বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা ছড়ানো হয়েছে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমার এক্স আইডি হ্যাক করে সেখান থেকে অত্যন্ত নোংরা ম্যাসেজ দেওয়া হয়েছিল। আমাদের সাইবার টিম দ্রুত সেটি রিকভার করেছে এবং কারা, কোথা থেকে এটি করেছে—তাও শনাক্ত করেছে। সবকিছু স্পষ্ট হওয়ার পরও একটি রাজনৈতিক সংগঠন বিষয়টি নিয়ে এখন ব্যবসা করছে।”
তিনি আরও বলেন, “আমরা জামায়াতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না, এমনকি জামায়াতের বিজয়ও চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। দলীয়, গোষ্ঠীগত ও পরিবারতান্ত্রিক রাজনীতির বিজয়ে আমরা বিশ্বাস করি না। যারা পুরোনো পথে, অন্ধকার গলিতে হাঁটতে চায় তারা হাঁটুক—আমরা আলোকিত প্রধান সড়কে হাঁটবো।”
নারীদের সম্মান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “মা-বোনদের কাছে আমরা কৃতজ্ঞ। মায়ের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। কিন্তু কৃতজ্ঞচিত্তে সেই ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু মায়ের অপমান সহ্য করতে পারে না।”
তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের প্রতি সহিংস আচরণের ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
ডা. শফিকুর রহমানের জনসভাকে ঘিরে কিশোরগঞ্জ জেলাজুড়ে জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী।
ভোরের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হন। জনসভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং জেলার ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments