Image description

নির্বাচনে জয়ী হওয়াটাই একমাত্র বিজয় নয়; বরং যে আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পায়, সেখানে সাহসের সাথে দাঁড়িয়ে থাকাটাই বড় অর্জন বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

মেঘনা আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, "নির্বাচনী প্রচারণার সময় পুলিশ আমাকে নিরাপত্তা দিলেও স্থায়ীভাবে কোনো গানম্যান দেওয়া হয়নি। বারবার আবেদন করার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের দোহাই দিয়ে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ যাদের অর্থ এবং পেশিশক্তি আছে, তাদের জন্য গানম্যান পাওয়া কোনো বিষয়ই নয়।" একজন বৈধ প্রার্থী হিসেবে নিরাপত্তা পাওয়া নাগরিক অধিকার উল্লেখ করে তিনি একে দেশের জন্য দুঃখজনক বলে অভিহিত করেন।

নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই নারী নেত্রী বলেন, "নির্বাচন কমিশনের দায়িত্ব একটি স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা দেখেছি অনেক প্রার্থী নিয়ম-নীতির কোনো তোয়াক্কা করেননি। আমি অন্যান্যদের তুলনায় মাত্র ২ শতাংশ প্রচারণা চালাতে পেরেছি, তবুও আমি দমে যাইনি।"

নিজের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে ভোট দিতে পেরে আবেগাপ্লুত মেঘনা আলম বলেন, "যে স্কুল ও মাঠে আমি পড়াশোনা এবং খেলাধুলা করেছি, সেখানেই আজ সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।"

তিনি আরও জানান, ভোটের ফলাফল যাই হোক না কেন, প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে সাড়া তিনি পেয়েছেন এবং যে সাহস দেখিয়েছেন, সেটিকেই তিনি তার নৈতিক বিজয় হিসেবে দেখছেন।

মানবকণ্ঠ/ডিআর