Image description

ক্ষমতায় গেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত ১১-দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জনসভায় জামায়াত আমির বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে এলাকাবাসী একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। সেখানে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।”

এর আগে গত ৩১ জানুয়ারি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের এক নির্বাচনী জনসমাবেশে জামায়াতের নায়েবে আমির ও ওই আসনের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য করার ঘোষণাও দেন ডা. শফিকুর রহমান।

পরবর্তীতে ২ ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত এক জনসভায় তিনি জানান, মহেশখালী-কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ নির্বাচিত হলে তাকেও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। তিনি হামিদুর রহমান আযাদকে ওই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়াও গত ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত এক জনসভায় জামায়াত আমির বলেন,
“১০ দলীয় ঐক্য সরকার গঠিত হলে এবং এই আসনে আপনারা প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানকে নির্বাচিত করলে, এলাকাবাসী একজন মন্ত্রী পাবে।”

মানবকণ্ঠ/আরআই