পুলিশের ওপর হামলার অভিযোগে বিস্ফোরক আইনের করা মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে জিজ্ঞাসিবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা শেষে সাইফুল আলম ও তার সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দণ্ডবিধিসহ বিস্ফোরক আইনে একটি মামলা করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা হয়।
