১৫ ফেব্রুয়ারি কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন। ১৯১৬ সালের এই দিনে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজান ধলন গ্রামে তার জন্ম। তিনি একজন স্বশিক্ষিত মানুষ। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “পৃথিবীটা একদিন বাউলের দুনিয়া হবে”। আসলে বাউলের দুনিয়া বলতে তিনি কি বুঝাইতে চেয়েছিলেন, তা জানা দরকার। সারা পৃথিবীর মানুষ কি বাউল গান গাইবে নাকি বাউলদের মতো উদার মানবিক মনের অধিকারী হবে? এই বিষয়টা আগে বুঝা দরকার। প্রকৃত বাউল পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানবিক মানুষ। প্রকৃত বাউল কাম, লোভ, হিংসা, ঘৃণা বিদ্বেষ এসব কিছুর ঊর্ধ্বে। একজন বাউলকে কখনো পার্থিব মোহে বিপথে টানে না। অন্যের ক্ষতিসাধন একজন প্রকৃত বাউল কোনোদিন করতে পারে না। ঠিক সেই রকম একজন মানুষ ছিলেন শাহ আব্দুল করিম। তিনি একজন প্রকৃত বাউল।
শাহ আব্দুল করিমের প্রথম জীবনে একজন নারী ভালোবেসে বিয়ে করেছিলেন। ওই নারী ছিল আর্থিকভাবে সচ্ছল পরিবারের কন্যা। এই কন্যার বাবা শাহ আব্দুল করিমকে টাকা-পয়সা দিতে চেয়েছিলেন। ব্যবসার জন্য পুঁজি দিতে চেয়েছিলেন যা দিয়ে শাহ করিম ব্যবসা করবে। তবে তার স্ত্রীর বাবা শর্ত দিয়েছিলেন তাকে গান ছাড়তে হবে। অথচ এই নারী শাহ করিমের গানে মুগ্ধ হয়েই তাকে বিয়ে করেছিল। বাউল শাহ করিম অর্থের মোহে আকৃষ্ট হননি। তিনি অর্থ সম্পদ ভোগে আকৃষ্ট হননি। শাহ করিম সৎ মানুষের মানবিক সাম্যের অসাম্প্রদায়িক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে বাউল গানকেই বেছে নিয়েছিলেন, তাই ওই নারী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তিনি চেয়েছিলেন বিভেদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে।
তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, বর্তমান আমার কাছে গৌণ কোনো বিষয় না। আমার চোখের সামনে এই পরিবেশ-পারিপার্শ্বিকতা আমূল বদলে গেছে। নগরায়ণ ও যন্ত্র সভ্যতার বিকাশে মানুষের জীবনযাত্রার মানকে পরির্বতন করেছে। আমি একে খারাপ চোখে দেখি না। কিন্তু আমার কান্না পায়, ভেতরে তীব্র হাহাকার অনুভব করি, চোখের সামনে অবিকল যন্ত্র হয়ে উঠেছে মানুষগুলো। মন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটার চিহ্নমাত্র থাকল না।
তাছাড়া সবচেয়ে আক্ষেপ লাগে যখন দেখি এই বিজ্ঞান ও যন্ত্র সভ্যতার ফল ভোগ করছে কয়েকজন হাতেগোনা কোটিপতি। এই যন্ত্র সভ্যতা ধনী ও গরিবের মধ্যকার বৈষম্যকে আকাশ-পাতাল পর্যায়ে উন্নীত করেছে। আপনারা আমার গাঁয়ে এসেছেন, দেখে যান এখানে বিশাল ভাটি অঞ্চলজুড়ে মানুষগুলো কি অপরিসীম দুর্দশা নিয়ে বাস করে। গ্রামের সাথে শহরের ব্যবধান দেখে স্তম্ভিত হয়ে যাই। লোকে কয় আমি নিরন্ন দুস্থ মানুষের কবি। আমি আসলে তাক ধরে দুস্থদের জন্য কিছু লিখিনি। আমি শুধু নিজের কথা বলে যাই।
ভাটি অঞ্চলের একজন বঞ্চিত দুঃখী মানুষ আমি। আমার কথা সব হাভাতের কথা হয়ে যায়, দেখেন তো এই অঞ্চল ঘুরে, এখানে দরিদ্র মানুষের আয়ের কোনো উৎস আছে কিনা। চারদিকে ভাসান পানি, জলে থৈ থৈ করছে প্রতিটি বাড়ির উঠান। এখানকার মানুষ কি খেয়ে বাঁচবে? দুবেলা তো দূরের কথা এক বেলা দুমোঠো ভাত খেতে পারে না, এই জন্ম কি মানুষের জন্ম? এই কথা বলতে বলতে শাহ আব্দুল করিমের দু’চোখ অশ্রু সজল হয়ে উঠে। তারপর তিনি গেয়ে উঠেছিলেন, এই জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো তাই।
দোষ করিলে বিচার আছে, সেই ব্যবস্থা রয়ে গেছে
দয়া চাই না তোমার কাছে আমরা উচিত বিচার চাই। দোষী হলে বিচারে সাজা দিবা তো পরে
এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই?
দয়াল বলে নাম যায় শুনা, কথায় কাজে মিল পড়ে না তোমার মান তুমি বুঝো না, আমরা তো মান দিতেই চাই, তুমি আমি এক হইলে পাবে না কোন গোলমালে, বাউল আব্দুল করিম বলে আমি তোমার গুণ গাই।
তিনি আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন, “কিছুদিন পূর্বে হুমায়ূন আহমেদ টিভিতে আমার গান দিয়ে একটা প্যাকেজ প্রোগ্রাম করলেন। আমি এসবে যেতে চাই না, পারতপক্ষে এড়িয়ে চলি। তবু উনি আমার কাছে যে ব্যক্তিটিকে পাঠিয়েছিলেন তিনি সুনামগঞ্জেরই লোক, একেবারে জোঁকের মতোই ধরলেন যে আমার না গিয়ে কোনো উপায় থাকলো না। যাহোক আমি গেলাম। আমার সাক্ষাৎকার নিলেন এক বয়স্ক ভদ্রলোক। ফিরে আসার সময় হুমায়ূন আহমেদ আমার সাথে সৌজন্যমূলক আলাপটুকু পর্যন্ত করলেন না। কিছু টাকা দিলেন, তাও ড্রাইভারের মারফত। বাউলরা কি এতোই অস্পর্শ্য?
এভাবেই উপেক্ষিত থাকবে যুগের পর যুগ? হাওর অঞ্চলে বড় হয়েছি, অন্তত মনটাতো ছোট নয়। শুধু টাকার জন্য কি আমি এতোদূর গিয়েছিলাম? টাকাকে বড় মনে করলে তো অনেক আগেই অনেক কিছু করে ফেলতে পারতাম। অর্ধাহারে-অনাহারে কাটিয়েছি দিনের পর দিন, উপোস করার অভিজ্ঞতা আমার আছে, জীবনের শেষদিকে এসে কটা টাকার জন্য তো হঠাৎ লোভী হয়ে উঠতে পারি না। হুমায়ূন আহমেদ এমনকি অনুষ্ঠানটা কবে প্রচারিত হবে তারিখটাও আমাকে জানাননি। মানুষের কাছে কি মানুষের এতটুকু দামও থাকবে না? পরে যখন অনেকেই অনুষ্ঠান দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, আমার খুব আঘাত লাগলো। কষ্ট পেলাম খুবই। আমি এসব লোকদের ‘মরা গরুর হাড্ডির কারবারি’ বলে থাকি। জীবিত করিম আসলে কিছুই নয়, কিন্তু মৃত করিমের হাড্ডি নিয়েও একদিন ব্যবসা হবে, এটাই হলো এদেশের বাস্তবতা’।
শাহ আব্দুল করিম একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার নিরলস সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি যে মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য লড়েছেন তা আসলে আমরা মানবিক সমাজ কথাটা বুঝি বা বুঝার চেষ্ট করছি তা দেখার বিষয়। আভিধানিকভাবে মানবিক সমাজ হলো, সমাজের স্থিতিশীল উন্নতির ধারাবাহিক অগ্রযাত্রা ও মানবিক প্রগতির প্রতিবন্ধকতা হিসেবে সকল প্রকার কুপ্রথা, কুসংস্কার, রীতি-নীতি বর্জিত আচরণ, অবিশ্বাস, গোঁড়ামিকে সমূলে ধ্বংস করতে প্রতিবাদী এক আন্দোলন, যার ভেতর দিয়ে অপরাপর মানুষ নিরাপদ জীবনের স্বাদ উপভোগ করবে, এমন নিশ্চয়তার অস্তিত্ব সমাজ সংস্কার।
মানব অস্তিত্ব প্রয়োজনে সমাজকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নেয়া ব্যক্তি মানুষের অন্যতম দায়বদ্ধতা। সমাজে ধনী, গরিব, সহায়-সম্বলহীন-নানা রকম মানুষের বাস থাকবেই। শিক্ষিত-অশিক্ষিত সবাইকে নিয়েই তো সমাজ। পিছিয়ে পড়া মানুষদের অগ্রগতির পথ মসৃণ করাই সমাজসেবা। কেমন আছেন আমার পাশের বাড়ির মানুষ, এমন একটি সরল প্রশ্ন করার মতো সাহস ও সময় কি আমাদের আছে? ক্রমেই আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি, যার প্রভাব সমাজে নেতিবাচকভাবে পড়ছে।
নিজের এলাকার সাধক রাধারমণের গানের সঙ্গে নিজের গানের মিল-অমিল নিয়ে কথা বলতে গিয়ে শাহ আবদুল করিম বলেছিলেন, “রাধারমণের গানের সাথে আমার গানের বেশ মিল আছে। ছোটবেলা থেকে তার গান শুনে আসছি। তার অনেক তত্ত্ব গান আছে, যা হিন্দু মুসলমান সবাই পছন্দ করে। তবে, খুব গভীর তত্ত্ব নাই। তার গানের মধ্যে রাধা-কৃষ্ণের ভাবধারার গান বেশি। আর আমি দেহতত্ত্বকে বেশি ভালোবেসেছি। দেহের মাঝেই সবকিছু আছে”।
শাহ আবদুল করিম কোনো সম্প্রদায়ের নীতি-আর্দশ লালন করতেন না, তিনি ছিলেন সকল মানুষের। সকল মানুষের জন্য তিনি গান গেয়েছেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম. গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান, মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম। তার এই গানের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক চেতনার সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠে।
আগে কি সুন্দর দিন কাটাইতাম, মোদের কি হবে রে, আমি বাংলা মায়ের ছেলে, হুর থাকতে, আমরা কত খেইর (খেইল) খেলাইতাম, হুর থাকতে, আমরা কত খেইর (খেইল) খেলাইতাম, গান গাই আমার মনরে বুঝাই, এখন ভাবিলে কি হবে, তোমার কি দয়া লাগে না, শাহ আব্দুল করিমের এই গানগুলোর মাঝে লুকায়িত আছে মানবিক সমাজ সৃষ্টির চেতনা। ভারতের শিল্পী কালিকা প্রসাদ বলেছেন, তিনি শাহ আব্দুল করিমকে প্রশ্ন করেছিলেন, গুরুজী মানুষ আপনার গান নিজের বলে অনেকেই চালিয়ে দিচ্ছে, আপনার সুর নকল করছে, আপনি কিছু বলছেন না। তিনি কিছুক্ষণ চুপ থাকার পর উত্তর দিয়েছিলেন, গানের কথাগুলো তো ঠিক আছে, কালিকা প্রসাদ বলেছিলেন তা ঠিক আছে, তখন শাহ করিম বলেছিলেন, আমি যে বাণী প্রচার করতে চাই, তা যে কোনোভাবেই হোক, প্রচার হওয়াটাই বড় কথা। তিনি মানবিক সমাজ গড়ার বাণী প্রচার করতেন গানের মাধ্যমে।
পার্থিব মোহাবিষ্ট কোনোদিনই তিনি হননি। গান গেয়ে পারিশ্রামিক বা গান গাওয়ার জন্য সম্মানী নেয়াটা তিনি পছন্দ করতেন না। একবার সিলেটের এক অনুষ্ঠানে গান গাওয়ার পর আয়োজকরা তাকে তিন লক্ষ টাকা দিবেন বলে নিজেদের মাঝে কথা বলছিল, তিনি শুনেছিলেন তিন হাজার টাকা, এটা শুনার পর তিনি তার ছেলেকে বলেছিলেন বাবা চল আমরা যাইগা হাজার টাকার আমাদের দরকার নাই। তার এই কথা বলার পেছনে উদ্দেশ্য হলো তিনি তো গান গাইতে এসেছেন তার মতবাদ মানুষের কাছে পৌঁছানোর জন্য অর্থের জন্য নয়। এই হলো শাহ আব্দুল করিম। যিনি সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন।
শাহ আব্দুল করিম বিয়ে করেছিলেন আফতাবুননেছাকে। আফতাবুননেছার ডাক নাম সরলা। শাহ করিম তাকে মুর্শিদ বলে অভিহিত করতেন। তিনি বলতেন এই আফতাবুননেছার পরশে তার সুর সংগীতের ধারাটি আরো বেশি প্রবাহমান করতে পেরেছেন। বৃহত্তর গ্রামীণ জীবনের সঙ্গে সঙ্গীত সুধায় নিবিষ্ট তিনিই একমাত্র সঙ্গীতকার-সাধক যিনি সম্মানিত হয়েছেন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে। ২০০১ খ্রিস্টাব্দে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে একুশে পদক গ্রহণ করেন।
২০০৯ সালের ১২ সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আব্দুল করিম মৃত্যুবরণ করেন। দিনটি ছিল শনিবার, সকাল ৭টা ৫৮ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার রচিত ও সুরাপিত গান বাংলাদেশের লোকসঙ্গীত পরিমণ্ডল ছাড়িয়ে উঠে এসেছে চলচ্চিত্রে, হাল আমলের জনপ্রিয় সঙ্গীতধারা ব্যাংলা সঙ্গীত শিল্পীদের কণ্ঠে, ইউরোপ থেকে সঙ্গীতশাস্ত্রে দীক্ষিত শিল্পীদের কণ্ঠে এবং দেশের গণ্ডি ছাড়িয়ে তা গ্রহণযোগ্য হয়ে উঠেছে ভারতে এবং যুক্তরাজ্যের বাঙালি সমাজে। এটা সত্য যে বাউলিয়ানায় গড়তে পারে একটি মানবিক সমাজ যা শাহ আব্দুল করিম বলে গেছেন।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট

