ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটকেন্দ্রে আসার পর প্রথমে লাইনে দাঁড়ান সারজিস। প্রায় ১০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোটারদের সম্মতিতে তিনি ভোটকক্ষে প্রবেশ করেন।
ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় বিএনপির লোকজন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সহনশীল আচরণ প্রয়োজন। যদি কেউ ভোট প্রভাবিত করতে চায়, আমরা প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখব। প্রশাসন ব্যর্থ হলে ভোটকে কোনোভাবে প্রভাবিত করে আমরা কাউকে জয়ী হতে দেব না। আমরা চাই ভোট গ্রহণে দায়িত্বে থাকা কর্মকর্তারা পেশাদারিত্ব বজায় রাখুন।”
মানবকণ্ঠ/আরআই




Comments