Image description

সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমি যেখানেই নির্বাচনী জনসভায় যাচ্ছি, সেখানেই আমাদের মা বেগম খালেদা জিয়া সেজে নারীরা হাজির হচ্ছেন। খালেদা জিয়া এখন বাংলাদেশের প্রতিটি মানুষের আদর্শ। তিনি এ দেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পেকুয়া উপজেলার উজানটিয়া ও মগনামা ইউনিয়নের যৌথ উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় লবণ চাষিদের দুর্দশার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এই অঞ্চলের অধিকাংশ মানুষ লবণ চাষি। অথচ বর্তমানে লবণের কোনো ন্যায্য মূল্য নেই। আমরা ঢাকা শহরে ১ কেজি লবণ ৪০ টাকায় কিনে খাই, অথচ আমার এলাকার চাষিরা পায় মাত্র ৪ থেকে ৫ টাকা। বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।”

বিএনপিকে গণতন্ত্রের বিকল্প নাম উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশ কীভাবে পরিচালিত হবে এবং সাধারণ মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন হবে, তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা আমরা দিয়েছি। আমরা দরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে দারিদ্র্য বিমোচন করব এবং সবার জন্য ‘হেলথ কার্ড’ ও কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তন করব।”

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন, মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর