মহেশখালীতে জামায়াত আমির
‘চোর ও লুণ্ঠনকারীদের পেটের ভেতর হাত দিয়ে টাকা বের করে আনা হবে’
কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিগত সরকার দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, যা দেশের বার্ষিক বাজেটের চার গুণেরও বেশি। তিনি বলেন, ক্ষমতায় এলে জনগণের অর্থ লুণ্ঠনের সঙ্গে জড়িতদের কাছ থেকে প্রতিটি টাকার হিসাব আদায় করা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহেশখালী–কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আজাদের সমর্থনে সভাটির আয়োজন করা হয়।
বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, জুলাইয়ের পরিবর্তন ও আন্দোলনের কারণেই আজ দেশে রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। শহীদদের আত্মত্যাগ না হলে দেশ অন্ধকারের গহ্বর থেকে বেরিয়ে আসতে পারত না বলেও মন্তব্য করেন তিনি।
যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দেশের তরুণরা ভিক্ষা বা বেকার ভাতা চায়নি, তারা সম্মানজনক কাজ চেয়েছে। জামায়াত সরকার গঠন করতে পারলে অপমানজনক ভাতার পরিবর্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। মহেশখালী ও কুতুবদিয়া এলাকায় বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলকে আন্তর্জাতিক মানের অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।
দেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করে জামায়াত আমির বলেন, সরকার না থাকলেও দেশের মানুষ শৃঙ্খলা বজায় রেখেছে, যা জাতির পরিপক্বতার প্রমাণ। তবে তিনি অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য নেতৃত্বের কারণে দেশ পিছিয়ে পড়েছে। নেতৃত্বের সংস্কার ছাড়া যুবসমাজের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচনে ভোট চেয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভোট কেবল একটি প্রতীক নয়, এটি স্বাধীনতা ও ভবিষ্যৎ নির্ধারণের হাতিয়ার। তিনি দাবি করেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল ও সার্বভৌম, যেখানে কোনো আধিপত্যবাদী শক্তির কাছে দেশ বন্ধক থাকবে না এবং অন্যায় চাপের কাছে মাথা নত করা হবে না।
মানবকণ্ঠ/আরআই




Comments