অগণিত পাঠককে শুভেচ্ছা জানাচ্ছি। সময় চলে যায়। রেখে যায় অতীতের সুখ-দুঃখের স্মৃতি। মানুষ স্মৃতি ভারাতুর। অতীতের সুখ স্মৃতির জাবর কেটে সে যেমন আনন্দে উদ্বেলিত হয়। আবার দুঃখের স্মৃতিতে তার চোখ ভিজে যায়। ব্যক্তির সুখ-দুঃখ আপেক্ষিক। কি পেলাম আর কি বা না পেলাম এর হিসাব মেলানো কঠিন। ছোট ছোট প্রাপ্তি অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াই মানব জন্ম। ১৯৭১ সালে পৃথিবীর মানচিত্রে উদিত বাংলাদেশ এগিয়ে চলেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে এ দেশটির অর্জন অনেক। গণতন্ত্রের রক্ষা ও চর্চায় আমরা কতটুকু এগিয়েছি সেটা দেখার সময় এসেছে।
সঙ্গত কারণে পেছনে ফিরে তাকাতে হবে। পথ তৈরি করে পেছনে তাকানোর অর্থ সামনের পথ তৈরি করা। নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশে গণতন্ত্র চর্চা ও বিকাশের এক স্বর্ণযুগ অতিক্রমণের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। আগামীতে অনুষ্ঠিত নির্বাচনের প্রয়োজনীয়তার পেছনে কয়েকটি প্রধান কারণ তুলে ধরা যায়। ১. সংবিধানের ধারাবাহিকতা রক্ষা ২. গণতন্ত্র সংহত করা ৩. সহিংস রাজনৈতিক অবস্থার অবসান ৪। রাষ্ট্রীয় কর্মকাণ্ড নৈরাজ্য থেকে সুস্থির ধারায় ফিরিয়ে আনা ৫. সুশীল শাসন ব্যবস্থার ভিত্তি দৃঢ় করা। অনেক নির্বাচনে জোট কিংবা কোনো দল অংশ নেয়নি। তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। হরতাল, অবরোধ, বয়কটের রাজনীতিতে সাধারণ জনগণ ভোগান্তিতে বেশি পড়ে। যানবাহনে অগ্নিসংযোগ, গাছ কেটে পরিবহন ব্যবস্থা অচল করা, যাত্রীদের হত্যা করার মতো নাশকতা কাজে অংশ নেয়। কোন কোন রাজনৈতিক দলের সমর্থকরা। নির্বাচন কমিশনের মতে ৪২ শতাংশ জনগণ ওই নির্বাচনে অংশ নেয়।
উইকিপিডিয়া সূত্রমতে ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্যরা নির্বাচিত হন এক সময়। এতো বিপুলসংখ্যক প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিতর্ক ও কৌতূহলের সঞ্চার করে। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনী বিল পাস করা হয়। তৎকালীন বিরোধী দল বিএনপি ও শরিক দল নির্বাচন বয়কট করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোট সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন সহিংসতায় ১৯ জন মৃত্যুবরণ করেন। ২০১৩ সালের ২৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের পূর্বপর্যন্ত ১২৩ জনের মর্মান্তিক প্রাণহানির খবর পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।
অতীত নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভোট জনগণের অধিকার। জনগণ যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে সংসদে পাঠাতে চায়। ইতিপূর্বে নির্বাচনের কোনো আচার-আচরণ পরিলক্ষিত হয়নি। বাকি আসনগুলোতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তা ছিল প্রাণহীন। জনগণ- সেয়ানে সেয়ানে লড়াই হোক তা প্রত্যাশা করে। একটি বৃহৎ জোট সেদিন নির্বাচনের বাইরে ছিল, তাতে নির্বাচন জমেনি। বৃহৎ রাজনৈতিক দল সেদিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নতুন উপলব্ধির স্বাদ পেয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক।
৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তার আগের ও পরের অনেকগুলো ঘটনা বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই সময়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের দম্ভোক্তি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ছাত্র-জনতার প্রতি পুলিশি নির্যাতন ও হত্যা এক দুঃশাসনের খণ্ডচিত্র। অনেক বিয়োগান্ত-বেদনা স্মৃতি স্মারক। পাশ্চাত্যসহ দেশি অনেক শাসকের মতো শেখ হাসিনাকে ৪০ মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়। কেন এই অনিবার্য পরিণতি তার বিচার বিশ্লেষণে না গিয়ে বলা যায় জুলাই ২০২৪ থেকে শুরু করে আগস্ট ২০২৪ পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া আন্দোলন সংগ্রাম এক দাবি। শেখ হাসিনার পদত্যাগ দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শরিক হয়েছিল সাধারণ গৃহবধূসহ, শ্রমজীবী ও বিভিন্ন স্তরের জনতা।
কত ছাত্র-জনতার মৃত্যু হয়েছে তা আজও অজানা। ছাত্রলীগ কর্মীদের বেপরোয়া আক্রমণ, আওয়ামী লীগ নেতৃবৃন্দের দম্ভ, নানা অপকর্ম, দুঃশাসন ও হত্যাযজ্ঞের করুণ ইতিহাস বেদনায় আকীর্ণ। এই গণঅভ্যুত্থান জনমনে রাষ্ট্র, রাজনীতি, রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাসহ বিভিন্ন সেক্টরের সংস্কার সংক্রান্ত প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। ছাত্রদের সিদ্ধান্তের কারণে নোবেল লরেট ড. মুহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে হয়। যে নোবেল বিজয়ী শেখ হাসিনার শাসনামলে ছিলেন উপেক্ষিত। একাধিক মামলায় তাকে জেল জরিমানাসহ বৃদ্ধ বয়সে সহ্য করতে হয় অনেক কষ্ট। লিফট বন্ধ রেখে তাকে বহুতলে হেঁটে পৌঁছাতে হয় আদালত প্রাঙ্গণে। ইতিহাসের নির্মম সত্য তিনি আজ রাষ্ট্রপ্রধান। তার ও বহু মেধাবী গুণী ব্যক্তিত্ব ও দুজন বৈষম্যবিরোধী ছাত্রনেতার হাতে আজ বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এই জনবিস্ফোরণ বাঙালি স্মরণীয় করে রেখেছে ইতিহাসে। পাকিস্তানের জন্মলগ্ন থেকে শুরু করে বাংলাদেশের জন্ম পরবর্তী সময়ে এই জনজাগরণ বিরল ঘটনা।
কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত ২০১৮ সাল থেকে। তখন সরকার এক প্রজ্ঞাপনে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে চাকরিতে প্রবেশের কোটা প্রথা ব্যবস্থা বাতিল করে দেয়। থেকে যায় অস্বচ্ছতা ও অস্পষ্ট ব্যবস্থা। কোটা সুবিধাভোগীরা আদালতে মামলা দায়ের করেন। মহামান্য আদালত সরকারের প্রজ্ঞাপন বাতিল করে দেয়। সরকার এই আদেশ রহিত করতে পুনরায় উচ্চ আদালতে আপিল করেন।
এর পর পদ্মার পানি গড়িয়েছে বহু বার। ২০২৪ সালে গড়ে ওঠে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার এই আন্দোলনকে তেমন একটা আমলে নেয়নি। ছাত্রলীগকর্মীরা আন্দোলন, সংগ্রাম, দমনে মাঠ কাঁপিয়ে দেয়। এই অগণতান্ত্রিক ব্যবস্থায় পুলিশকে ব্যবহার করা হয়। ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ দাবানলে পরিণত হয়। পুলিশ, র্যাব, বিজিবি ও ছাত্রসমাজ সক্রিয় হয়। দমন-পীড়ন ও গ্রেপ্তার সর্বকালের রেকর্ড ভঙ্গ করে।
পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়। ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়। ছাত্র-ছাত্রীরা হলে থাকার সিদ্ধান্ত নেয়। হলে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকে। পুলিশসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিরূপ মনোভাব তৈরি হয় ছাত্র-ছাত্রীদের। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার দখলে চলে মহানগর রাজধানী। এ জনস্রোতে স্তম্ভিত হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা একাত্ম হয় ছাত্র-জনতার সাথে। ৫ আগস্ট দুপুর ২টায় শেখ হাসিনা বিমানে করে ভারতে পালিয়ে যায়। জুলাই-আগস্ট অভ্যুত্থান বাঙালির জাগৃতির ইতিহাসে নতুন মাত্রা যোগ করে। বহু প্রাণের আত্মত্যাগ ও মৃত্যু আমাদের নতুন অধ্যায়ের মুখোমুখি করেছে। কত তাজা প্রাণ বুলেটের আঘাতে মৃত্যুবরণ করেছে তার সঠিক পরিসংখ্যান আমাদের কারো জানা নেই।
আজ বলতে কোনো দ্বিধা নেই এরশাদের পতনের পর যে গণতন্ত্রের উত্থান হয়েছিল তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকারি দলীয় প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে যায়। ৫ আগস্ট থেকে ৫ দিন পুলিশ বাহিনী নিষ্ক্রিয় ছিল। অনেকে পোশাক ত্যাগ করে বাড়ি ফিরে যায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি ও ডিবি প্রধান সরকারের অনুগত আজ্ঞাবাহিনী হয়ে পড়ে। আমলা, পুলিশ, এমপি এলাকার কাউন্সিলররা নিয়ন্ত্রণ করে ভোট কেন্দ্র। ভোট গ্রহণের আগের রাতে তারা সবাই মিলে ভোট পেপারে সীল মেরে আওয়ামী লীগ প্রার্থীদের জিতিয়ে দেয়। এর সাথে আরো জড়িত ছিল প্রশাসনের রাঘব বোয়ালরা। ডিবি হারুন, বেনজির, আজিজ, আসাদুজ্জামান মিয়ার হাজারো কোটি টাকার সন্ধান মেলে। এদের বিরুদ্ধে আইনবহির্ভ‚ত ক্ষমতার অপব্যবহার, অবৈধ পন্থায় অর্থ সঞ্চয়ের হিসাব প্রকাশিত হয়।
তোষামুদি করে বহু অযোগ্যকে উচ্চ পদে আসীন হতে দেখা যায়। আয়নাঘরসহ অসংখ্য স্থানে প্রতিপক্ষের লোকজনকে গুম করা হতো। মুক্তিযুদ্ধের প্রতিনিধির দাবিদার শেখ হাসিনা সরকারের বহু কুকীর্তির ইতিহাস মিনিটের মধ্যে সবাই জেনে যায়। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও সিন্ডিকেট গড়ে ওঠে। মুখে সিন্ডিকেট ভাঙার ব্যাপারে কথা বললেও কার্যত তারা সিন্ডিকেটকে প্রশ্রয় দেয়। টেন্ডারের ভাগ-বাটোয়ারা চলে ইচ্ছেমতো। রাষ্ট্রীয় সম্পদ নিজ পকেটে ঢুকিয়ে নেয় বহু রাজনৈতিক কর্মী, আমলা ও বিভিন্ন ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। পদোন্নতির ক্ষেত্রেও আওয়ামী লীগকরণের নজির স্পষ্ট হয়।
ছয় সংস্কার কমিশন ৪ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের অগ্রগতি সম্পর্কে অবহিত করছেন। পুলিশ কমিশন ১০টি বৈঠক ও অংশীজনদের সাথে বৈঠক করেছে। উচ্ছৃঙ্খল নিয়ন্ত্রণে ১৮৯৮ ফৌজদারির কার্যবিধির ধারা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রার্থীদের ভোটাধিকার পোস্টাল ব্যালট নিয়ে কাজ করছে মর্মে জানা গেছে। জাতীয় পরিচয়পত্রের ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে।
আমরা যদি পেছনে ফিরে তাকাই দেখবো ১৫ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলসমূহ উল্লেখ করার মতো আন্দোলনের পরিবেশ তৈরি করতে পারেনি। জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে গতানুগতিক ধারা অতিক্রম করতে হবে। রাজনীতিবিদরা নিঃসন্দেহে উপলব্ধি করতে পেরেছেন তারা ক্রমশ সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। আমরা একজন দক্ষ নোবেল লরেটকে রাষ্ট্র পরিচালনার প্রধান হিসেবে পেয়েছি। তার সাথে রয়েছেন স্ব-স্ব ক্ষেত্রে দক্ষ অভিজ্ঞ কর্মী বাহিনী। গণতন্ত্র সংহত করতে দলমতের ঊর্ধ্বে এসে আমাদের এক মোহনায় মিলিত হতেই হবে। এর কোনো বিকল্প নেই। গণতন্ত্রের বিজয় হোক এটাই আমাদের প্রত্যাশা। গণতন্ত্র রক্ষায় আজ দল-মতের ঊর্ধ্বে উঠতে হবে। প্রতিটি নির্বাচনে যোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করুক- এই-ই প্রত্যাশা।
গণতান্ত্রিক চর্চায় ভারত ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। বহুদল, বহুমত ও ভাষাভাষী মানুষ চর্চায় এক হয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক ধারা প্রচলিত করেছে। আমরা কি অন্ধকারে থেকে আলোতে ফিরতে পারবো? নাকি একজন যোগ্য নেতার জন্য অপেক্ষা করতে হবে? শিক্ষিত জনগোষ্ঠীর রাজনীতিতে অভিষেক ঘটছে না। ব্যবসায়ী ও আনুগত্যের পূজারীদের হাতে রাজনীতি চলে যাচ্ছে। ইতিহাসে কার কোথায় স্থান তা নির্ধারিত হয়নি। কাদা ছোড়াছুড়ি, অশালীন মন্তব্য, চরিত্র হনন রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে। পদ দখল, বিত্তবৈভব অর্জনই যে মুখ্য হয়ে যাচ্ছে। ত্যাগী রাজনীতিবিদ পেছনে চলে যাচ্ছেন। দৌড়ে এগিয়ে যায় স্তাবকরা। এমনি পরিস্থিতিতে গণতন্ত্র টেকসই হবে না। গণতন্ত্র সুসংহত না হলে জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হয়। সুসংহত, বিকশিত গণতন্ত্র আমাদের সকলের কাম্য। তাই নাগরিক হিসেবে আমরা বলতে চাই গণতন্ত্র সংহত হোক।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট

