বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “আসন্ন ২৬-এর নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের হারানো ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের নির্বাচন এবং পরিবর্তনের নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন।”
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর সদর) আসনে জোটের প্রার্থী মুফতি আব্দুস সোবহানের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
আল্লামা মামুনুল হক আরও বলেন, “দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ভোটাধিকার ও ন্যায্য জীবনের অধিকার থেকে বঞ্চিত। তারা তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেনি। এই নির্বাচন সেই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটানোর ঐতিহাসিক সুযোগ। ইনশাআল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ এবং জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আবদুস সোবহান খান।
জনসভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান ও সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments