হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, “সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়। জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তারা দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় ‘হাদিস গ্রন্থ সহিহ বুখারি শরিফের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলেম সমাজের উদ্দেশে হেফাজত আমির বলেন, “মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি। আমার কাছে এটি কেবল নির্বাচন নয়, এটি জামায়াতের বিরুদ্ধে এক প্রকার ‘জিহাদ’। এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানান এবং তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর ছাড়াও এলাকার শীর্ষস্থানীয় আলেম-ওলামা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলেমদের এই প্রকাশ্য সমর্থন ফটিকছড়ির নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments