নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলায় রাতের আঁধারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অগ্নিসংযোগের শিকার ভোটকেন্দ্রগুলো হলো সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, সোমবার রাত ২টা থেকে ভোরের মধ্যে যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বিদ্যালয়ের কক্ষে নিক্ষেপ করে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কেন্দ্রগুলোতে আতঙ্কের সৃষ্টি হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে অগ্নিসংযোগের শিকার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
মানবকণ্ঠ/আরআই




Comments