জামায়াতে ইসলামী হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির এবং কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, দেশে কোনো রাজনৈতিক সরকার চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি বন্ধ করতে পারেনি। এখন আমরা যাদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি, তারা ক্ষমতায় থাকতে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের আবার ভোট দিলে চাঁদাবাজি, দুর্নীতি, নৈরাজ্য সৃষ্টি হবে। আপনারা যদি একটি নিরাপদ উন্নত বাংলাদেশ চান তাহলে ১১ দলীয় জোটকে ভোট দিবেন। আমরা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে তারাশাইল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, জামায়াত একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা ইনসাফের সমাজ গঠনে কাজ করবো।
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে ও নাজমুল হক মোল্লা বাদলের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন ডাকসুর জিএস এসএম ফরহাদ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মোস্তফা নুরুজ্জামান খোকন প্রমুখ।




Comments