বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, "নারীরা আমাদের মায়ের জাতি। তাদের প্রতি আমাদের বাড়তি দায়িত্ব রয়েছে। আমরা ইনসাফ কায়েম করতে পারলে গৃহে চলাচল ও কর্মস্থলে—এই তিন ক্ষেত্রে মায়েদের শতভাগ নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করব।"
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক হয়ে দেশ গড়তে কাজ করবেন। রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম, বর্ণ বা জাত-পাতের ভিত্তিতে বৈষম্য করা হবে না। যোগ্যতা এবং দেশপ্রেম থাকলে যে কেউ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি বলেন, "আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এবং বিবেকের পথে চলি। অপপ্রচারের জবাব দেওয়ার সময় আমাদের নেই; আমরা কাজের মাধ্যমে জবাব দেব।"
গাজীপুরবাসীর উত্থাপিত সাত দফা দাবিকে ন্যায়সঙ্গত উল্লেখ করে জামায়াত আমীর বলেন, "জনগণ যদি ইনসাফের পক্ষে রায় দেয়, তবে গাজীপুরের প্রতি কোনো বেইনসাফি করা হবে না। বিশেষ করে রেলক্রসিংয়ে ওভারপাস না থাকায় সাধারণ মানুষ যে চরম দুর্ভোগ পোহাচ্ছে, তা ছয় মাসের মধ্যেই সমাধান করা সম্ভব। আমরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ১০০টির বেশি ওভারপাস নির্মাণের পরিকল্পনা হাতে নেব।"
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, সময় এলে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, "আমরা মতলববাদী বা নিজেদের ভাগ্য বদলের উন্নয়ন চাই না; আমরা ১৮ কোটি মানুষের ভাগ্য বদল করতে চাই। এই উন্নয়নের প্রধান কারিগর হবে আমাদের যুবসমাজ এবং অংশীদার হবেন কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষ।"
বক্তব্যের শেষে তিনি একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে উপস্থিত জনতার সমর্থন ও সহযোগিতা কামনা করেন। জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments