দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর আরও ভয়াবহ রূপ নিয়েছে। যতই দিন যাচ্ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে ৬৭৮ জন।
যা চলতি বছরে এক দিনে মৃত্যু ও আক্রান্তের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬১ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৭১ জন। এর মধ্যে ঢাকা মহানগরীর ৪৩ দশমিক ৫৩ শতাংশ বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এর মধ্যে দুই সিটির ৫৫টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই রাজধানীর সবাই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে চলমান ডেঙ্গু সংক্রমণের প্রি-মনসুন সার্ভের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রাক-মৌসুম জরিপের ফল উপস্থাপন করেন অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
প্রাক-মৌসুম জরিপের তথ্য বলছে, ঢাকা উত্তর সিটির ৪০টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটির ৫৮টি ওয়ার্ডে সর্বমোট ৩ হাজার ১৪৯টি বাড়িতে সার্ভে করা হয়েছে। এর মধ্যে ৫৪৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
সার্ভেতে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণের হার ঝুঁকিপূর্ণ পর্যায়ে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ২, ৩, ৫, ৬, ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৫, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। আর ঢাকা দক্ষিণ সিটির ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২২, ২৩, ২৬, ৩৩, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫১, ৫৪, ৫৫, ৫৬ নম্বর ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। এসব ওয়ার্ডে লার্ভার ঘনত্ব বেশি। এ ছাড়াও রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি।
অধ্যাপক ডা. নাজমুল বলেন, এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি ‘ব্রুটো ইনডেক্স’র মানদণ্ডে লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হওয়া মানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।
তিনি বলেন, দুটি সিটি করপোরেশন এলাকা একই ঝুঁকির মধ্যে আছে। সামগ্রিকভাবে পুরো ঢাকা শহরে যেখানেই বৃষ্টির পানি জমে থাকার সুযোগ পেয়েছে সেখানেই এডিস মশার লার্ভা হয়েছে। দুই সিটিতেই আমরা কাছাকাছি পরিমাণ লার্ভার উপস্থিতি পেয়েছি। ডা. নাজমুল ইসলাম জানান, এডিস মশা খুবই স্বল্প জায়গায় লার্ভা ছড়াচ্ছে। যেমন-পার্কিংয়ে কিংবা গেটের নিচে সামান্য জায়গায় জমে থাকা পানিতে অনেক বেশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪২৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৯ জন। এর আগের দিন সোমবার ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৪৩৬ জন। এই নিয়ে চলতি মাসের ৪ দিনে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।
আর বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ১ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১০০ জন। আর অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫৬৯ জন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৮ জন ভর্তি রয়েছে। এর পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯ জন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ৯৮ জন ভর্তি রয়েছে।
অধিদফতরের তথ্য মতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৯ হাজার ৮৭১ জন। আর এই সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে মোট ৮ হাজার ১৪১ জন।

