Image description

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন, আশুগঞ্জ উপজেলায় ৮টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং সেখানে ‘সিলমার’ বা অনিয়মের আশঙ্কা আছে। তিনি বলেন, বিষয়টি আগেই প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। ভোট গ্রহণ শুরু হয়েছে কিছুক্ষণ আগে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ তথ্যও জানান তিনি।

প্রার্থী অভিযোগ করেন, আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তাঁর দুই কর্মী কেন্দ্রের আশপাশে অবস্থান করছিলেন। তাদের অনুপ্রবেশকারী মনে করে প্রশাসন কারাদণ্ড দিয়েছে। বিষয়টি ভুল বোঝাবুঝির ফল এমন দাবি করেন তিনি। প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন।

এদিকে অভিযোগের মধ্যেও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ওই প্রার্থী। তিনি বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। আমি ফলাফল নিয়ে আশাবাদী।

শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোঃ মহসিন জানান, স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৯ টায় ব্যারিস্টার রুমিন ফারহানা ভোট প্রদান করেছেন। সকাল পৌনে দশটা অব্দি ৪৬২ টি ভোট কাস্টিং হয়েছে। তবে এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৩ শত ৪৫টি। আশা করি ভোট বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। জোটের স্বার্থে আসনটি ছেড়ে দিলে এখন এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব। রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল তাকে বহিষ্কার করে। 

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কর্মীকে জরিমানার ঘটনায় রুমিন ফারহানার সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডা হয়, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।