ষার দায়ে তৈরি হয়ে থাকে যা তার বানানো নয় এবং সে সেই পরাধীন সামাজিকতা বরণ করে নিজের অর্থনৈতিক জায়গাটি পরিচালনা করে। যার ফলে অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজনীয়তা সম্পর্কে এখনকার নারীদের একটি বড় অংশ উদাসীন হয়ে পড়ে যা গভীরভাবে পুরুষতন্ত্রের প্রসার ও নারী উন্নয়নের মূল অন্তরায় হয়ে দাঁড়ায়। এই উদাসীনতা যখন নিম্নবিত্তের মধ্যে ঘটে তখন তা ভয়ংকর রূপ লাভ করে। এটি সংস্কারের জন্য কিছু বিষয় অবলোকন করা বেশ জরুরি। এই বিষয়টি ব্যাখ্যায় আলথুসারের আইএসএ ও আরএসএ এর ব্যাখ্যাটি বোঝা খুব জরুরি। একটি পুঁজিবাদী রাষ্ট্র তার আগ্রাসন বিস্তারে যে মাধ্যম প্রয়োগ করে সেগুলোকে প্রধানত এই দুই ভাগে ভাগ করা যায়। আরএসএর আওতায় পড়ে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন ইত্যাদি। অপরদিকে আইএসএ বলতে বোঝায় দেশের সাংস্কৃতিক ও আদর্শিক উপাদান যেমন শিল্প, সাহিত্য, মিডিয়া ইত্যাদি। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই আলাপকে পূর্ণতা দান করে মিশেল ফুকোর ডিসকোর্সের ধারণাটি। একটি সমাজে ডিসকোর্স প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে আইএসএ। ডিসকোর্স ব্যাপারটি বলতে মূলত বোঝায় আপনার উপর ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ক্ষমতা কাঠামোর একটি অদৃশ্য জাল বিস্তার করা যা সেই কাঠামোর সাহায্যে আপনার মননে আদর্শিক জায়গা তৈরি করবে। ফলে এক সময় যেখানে দেখা যেত সামাজিক পারিবারিক জবরদস্তিতে নারীরা শিক্ষা ও কর্ম সংস্থানের অধিকার থেকে বঞ্চিত হতো সেখানে এই নব্য পুঁজিবাদের কালে তাদের কিছু উপরি উন্নয়নের উপাদান যেমন শিল্প, সাহিত্য, মিডিয়া ইত্যাদি। সেক্ষেত্রে বর্তমানে আন্তর্জাতিকভাবে নারীদের উপরি উন্নয়নের আড়ালে যেসব সাংস্কৃতিক বলয় প্রতিষ্ঠা হচ্ছে তা বোঝা প্রয়োজন। এক্ষেত্রে সারা বিশ্বে পুঁজিবাদ নারীবাদ সমর্থনের রূপ ধরে তার স্বার্থ হাসিলে বিবিধ ধ্যান-ধারণার প্রয়োগ করছে। এর মাধ্যমে পুরুষতন্ত্রের বিরুদ্ধে নারী পুরুষের একত্রে যে লড়াই হওয়ার কথা সেখানে নারী আন্দোলনের নামে নারী-পুরুষ বিদ্বেষীকরণ প্রক্রিয়াটিও বোঝা প্রয়োজন। এই বিদ্বেষীকরণের ফায়দা লুটছে পুঁজিবাদী রাষ্ট্রসমূহ যা আন্তর্জাতিকভাবে বিদ্যমান। এর প্রভাব কতটুকু পড়ছে সেদিকে খেয়াল করে সে জায়গায় সঠিক আলোচনার প্রসার প্রয়োজন। এই কাজে অইএসএর উপাদানগুলোকে আরো কর্মক্ষম করে তোলার প্রয়োজন। এছাড়াও নারীদেরকে সতর্কীকরণসহ জনগণকে আন্দোলনে সংকটের গুরুত্বের সঠিক তারতম্য সম্পর্কে সতর্কীকরণের প্রয়োজনীয়তা রয়েছে। সর্বোপরি এই সময়ে দাঁড়িয়ে সাংস্কৃতিক উপনিবেশের পাল্টা উপনিবেশায়নের সংস্কৃতি নির্মাণ প্রয়োজন, যা আমাদের মানসিকতা পরিবর্তনে যথাযথ ভূমিকা রাখবে। আর বর্তমান সমাজের সংকট মোকাবিলা করতে অনেকটা সহায়ক হতে পারে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

