আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
(একুশের গান/ আবদুল গাফফার চৌধুরী)
মাতৃভাষার অধিকার আদায়ের জন্য রক্ত দেয়ার ইতিহাস, জীবন দেয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতি সেই বিরল ইতিহাস স্থাপন করেছে নিজেদের আত্মত্যাগের মাধ্যমে। ফলে একটি বর্বর শাসকগোষ্ঠীর রোষানল থেকে মুখের ভাষা বাংলাভাষাকে মুক্ত করে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দান করতে সক্ষম হয়েছে বীর বাঙালি। ভাষা আন্দোলনের সেই চেতনা বাঙালির স্বাধীনতা আন্দোলনের পথকেও সচল করেছে। সেই পথে দীর্ঘ সময়ের যাত্রা শেষে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা ও চূড়ান্ত বিজয়। পৃথিবীর মানচিত্রে রচিত হয়েছে বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আর এর মাধ্যমেই একটি স্বাধীন দেশের নানা অনুষঙ্গের সাথে শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক পরিমণ্ডলেও যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা। অমর একুশে বইমেলা আমাদের সেই চেতনার ধারক ও বাহক হিসেবে প্রাণের বইমেলায় রূপান্তরিত হয়েছে।
ব্রিটিশদের দুইশ বছরের শৃঙ্খল ভেঙে ১৯৪৭ সালের স্বাধীনতা অর্জন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম ঘটনা। সেই সাথে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগের ইতিহাস উল্লেখযোগ্য অধ্যায়। সঙ্গত কারণে তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান রাষ্ট্র গঠনের ঘটনা স্বাভাবিক। কিন্তু কখনোই তা বাস্তবসম্মত ছিল না। ফলে অল্প কিছুদিনের মধ্যেই এই দুটি অংশের মধ্যে বিরাট ব্যবধান ও বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। যেহেতু পশ্চিম পাকিস্তানিদের হাতে দুটো অংশের শাসনভার ন্যস্ত ছিল এবং শাসন ব্যবস্থায় তাদের একচ্ছত্র আধিপত্য ছিল বলেই তারা অল্প সময়ের মধ্যেই নানামুখী বৈষম্যের সৃষ্টি করে ফেলে। ফলে দেশভাগের পর যে স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে জাতি হিসেবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দেখা দিয়েছিল তা খুব স্বল্প সময়ের মধ্যেই ভেঙে তছনছ হয়ে যায় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনসাধারণের। পশ্চিম পাকিস্তানি শাসকদের দ্বারা প্রথম বড়ো যে আঘাত আসে তা হলো পূর্ব পাকিস্তানের মানুষের মাতৃভাষার উপর। তারা এই অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলাভাষা বাদ দিয়ে উর্দুভাষাকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ক্রমাগতভাবে ঘোষণা করা হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। প্রচার করা হয়- ‘এক দেশ, এক নেতা, এক ভাষা।’ লেখক ও গবেষক আহমদ রফিক ‘পাকিস্তানে রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক: উর্দু বনাম বাংলা’ শিরোনামের প্রবন্ধে লিখেছেন, ‘পাকিস্তান প্রতিষ্ঠার বছর অর্থাৎ ১৯৪৭ সালের শেষদিক থেকেই রাষ্ট্রভাষা প্রশ্নে বাংলা বনাম উর্দুর বিতর্ক শুরু হয়ে যায়। প্রধানত ছাত্রসমাজ এবং অংশত সরকারি কর্মচারীদের দিক থেকে বাংলার পক্ষে সভা, সমাবেশ ও মিছিলের মাধ্যমে দাবি জানানো হয়। প্রতিবাদ ওঠে একমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার বিরুদ্ধে। বাংলা ভাষার পক্ষে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়।’ (ভাষা আন্দোলন, সংক্ষিপ্ত ভাষ্যে, পৃষ্ঠা: ৩৯)। একই প্রবন্ধে তিনি লিখেছেন, ‘... ফেব্রুয়ারি ১৯৪৮ পাকিস্তান গণপরিষদে ব্যবহারের ভাষা হিসেবে ইংরেজি ও উর্দুর সঙ্গে বাংলাকেও গ্রহণ করার প্রস্তাব রাখা হয়। প্রস্তাব রাখেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।... কিন্তু গণপরিষদের অবাঙালি ও মুসলিম লীগ দলীয় বাঙালি মুসলমান সদস্যদের বিরোধিতায় এ প্রস্তাব বাতিল হয়ে যায়। এতেও বুঝতে পারা যায় যে, পাকিস্তানের শাসকরা কোনোক্রমেই বাংলা ভাষাকে মেনে নিতে রাজি ছিলেন না।’ (পৃষ্ঠা: ৪০)। কিন্তু পূর্ব পাকিস্তানের সচেতন মানুষ এই অন্যায় মেনে নেয়নি। মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। আমরা জানি, পৃথিবীর প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব কিছু বিষয় থাকে, তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলো তাদের মাতৃভাষা। মাতৃভাষা এক অমূল্য সম্পদ। মধ্যযুগীয় কবি সৈয়দ সুলতান এ সম্পর্কে তার
কবিতায় লিখেছেন-
‘যারে যেই ভাষে প্রভু করিল সৃজন
সেই ভাষা হয় তার অমূল্য রতন।’
যেহেতু বাঙালি চিরকালই প্রতিবাদ ও প্রতিরোধে সোচ্চার। তাই নিজ ভাষার মর্যাদার প্রশ্নে অর্থাৎ তাদের অমূল্য সম্পদ রক্ষায় তারা কখনোই পিছপা হয়নি। ফলে বাংলা ভাষার উপর যখন আঘাত এলো ঠিক তখনই চিরকালের রক্তে মিশে থাকা প্রতিবাদের আগুন জ্বলে উঠল দাবানলের মতো। তাই গণপরিষদে অন্যায়ভাবে প্রস্তাবটি বাতিল হওয়ায় ১১ মার্চ প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হয়। আর এভাবেই সংগঠিত রূপে প্রথম ভাষা আন্দোলন শুরু হয়। তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মতো ‘সে আগুন ছড়িয়ে গেল সবখানে।’ অর্থাৎ ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল আন্দোলনের বিস্ফোরণ। ভাষা আন্দোলনের প্রধান স্লোগান ছিল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। বিস্ফোরক আন্দোলন যখন চূড়ান্ত রূপ নেয়, তখন তা রুখে দিতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তানের শাসকগোষ্ঠী। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলার ছাত্র-যুবক-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলন অব্যাহত রাখলে মিছিলের উপর গুলি চালায় তৎকালীন সরকারের পুলিশ বাহিনী। ফলে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুল বরকত শহীদ হন। পরে সালাম, রফিক, সফিক, জব্বার, অহিদুল্লাহসহ নাম না-জানা অনেকেই শাহাদত বরণ করেন। এই রক্ত বৃথা যায়নি। শহীদের বুকের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে রাষ্ট্রভাষা বাংলাভাষার অধিকার। শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার হয়ে উঠেছে আমাদের জাতীয় চেতনার তীর্থস্থান। ফেব্রুয়ারি মাস হয়ে উঠেছে আমাদের ভাষার মাস।
বায়ান্ন পরবর্তী সময়ে একুশে ফেব্রুয়ারি স্মরণ করতে গিয়ে বাঙালি জাতি একত্রিত হয়েছে। তারা শহীদ মিনারে এসে দাঁড়িয়েছে একই পতাকাতলে। এভাবে প্রতি বছর একই চেতনায় উজ্জীবিত হয়ে সংগঠিত হয়েছে বাঙালি। বছরের পর বছর ধরে এই জমায়েত বাঙালিকে যেমন ঐক্যবদ্ধ করেছে, তেমনি যুগিয়েছে অদম্য সাহস। সেই সাথে বর্বর পাকিস্তানি শাসকদলের বৈষম্য, নির্যাতন ও অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বাঙালি চূড়ান্তভাবে স্বাধীনতা অর্জনের জন্য তৈরি হতে থাকে। এক্ষেত্রে মহান ভাষা আন্দোলনের চেতনা শক্তি হয়ে প্রবেশ করে বাঙালির বুকে। এভাবেই আসে স্বাধীনতা সংগ্রামের অদম্য সাহস ও প্রেরণা। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা তথা মহান বিজয়। ভাষা আন্দোলনের সেই চেতনায় আজও বাঙালি জাতির রক্তে মিশে আছে বলেই নানা অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। একুশে ফেব্রুয়ারি এখন পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। বিশ্বের দরবারে বাঙালি জাতি পেয়েছে অনন্য সম্মান।
ভাষা আন্দোলন মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদার পাশাপাশি এই ভাষার সাহিত্য সৃষ্টিতে বিশেষ পালাবদল ঘটেছে। একুশের চেতনায় রচিত হয়েছে অসংখ্য গল্প, গান, কবিতা, উপন্যাস। সমৃদ্ধ হয়েছে, হচ্ছে বাংলাভাষা তথা বাংলাদেশের সাহিত্য। একুশের চেতনাকে ধারণ করেই প্রতি বছর ফেব্রুয়ারি মাসব্যাপী বাংলা একাডেমি আয়োজন করে থাকে ‘অমর একুশে বইমেলা’। বইমেলার ইতিহাস জানতে উইকিপিডিয়ার পাতায় চোখ বুলিয়ে জানা গেল, ‘এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায়, ১৯৭২ খ্রিস্টাব্দের ৮ ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। এই ৩২টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ (বর্তমান মুক্তধারা প্রকাশনী) থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান।
১৯৭২ থেকে ১৯৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। ১৯৭৬ খ্রিস্টাব্দে অন্যরা অনুপ্রাণিত হোন। ১৯৭৮ খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। ১৯৮৩ সালে কাজী মনজুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম ‘অমর একুশে গ্রন্থমেলা’র আয়োজন সম্পন্ন করেন।’ এই বইমেলা এখন পুরো মাসব্যাপী বাঙালির অন্যতম উৎসবে পরিণত হয়েছে। সেই সাথে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ দীর্ঘ সময়ের বইমেলা হিসেবে বিশেষ মর্যাদা পেয়েছে। বইমেলার পরিসর প্রতি বছর বৃদ্ধি হতে হতে এখন তা বিশালাকার ধারণ করেছে। আর তাই এক সময়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলেও এখন তা ব্যাপ্তি লাভ করেছে বাংলা একাডেমি প্রাঙ্গণসহ সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল অঙ্গনজুড়ে।
লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলনমেলা নানারূপে ও রঙে বর্ণিল হয়ে প্রাণের মেলায় পরিণত হয়েছে। সেই সাথে প্রতি বছর দেশের প্রথিতযশা কবি ও সাহিত্যিকদের পাশাপাশি তরুণ লেখকদের বই প্রকাশিত হচ্ছে একুশের বইমেলা উপলক্ষে। একুশের বইমেলাকে অনুসরণ করে দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতেও বইমেলা আয়োজন হচ্ছে যা নিঃসন্দেহে ইতিবাচক দিক। পরিশেষে বলতে চাই, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে ভাষা আন্দোলনের ইতিহাস পঠন-পাঠনের প্রয়োজনীয়তা যেমন রয়েছে, তেমনি এর চেতনাকে ধারণ ও লালন করার মাধ্যমে শিশুদের তথা আগামী প্রজš§কে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেই সাথে মহান একুশের মর্যাদার প্রতি শ্রদ্ধা রেখে ফেব্রুয়ারি মাসব্যাপী প্রাণের বইমেলাকে আরও সুন্দর ও নান্দনিক করে আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত করা যেতেই পারে। তাতে বাংলা সাহিত্যের সাথে বিশ্বসাহিত্যের যোগাযোগ আরও নিবিড় হবে বলে আমার বিশ্বাস।
লেখক: শিশুসাহিত্যিক, কবি ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

