Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এখন পর্যন্ত পাওয়া ৩টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ধানের শীষের প্রার্থীর চেয়ে ৫৪৭ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, দাঁড়িয়ে পাল্লা প্রতীক নিয়ে ডা. শফিকুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১০০ ভোট।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে মোট ১২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এছাড়া এই আসনে তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, যেখানে মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন।

শান্তিপূর্ণ পরিবেশের দাবি করা হলেও বেশ কিছু কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে ছোট-বড় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি স্থানে জাল ভোট প্রদান এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা-১৫ আসনের কেন্দ্রগুলোতে এখন ভোট গণনা চলছে। ডা. শফিকুর রহমানের এই প্রাথমিক অগ্রগামিতা জামায়াত শিবিরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

মানবকণ্ঠ/ডিআর