শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকারকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।
সারজিস আলম বলেন, “শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছেন। নির্বাচনের তারিখ ঘনিয়ে এলেও এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। একারণেই ছাত্র-জনতা আজ তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তরের যৌক্তিক দাবি জানিয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আজ ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালিয়েছে। এতে বহু মানুষ আহত ও রক্তাক্ত হয়েছেন। যে সরকার মানুষের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতে পারে না, তারা যখন আবার প্রতিবাদী জনতার ওপর দমন-পীড়ন চালায়, তখন তা চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।”
সারজিস আলম আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই স্পর্শকাতর হত্যাকাণ্ডের বিচার করতে পারছে না, তাই তাদের উচিত অবিলম্বে ব্যর্থতার দায় স্বীকার করে পুরো তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের হাতে তুলে দেওয়া। তবেই এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান সম্ভব হবে।”
পথসভায় এনসিপি’র স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সারজিস আলম আগামী নির্বাচনে ন্যায়বিচারের পক্ষে রায় দেওয়ার জন্য পঞ্চগড়বাসীর প্রতি আহ্বান জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments