Image description

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “দেশ পরিচালনা করতে হলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন। আর এই অভিজ্ঞতা কেবল বিএনপিরই আছে। অভিজ্ঞতা ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “বিগত সময়ে বিএনপি বারবার সফলতার সাথে দেশ পরিচালনা করেছে। বিএনপি দেশের অন্যতম জনপ্রিয় দল, যা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। সারাদেশে নির্বাচনী কাজে ঘুরে আমি মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, তাতে প্রমাণ হয়—আগামীতে বিএনপির সরকার গঠন কেবল সময়ের ব্যাপার। সারাদেশে বিএনপির বিজয়ের গণজোয়ার সৃষ্টি হয়েছে।”

তারেক রহমানের বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশেই আমি আজ এই জনসভায় উপস্থিত হয়েছি। তাঁর পক্ষ থেকে আমি ফজলুল হক মিলনের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ থেকে এই বিজয় নিশ্চিত করবেন।”

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম ফজলুল হক মিলন, শম্পা হক ও জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল হাসান মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক হাসনাত করিম খানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম কালীগঞ্জ উপজেলার সেক্রেটারি মুফতি মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার সাধারণ ভোটার জনসভায় অংশ নেন।

মানবকণ্ঠ/ডিআর